
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ দলের চলতি দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশের তিন সংস্করণে তিন অধিনায়ক পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। চোটে পড়ায় টেস্ট ও ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন কেশব মহারাজ। টি-২০ দলকে নেতৃত্ব দেবেন বিয়র্ন ফরতেইন। দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে তিন অধিনায়কের নাম ঘোষণা করেছে।
একই সঙ্গে সেঞ্চুরিয়ন টেস্টে রাবাদার বদলি ক্রিকেটারের নামও জানিয়েছে সিএসএ। দ্বিতীয় টেস্টের দলে বাভুমার জায়গায় ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সেনুরান মুথুসামি। সর্বশেষ সাদা পোশাকে খেলেছেন গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে তার একটি টেস্ট খেলার অভিজ্ঞতাও আছে। সেই ম্যাচে একমাত্র ইনিংসে অপরাজিত ৬৮ রান করার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন পাঁচ উইকেট। ওয়ানডে দলে জায়গা পেয়েছেন দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফেরা লুঙ্গি এনগিডি ও এনরিখ নরকিয়া।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের দল : মার্কোস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হার্মার, জুবাইর হামজা, মার্কো ইয়ানসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), ভিয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, সেনুরান মুথুসামি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









