মনিপুরে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০
ads

ইন্ডিয়া টুডে
ভারতের মনিপুর রাজ্যে বিষাক্ত মদপানের ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জনেরও বেশি মানুষ। স্থানীয়ভাবে তৈরি মদপানের পর মিথানল বিষক্রিয়ায় এই প্রাণহানি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ এখনো মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করেনি। এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ বিরাজ করছে।
রাজ্যের চান্দেল জেলায় গত ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। গত ৪৮ ঘণ্টায় আক্রান্তদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীদের বেশির ভাগই চান্দেল জেলার চাকপি কারং ও এর আশপাশের এলাকার বাসিন্দা, যাদের মধ্যে প্রাপ্তবয়স্ক ও মধ্যবয়সী ব্যক্তিরা রয়েছেন। জেলা পুলিশের তথ্যানুসারে, কথিত বিষাক্ত মদপানের পর কয়েকজন নিজ বাড়িতেই প্রাণ হারান। বাকিদের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পথে অথবা চাকপি কারংয়ের কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায়। পুলিশ আরো জানিয়েছে, ভুক্তভোগীরা যে মদপান করেছিলেন বলে অভিযোগ উঠেছে, সেটি চান্দেল জেলায় তৈরি বা চোলাই করা হয়নি; বরং পাশের কাকচিং জেলার সুগনু এলাকা থেকে তা আনা হয়েছিল। পাশাপাশি এ ঘটনায় যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য না ছড়াতে সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।
এ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার জনস্বাস্থ্যবিষয়ক একটি সতর্কতা জারি করেন চান্দেলের উপকমিশনার। সেখানে উল্লেখ করা হয়, মৃত্যুর আসল কারণ এখনো চিকিৎসাগত ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থানীয়ভাবে প্রস্তুতকৃত মদ এবং সন্দেহজনক উৎস থেকে আসা যেকোনো ধরনের মদ্যপান থেকে দূরে থাকতে বাসিন্দাদের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। এ ছাড়া মদপানের পর বমি, পেটব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসা বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিলে কালবিলম্ব না করে চিকিৎসকের কাছে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে, গত বৃহস্পতিবার ইম্ফল পশ্চিমের শিজা হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠান এবং ইম্ফল পূর্বের বাবিনা হাসপাতাল পরিদর্শন করেন মনিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং। সেখানে ভেজাল মদপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এবং রোগীদের চিকিৎসার সার্বিক বিষয়ে অবগত হন। চিকিৎসাধীন ব্যক্তিদের রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দেয়ার পাশাপাশি তাদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।