
বিশেষ সংবাদদাতা
দেশের রফতানি আয়ের প্রধান চালিকাশক্তি তৈরী পোশাক খাতে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধির গতি ফিরেছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে এ খাত থেকে রফতানি আয় হয়েছে ১০ হাজার ৫৪৫.১৬ মিলিয়ন বা এক হাজার ৫৪৫ কোটি ১৬ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৬.২৫ শতাংশ। আগের প্রান্তিক এপ্রিল-জুনের তুলনায় প্রবৃদ্ধি ৪.৪৩ শতাংশ। একই সময়ে পোশাকের কাঁচামাল আমদানি বাদ দিয়ে নিট রফতানি আয় দাঁড়িয়েছে ছয় হাজার ৭৭০.০৯ মিলিয়ন ডলার, যা মোট পোশাক রফতানির ৬৪.২০ শতাংশ।
তবে এই প্রবৃদ্ধির আড়ালে রয়েছে কয়েকটি কাঠামোগত দুর্বলতা। বাংলাদেশের পোশাক রফতানির ৭২ শতাংশের বেশি এখনো নির্ভরশীল মাত্র ৯টি দেশের বাজারের ওপর। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের কয়েকটি দেশের বাজারে চাহিদার ওঠানামা বাংলাদেশের রফতানি আয়ে বড় প্রভাব ফেলতে পারে। আবার প্রবৃদ্ধির বড় অংশ এসেছে নিটওয়্যার খাত থেকে; ওভেন পোশাকের আয় বাড়লেও তার গতি তুলনামূলক কম। বৈশ্বিক পোশাকের চাহিদা, যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা- সবমিলিয়ে প্রবৃদ্ধি কতটা টেকসই হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের এক্সটার্নাল ইকোনমিকস উইংয়ের গতকাল প্রকাশিত ছঁধৎঃবৎষু জবারবি ড়ভ জবধফুসধফব এধৎসবহঃং (জগএ), ঔঁষু-ঝবঢ়ঃবসনবৎ ড়ভ ঋণ২৭ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক পোশাকের বাজারে সাময়িক চাহিদা পুনরুদ্ধার, প্রধান বাজারগুলোতে চালান বৃদ্ধি এবং পণ্য জাহাজীকরণের অনুকূল সময়সূচি প্রথম প্রান্তিকের প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তবে এই প্রবৃদ্ধিকে এখনই বৈশ্বিক চাহিদার দীর্ঘমেয়াদি পুনরুদ্ধারের প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে না। প্রতিবেদনের মূল্যায়ন অনুযায়ী, প্রবৃদ্ধির একটি অংশ এসেছে ভিত্তি-প্রভাব ও চালান পাঠানোর সময়সূচির কারণে।
রজশানির ৮০.৭৯ শতাংশই পোশাক খাতের
প্রথম প্রান্তিকে বাংলাদেশের মোট রজশানি আয় হয়েছে ১৩ হাজার ৫৩.১৫ মিলিয়ন ডলার। এর মধ্যে তৈরী পোশাকের অবদান ১০ হাজার ৫৪৫.১৬ মিলিয়ন ডলার, অর্থাৎ মোট রফতানির ৮০.৭৯ শতাংশ। এই নির্ভরতা দেশের রফতানি অর্থনীতিতে পোশাক খাতের অপরিহার্যতা যেমন তুলে ধরে, তেমনি একটি খাতের ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকিও স্পষ্ট করে।
