রাজনৈতিক মোকাবেলায় মাঠে নামছে এনসিপি
ads

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে হামলা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও প্রাণনাশের হুমকির ধারাবাহিকতায় বাড়ছে রাজনৈতিক উদ্বেগ। চব্বিশের গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলা এবং বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। পরিস্থিতি মোকাবেলায় সরকারের পদক্ষেপের অপেক্ষায় না থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। দলটি ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে।
গত ১০ নভেম্বর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, রাজনৈতিক নেতাদের বাড়িঘর, দলীয় কার্যালয়, থানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটছে। এসব ঘটনায় প্রাণহানির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
গত বৃহস্পতিবার এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠকে চলমান পরিস্থিতি, দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা ও আওয়ামী লীগের তৎপরতা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেন। দাবিগুলো হলো- আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।
হামলার লক্ষ্য এনসিপির নেতারা : সাম্প্রতিক সময়ে এনসিপির কয়েকজন নেতা ও সংসদ সদস্যের ওপর হামলা এবং হুমকির ঘটনা দলটির উদ্বেগ বাড়িয়েছে। গত ১০ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাপাতি নিয়ে হামলার শিকার হন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলাম। নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিন দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
১১ নভেম্বর দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। নুসরাত ও দলীয় নেতাদের অভিযোগ, বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।
১৩ নভেম্বর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেন। তার দাবি, টানা সাত দিন ফোন ও হোয়াটসঅ্যাপে হুমকি দেয়া হচ্ছিল। ১৫ নভেম্বর জাতীয় সংসদে অবস্থানকালেও তাকে ফোন করে দেশ ছাড়ার হুমকি দেয়া হয়।
১৪ নভেম্বর যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ^বিদ্যালয়ে মতবিনিময় অনুষ্ঠান শেষে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এর দুই দিন পর ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের রমফোর্ডে তার নাগরিক সংবর্ধনা শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা ও সংঘর্ষে পাঁচজন আহত হন। তাদের কিংস কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সর্বশেষ বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের বেলকুচির শেরনগর পূর্বপাড়ায় জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়ির প্রবেশপথে আগুন দেয়া হয়। পরিবারের অভিযোগ, বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। তবে পুলিশের ভাষ্য, পেট্রলবোমা নয়, পেট্রল ঢেলে আগুন দেয়া হয়েছিল।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবের দাবি, ভারতে অবস্থান করে আওয়ামী লীগের নেতৃত্ব পরিকল্পনা ও নির্দেশনা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করাই এর উদ্দেশ্য।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন : এনসিপির নেতাদের দাবি, জুলাই গণ-অভ্যুত্থানের সাথে যুক্ত নেতাদের ভয় দেখানো এবং বিরোধী রাজনৈতিক শক্তিকে চাপে রাখার উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, টহল, চেকপোস্ট ও সিসিটিভি পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশও জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে। গোপালগঞ্জে সহিংসতার পর পরিস্থিতি পরিদর্শনে গিয়ে পুলিশের মহাপরিদর্শক থানা পুড়িয়ে দেয়ায় পুলিশি কার্যক্রম পরিচালনায় সৃষ্ট সমস্যার কথা তুলে ধরেছেন।
‘নিয়ন্ত্রিত নাশকতা’ ধারণা থেকে রাজনৈতিক কর্মসূচি : আওয়ামী লীগের তৎপরতাকে শুরুতে সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে ‘নিয়ন্ত্রিত নাশকতা’ হিসেবে বিবেচনা করেছিল এনসিপি। দলটির নেতাদের ধারণা ছিল, সরকার রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে সীমিত পরিসরে তৎপর হওয়ার সুযোগ দিচ্ছে। বিরোধী দলগুলোকে ভয় দেখিয়ে বিভিন্ন বিষয়ে নীরব রাখার কৌশল হিসেবেও বিষয়টিকে দেখেছিলেন কেউ কেউ।
দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে এনসিপি মনে করছে। রাজনৈতিকভাবে এর জবাব দেয়া উচিত বলে আমরা মনে করছি। আমরা সারা দেশের দলীয় নেতাকর্মীদের মতামত নিয়েছি। আওয়ামী লীগের বিষয়ে শুধু সরকারের ওপর নির্ভর না করে মাঠে থাকার ব্যাপারে সেখান থেকে মতামত এসেছে। সে জন্য এনসিপি কর্মসূচি ঘোষণা করেছে।’ দলটির নেতাদের ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে শুধু বিবৃতি কিংবা বিচ্ছিন্ন প্রতিবাদ যথেষ্ট নয়। তাই ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী কর্মসূচির মাধ্যমে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলা করতে চায় এনসিপি।