নিউ ইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধের ঘোষণা মামদানির
ads

বিবিসি
কেউ বলে ‘গ্ল্যাডিয়েটর স্কুল’, কেউ বলে ‘টর্চার আইল্যান্ড’ বা নির্যাতনের দ্বীপ। এমনই সব তকমা পাওয়া নিউ ইয়র্কের কুখ্যাত ‘রাইকার্স আইল্যান্ড কারাগার’ অবশেষে বন্ধ করে দেয়া হচ্ছে।  নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি গত শুক্রবার ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার কমপ্লেক্স বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন।
পরিকল্পনা অনুযায়ী ভিন্ন এলাকায় চারটি নতুন কারাগার নির্মাণ এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরটিতে বন্দী ব্যক্তির সংখ্যা কমিয়ে আনা হবে। কারাগারটি বন্ধ করে দেয়ার পরিকল্পনা ২০১৯ সাল থেকে শুরু হয়। সে বছরই নিউ ইয়র্ক সিটি কাউন্সিল প্রথমবারের মতো কারাগারটি চলতি বছরের মধ্যে বন্ধ করে দেয়ার পক্ষে ভোট দিয়েছিল।
তবে বন্দীদের স্থানান্তর ও ব্যবস্থাপনাগত জটিলতার কারণে ওই পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হচ্ছিল। মেয়র মামদানি এই বিলম্বের জন্য সাবেক মেয়র এরিক অ্যাডামসের প্রশাসনের ধীরগতির পাশাপাশি করোনা ভাইরাস মহামারীকে দায়ী করেছেন। ‘ক্লোজ রাইকার্স জার’ বা রাইকার্স কারাগার বন্ধের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডানা কাপলান শুক্রবার বিবিসিকে বলেন, “মেয়র মামদানির নতুন পরিকল্পনার উদ্দেশ্য শুধু একটি জরাজীর্ণ কারাগার বন্ধ করা নয়। এটি একটি ‘প্রজন্মান্তরের সুযোগ’।” ডানা কাপলান বলেন, ‘এর মাধ্যমে একটি ভিন্নতর বন্দি ব্যবস্থা গড়ে তোলা এবং মানুষকে আরো উপযুক্ত ও মানবিক উপায়ে বন্দী রাখার সুযোগ তৈরি হবে।’
রাইকার্স কারাগারটি ৪১৩ একর আয়তনের। নিউ ইয়র্কের কুইন্স ও ব্রঙ্কস এলাকার মাঝখানে রাইকার্স দ্বীপে অবস্থিত কারাগারটিতে ছয় হাজার ৫০০ জনের বেশি বন্দী থাকেন। বিচারের অপেক্ষায় থাকা বেশ কয়েকজন আলোচিত বন্দীকে এই কারাগারে রাখা হয়েছিল।