প্রতিবেদনে অর্থবছর ২০২৫-২৬-এর হিসাব অনুযায়ী, পোশাক খাত দেশের নামমাত্র মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৭.৮২ শতাংশ অবদান রেখেছে। ওই অর্থবছরে পোশাক রফতানি আয় ছিল ৩৮ হাজার ৯৬৯.৭২ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের তুলনায় এ আয় কমেছিল ০.৯৬ শতাংশ। অর্থাৎ আগের অর্থবছরে খাতটির রফতানি আয়ে যে স্থবিরতা দেখা দিয়েছিল, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তা থেকে কিছুটা উত্তরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তবে এক প্রান্তিকের প্রবৃদ্ধি দিয়ে পুরো অর্থবছরের সম্ভাবনা নির্ধারণ করা যায় না। বিশেষত, আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের অর্ডার, পণ্যের মূল্য, উৎপাদন ব্যয়, জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যনীতির পরিবর্তন পোশাক রফতানির গতিপথ দ্রুত বদলে দিতে পারে। ফলে রফতানি আয় বৃদ্ধির পাশাপাশি অর্ডারের পরিমাণ, প্রতি ইউনিট পণ্যের মূল্য, উৎপাদন সক্ষমতার ব্যবহার এবং নতুন বাজারে প্রবেশের অগ্রগতি পর্যবেক্ষণ জরুরি।
নিটওয়্যারে প্রবৃদ্ধি বেশি, ওভেনে গতি কম
প্রথম প্রান্তিকে নিটওয়্যার রফতানি আয় হয়েছে পাঁচ হাজার ৯৪৪ মিলিয়ন ডলার। আগের প্রান্তিকের পাঁচ হাজার ৪৯৯.৬২ মিলিয়ন ডলারের তুলনায় বেড়েছে ৮.০৮ শতাংশ। আর আগের অর্থবছরের একই প্রান্তিকের পাঁচ হাজার ৫৫৪.২৪ মিলিয়ন ডলারের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৭.০২ শতাংশ।
অন্য দিকে ওভেন পোশাক রফতানি থেকে আয় হয়েছে চার হাজার ৬০১.১৬ মিলিয়ন ডলার। আগের প্রান্তিকের চার হাজার ৫৯৮.৬৭ মিলিয়ন ডলারের তুলনায় প্রবৃদ্ধি মাত্র ০.০৫ শতাংশ। তবে আগের অর্থবছরের একই প্রান্তিকের চার হাজার ৩৭০.৯৪ মিলিয়ন ডলারের তুলনায় বেড়েছে ৫.২৭ শতাংশ।
অর্থাৎ বছরওয়ারি হিসাবে উভয় উপ খাতেই প্রবৃদ্ধি রয়েছে; কিন্তু প্রান্তিকভিত্তিক তুলনায় নিটওয়্যার এগিয়েছে অনেক বেশি। প্রথম প্রান্তিকে মোট পোশাক রফতানির ৫৬.৩৭ শতাংশ এসেছে নিটওয়্যার থেকে এবং ৪৩.৬৩ শতাংশ ওভেন পোশাক থেকে। দেশের মোট রফতানি আয়ের হিসাবে নিটওয়্যারের অবদান ৪৫.৫৪ শতাংশ এবং ওভেনের ৩৫.২৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণে নিটওয়্যারের প্রবৃদ্ধির পেছনে আন্তর্জাতিক বাজারে সাময়িক চাহিদা পুনরুদ্ধার, প্রধান বাজারগুলোতে চালান বৃদ্ধি এবং জাহাজীকরণের অনুকূল সময়কে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বৈশ্বিক পোশাকের চাহিদা এখনো পুরোপুরি শক্তিশালী নয়। প্রতিযোগী দেশগুলোর সাথে প্রতিযোগিতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তাও রফতানিকারকদের জন্য চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
ওভেন খাতের প্রবৃদ্ধি তুলনামূলক কম হওয়ার বিষয়টিও গুরুত্বের সাথে দেখা প্রয়োজন। কারণ বাংলাদেশের পোশাক রফতানিতে নিটওয়্যার ও ওভেন- দুই উপ খাতই গুরুত্বপূর্ণ। একটির ওপর অধিক নির্ভরতা তৈরি হলে বাজার বা পণ্যের চাহিদায় পরিবর্তন এলে পুরো খাতের রফতানি আয় ঝুঁকিতে পড়তে পারে।
কাঁচামাল আমদানি বাদে নিট রফতানি আয় ৬৭৭ কোটি ডলার
