
সিএনএন
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের দেশব্যাপী ব্যবহৃত অপরাধসংক্রান্ত তথ্যভাণ্ডার ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারে (এনসিআইসি) আবারো সাইবার হামলার ঘটনা ঘটেছে। স্পর্শকাতর এই ডেটাবেজে হ্যাকারদের অনুপ্রবেশের আশঙ্কায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংস্থাটি। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি জানিয়েছেন গত কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এনসিআইসিতে অনুপ্রবেশ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে তথ্য বিনিময়ের অন্যতম প্রধান মাধ্যম হলো এনসিআইসি। গ্রেফতারি পরোয়ানা যাচাই, সন্দেহভাজনদের অপরাধের পূর্বরেকর্ড এবং আইনশৃঙ্খলাসংক্রান্ত নানান তথ্য অনুসন্ধানে সারা দেশে এই তথ্যভাণ্ডারটি ব্যবহৃত হয়। সাম্প্রতিক দিনগুলোতে নতুন এই সাইবার হামলার বিষয়টি জানাজানি হয়। এমন এক সময়ে এ ঘটনা ঘটল, যখন দেশটির ব্যাংকিং খাত, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) আকাশপথ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে ধারাবাহিকভাবে সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিচ্ছে। গত বৃহস্পতিবার নতুন এই সাইবার নিরাপত্তা ঘটনার বিষয়ে এফবিআই কর্মকর্তারা অবগত হন। এরপর সংস্থাটির পরিচালক কাশ প্যাটেল ফক্স নিউজে উপস্থিত হয়ে এফবিআইয়ের সাইবার নিরাপত্তা কার্যক্রমের প্রশংসা করেন।
সেখানে তিনি কয়েক মাস আগে পরিচালিত ‘অপারেশন উইন্টার শিল্ড’ নিয়েও আলোচনা করেন। বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের প্রযুক্তিগত ব্যবস্থা হালনাগাদ করতে উৎসাহিত করাই ছিল ওই অভিযানের মূল উদ্দেশ্য, যাতে হ্যাকাররা সংবেদনশীল তথ্য চুরি করতে না পারে। অভিযানটি এখনো অব্যাহত রয়েছে বলে জানান প্যাটেল। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় সিস্টেম হালনাগাদের পদক্ষেপ নেয়ায় বর্তমান প্রশাসনেরও প্রশংসা করেন তিনি।
তবে এফবিআইয়ের সাইবার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে উদ্বেগ নতুন কোনো বিষয় নয়। গত সেপ্টেম্বরে ‘শাইনিহান্টার্স’ নামের একটি হ্যাকার গোষ্ঠী সংস্থাটির চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে কর্মীদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করে। ওই হামলায় জড়িত থাকার অভিযোগে কানাডার এক সাইবার নিরাপত্তা গবেষক ও লেখককে গ্রেফতার করা হয়েছে। এরও আগে ২০২৩ সালে আরেকটি সাইবার হামলায় এফবিআইয়ের নিউ ইয়র্ক ফিল্ড অফিসের একটি কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করেছিল হ্যাকাররা। শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত তদন্তের কাজে ব্যবহৃত হতো ওই সিস্টেমটি। সিএনএনের আগের এক প্রতিবেদন অনুযায়ী, জেফরি এপস্টেইন তদন্তের সাথে যুক্ত ছবি সংরক্ষণের একটি ব্যবস্থাও ওই সিস্টেমের অধীনে ছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