পোশাক রফতানির মোট আয় দিয়ে খাতটির প্রকৃত বৈদেশিক মুদ্রা অবদান পুরোপুরি বোঝা যায় না। কারণ উৎপাদনের জন্য তুলা, সুতা, কৃত্রিম ও ভিসকস ফাইবার, কাপড় এবং অন্যান্য উপকরণ আমদানি করতে হয়। এসব কাঁচামাল আমদানির ব্যয় বাদ দিলে নিট রফতানি আয়ের চিত্র পাওয়া যায়।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, জুলাই-সেপ্টেম্বর সময়ে পোশাক খাতের জন্য নির্ধারিত কাঁচামাল আমদানির মূল্য ছিল তিন হাজার ৭৭৫.০৭ মিলিয়ন ডলার। এটি মোট পোশাক রফতানি আয়ের ৩৫.৮০ শতাংশ। ফলে কাঁচামাল আমদানি বাদ দিয়ে নিট রফতানি আয় দাঁড়িয়েছে ছয় হাজার ৭৭০.০৯ মিলিয়ন ডলার। আগের প্রান্তিকের তুলনায় এ আয় বেড়েছে ৮.৬৯ শতাংশ এবং আগের অর্থবছরের একই প্রান্তিকের তুলনায় বেড়েছে ১১.২০ শতাংশ।
নিট রফতানি আয়ের অনুপাতও বেড়েছে। প্রথম প্রান্তিকে মোট পোশাক রফতানি আয়ের ৬৪.২০ শতাংশ ছিল নিট রফতানি আয়। আগের অর্থবছরের একই প্রান্তিকে এই অনুপাত ছিল ৬১.৩৪ শতাংশ। অর্থাৎ মোট রফতানি আয়ের তুলনায় কাঁচামাল আমদানির ব্যয় কম থাকায় নিট বৈদেশিক মুদ্রা আয় বেড়েছে।
গত কয়েক বছরের তথ্যেও এই অনুপাতের উন্নতি দেখা যায়। ২০২৩ অর্থবছরে-এর প্রথম প্রান্তিকে নিট রফতানি আয় ছিল মোট পোশাক রফতানির ৪৮.৭১ শতাংশ। পরবর্তী সময়ে তা ওঠানামা করে ২০২৬ অর্থবছরে-এর প্রথম প্রান্তিকে ৬১.৩৪ শতাংশে পৌঁছায়। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তা আরও বেড়ে ৬৪.২০ শতাংশ হয়েছে।
তবে এই হিসাবকে পোশাক খাতের পূর্ণাঙ্গ মূল্য সংযোজন হিসেবে বিবেচনা করা যাবে না। বাংলাদেশ ব্যাংক এখানে কাঁচামালের নির্দিষ্ট কয়েকটি শ্রেণী- কাঁচা তুলা, সিনথেটিক ও ভিসকস ফাইবার, সিনথেটিক ও মিশ্র সুতা, তুলার সুতা, টেক্সটাইল কাপড় এবং পোশাকের আনুষঙ্গিক উপকরণের আমদানি মূল্য বিবেচনা করেছে। ব্যাক-টু-ব্যাক এলসির মোট মূল্যকে সরাসরি কাঁচামাল আমদানি হিসেবে ব্যবহার করা হয়নি। ফলে অন্যান্য আমদানিনির্ভর ব্যয়, জ্বালানি, পরিবহন, অর্থায়ন ও সেবা ব্যয় এই হিসাবের বাইরে রয়েছে।
তারপরও নিট রফতানি আয়ের অনুপাত বৃদ্ধি খাতটির বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে ইতিবাচক সঙ্কেত। কিন্তু দীর্ঘমেয়াদে এই অবস্থান ধরে রাখতে স্থানীয় কাঁচামাল উৎপাদন, টেক্সটাইল ও অ্যাকসেসরিজ শিল্পের সক্ষমতা বাড়ানো এবং উৎপাদনশীলতা উন্নয়নের প্রয়োজন রয়েছে।
৯টি বাজারে ৭২ শতাংশের বেশি রফতানি
বাংলাদেশের পোশাক রফতানির সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি বাজারের অতিরিক্ত কেন্দ্রীভবন। জুলাই-সেপ্টেম্বর ঋণ২৭ সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স, কানাডা, ইতালি ও বেলজিয়াম- এই ৯টি দেশে পোশাক রফতানি হয়েছে সাত হাজার ৬০৩.৭৪ মিলিয়ন ডলার। মোট পোশাক রফতানির ৭২.১১ শতাংশ এসেছে এসব বাজার থেকে।
এই ৯টি দেশের বাজারে পোশাক রফতানি আগের প্রান্তিকের তুলনায় ৫.০৩ শতাংশ এবং আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬.২৯ শতাংশ বেড়েছে। তবে বাজারভেদে প্রবৃদ্ধির চিত্র এক নয়।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক রফতানি বাজার। প্রথম প্রান্তিকে দেশটিতে রফতানি হয়েছে দুই হাজার ২১৩.৭৭ মিলিয়ন ডলারের পোশাক। দেশটিতে বাংলাদেশের মোট রফতানির ৮৫.৬৯ শতাংশই তৈরী পোশাক। যুক্তরাজ্যে রফতানি হয়েছে এক হাজার ২৮৮.৫৩ মিলিয়ন ডলার; সেখানে মোট রফতানির ৯৪.৩২ শতাংশ পোশাক। স্পেনে রফতানি হয়েছে এক হাজার ১৪৪.৭৫ মিলিয়ন ডলার, যার ৯৫.৭৯ শতাংশই পোশাক।
জার্মানিতে পোশাক রফতানি হয়েছে এক হাজার ১১৯.৪৬ মিলিয়ন ডলার। দেশটিতে বাংলাদেশের মোট রফতানির ৯২.১৩ শতাংশ পোশাক খাত থেকে এসেছে। নেদারল্যান্ডসে রফতানি হয়েছে ৫৯৫.৬৭ মিলিয়ন ডলার, ফ্রান্সে ৪৪৭.৯১ মিলিয়ন, কানাডায় ৩৪৮.৫৩ মিলিয়ন, ইতালিতে ৩১৫.৪৩ মিলিয়ন এবং বেলজিয়ামে ১২৯.৭০ মিলিয়ন ডলার।
এই পরিসংখ্যান দেখায়, বাংলাদেশের পোশাক রফতানি শুধু কয়েকটি বাজারে কেন্দ্রীভূত নয়; এসব দেশের সাথে মোট রফতানির সম্পর্কও অত্যন্ত পোশাকনির্ভর। ফলে কোনো বড় বাজারে শুল্কনীতি পরিবর্তন, ক্রেতাদের অর্ডার কমানো, ভোক্তা চাহিদা সঙ্কুচিত হওয়া কিংবা রাজনৈতিক ও বাণিজ্যিক বিরোধ তৈরি হলে তার প্রভাব শুধু পোশাক খাতেই সীমাবদ্ধ থাকবে না; দেশের সামগ্রিক রফতানি আয় ও বৈদেশিক মুদ্রা প্রবাহেও পড়তে পারে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, প্রথম প্রান্তিকে কয়েকটি বড় ইউরোপীয় ও উত্তর আমেরিকান বাজারে চালান কমেছে। অর্থাৎ সামগ্রিক রফতানি প্রবৃদ্ধি থাকলেও সব বাজারে সমানভাবে চাহিদা বাড়েনি। বাজারভিত্তিক এই বৈপরীত্য রফতানির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তৈরি করে।
যুক্তরাষ্ট্রের বাজারে বড় নির্ভরতা, নীতিগত অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় একক বাজার। প্রথম প্রান্তিকে সেখানে রফতানি আয় দুই হাজার ২১৩.৭৭ মিলিয়ন ডলার। এর মধ্যে ওভেন পোশাক এক হাজার ৩৩৫.৪০ মিলিয়ন ডলার এবং নিটওয়্যার ৮৭৮.৩৭ মিলিয়ন ডলার। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ওভেন পোশাকের অবস্থান তুলনামূলক শক্তিশালী।
অন্য দিকে ইউরোপের বড় বাজারগুলোতে নিটওয়্যারের অবদান বেশি। জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসে নিটওয়্যার রফতানির পরিমাণ ওভেনের চেয়ে বেশি। বাজার ও পণ্যের এই পার্থক্য রফতানিকারকদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তাকে খাতটির অন্যতম চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে। তবে প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক পরিবর্তনের নির্দিষ্ট পরিমাণ, কার্যকর হওয়ার সময় বা বাংলাদেশী পোশাকের ওপর সম্ভাব্য আর্থিক ক্ষতির হিসাব দেয়া হয়নি। তাই শুল্কঝুঁকির সম্ভাব্য প্রভাব নিয়ে নীতিনির্ধারণী আলোচনা প্রয়োজন হলেও নির্দিষ্ট ক্ষতির অঙ্ক এই প্রতিবেদনের তথ্য দিয়ে নির্ধারণ করা যায় না।
প্রণোদনা ও ঋণসুবিধা আছে, কিন্তু প্রতিযোগিতার চাপও বাড়ছে
পোশাক খাতের উৎপাদন ও রফতানি বাড়াতে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে ঋণ, পুনঃঅর্থায়ন ও প্রণোদনা কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে প্রি-শিপমেন্ট ক্রেডিট, এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি-ফাইন্যান্স ফান্ড, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড এবং গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড।
কোভিড-১৯-এর প্রভাব মোকাবেলায় রফতানিমুখী শিল্পের প্রি-শিপমেন্ট ঋণের জন্য বাংলাদেশ ব্যাংক ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি টাকার ঘূর্ণায়মান পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছিল। গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদহার প্রথমে ৬ শতাংশ নির্ধারণ করা হলেও পরে তা কমিয়ে ৩.৫ শতাংশ করা হয়। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুদহারও কমিয়ে ০.৫ শতাংশ করা হয়েছিল। এই কর্মসূচির মেয়াদ পাঁচ বছর বাড়ানোর কথাও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
রফতানিমুখী শিল্পের কাঁচামাল সংগ্রহে অর্থায়ন সুবিধা দিতে ২০২৩ সালের জানুয়ারিতে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি টাকার এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি-ফাইন্যান্স ফান্ড গঠন করা হয়। এ তহবিল থেকে নির্দিষ্ট শর্তে রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠান কাঁচামাল আমদানি বা স্থানীয়ভাবে সংগ্রহের বিপরীতে অর্থায়ন পেতে পারে। অন্যদিকে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের মাধ্যমে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো রফতানিমুখী উৎপাদকদের কাঁচামাল সংগ্রহের জন্য বৈদেশিক মুদ্রায় ঋণসুবিধা দেয়।
পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তি ব্যবহারে সহায়তার জন্য স্থানীয় মুদ্রায় ৫০ বিলিয়ন টাকার গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড রয়েছে। এর লক্ষ্য রফতানিমুখী উৎপাদকদের পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে মূলধনী যন্ত্রপাতি ও আনুষঙ্গিক উপকরণ আমদানিতে পুনঃঅর্থায়ন সুবিধা দেয়া।
এসব উদ্যোগের লক্ষ্য উৎপাদন ব্যয় ও অর্থায়নের চাপ কমানো, রফতানি সক্ষমতা বাড়ানো এবং পরিবেশগত মান উন্নত করা। তবে প্রতিবেদনে এসব তহবিলের বর্তমান ব্যবহার, প্রকৃত সুবিধাভোগী প্রতিষ্ঠানের সংখ্যা, ঋণ বিতরণের পরিমাণ, খেলাপি বা অনাদায়ী ঋণ এবং রফতানি বৃদ্ধিতে তহবিলগুলোর পৃথক অবদান সম্পর্কে হালনাগাদ পরিসংখ্যান নেই। ফলে এসব কর্মসূচি কতটা কার্যকর হচ্ছে, তা মূল্যায়নের জন্য পৃথক তথ্য প্রকাশ জরুরি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









