সৌদি অভিযানের জবাবে রিয়াদে হাউছিদের হামলা
ads

নয়া দিগন্ত ডেস্ক

সৌদি নেতৃত্বাধীন জোটের ‘বিশেষ অভিযানের’ প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারির পর সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা চালিয়েছে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা। গতকাল শনিবার এ হামলা চালানো হয়। ইয়েমেনে নতুন করে সঙ্ঘাত শুরু হওয়ার পর থেকেই সৌদি আরব একের পর এক হামলার শিকার হচ্ছে। গত জুলাইয়ে চার বছরের যুদ্ধবিরতি ভেঙে ইয়েমেনে ফের লড়াই শুরু হয়। সেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে রিয়াদ আর হাউছি বিদ্রোহীরা ওই সরকারের বিরুদ্ধে লড়ছে। গতকাল শনিবার ভোরে স্থানীয় সময় রিয়াদে সম্ভাব্য বিপদ নিয়ে সতর্কবার্তা জারি করে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। রয়টার্স ও এএফপি। 
এর আগে গত বৃহস্পতিবার হাউছিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারির কিছুক্ষণ পর দু’টি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন এএফপির এক সাংবাদিক। পরে ওই সতর্কতা প্রত্যাহার করা হয়। সতর্কবার্তায় রিয়াদকে ‘শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকির’ মুখে রয়েছে বলে জানানো হয়েছিল। পরবর্তী সময়ে ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রিয়াদ লক্ষ্য করে ছোড়া হাউছিদের তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ‘প্রতিহত ও ধ্বংস’ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হাউছিরা জানায়, রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তারা হামলা চালাচ্ছে। শুক্রবার লোহিত সাগরের বন্দরনগরী হোদেইদা ও অন্যান্য স্থানে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার জবাবে প্রতিশোধের হুমকি দিয়েছিল হাউছিরা। এর পরই এই পাল্টা হামলা হলো। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ‘বিশেষ অভিযানে’ হোদেইদার চোরাচালান ও অস্ত্র পরিবহনের সক্ষমতায় আঘাত হানা হয়েছে। পাশাপাশি সানা, সাদা ও তাইজ প্রদেশেও হামলা চালানো হয়, যা কয়েক মাস ধরে চলা সঙ্ঘাতের উত্তেজনা আরো বাড়িয়েছে। হোদেইদায় হামলা হলে সৌদি আরবের জেদ্দা ও লোহিত সাগরের অন্যান্য বন্দরে হামলার হুঁশিয়ারি দিয়েছিল হাউছিরা। পাশাপাশি সৌদি আকাশসীমাকে ‘অনিরাপদ’ উল্লেখ করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করা হয়। এ ছাড়া রিয়াদের অর্থনৈতিক অঞ্চল এবং আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দিয়েছিল গোষ্ঠীটি। 
‘বিশেষ অভিযান’ : ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, হোদেইদা বন্দরের যেসব সক্ষমতা চোরাচালান এবং অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহনে ব্যবহৃত হতো, সেগুলোকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। এক্সে দেয়া আরেক পোস্টে তুর্কি আল-মালিকি জানান, সানার ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে জোট। ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ কেন্দ্র ওই লক্ষ্যবস্তুগুলোর অন্তর্ভুক্ত ছিল। ইয়েমেন সীমান্তের কাছে জিজান অঞ্চলের আকাশে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানান তিনি, যার ধ্বংসাবশেষ আল-শুকাইকে গিয়ে পড়ে। 
অন্য দিকে হাউছিদের সামরিক মুখপাত্র দাবি করেন, আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে ‘নিখুঁত ও সরাসরি’ হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। জোটের বিমান হামলার পর মোচা শহরের একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের ছবি প্রচার করে হাউছিদের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ। রিয়াদের অর্থনৈতিক অঞ্চলের একটি টাওয়ারে হাউছিদের হামলার জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট পাল্টা অভিযান চালায়। শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি আরবের ওপর এটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম বড় হামলা। প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, রিয়াদের সবচেয়ে উঁচু ভবনটিতে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) কার্যালয় রয়েছে এবং সেটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। হাউছিদের দাবি, গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় ৪১ জন নিহত হয়েছেন। অপরদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায়, বিমান ও ড্রোন হামলার পাশাপাশি কামানের শত শত গোলাবর্ষণে ১৯৩ জন হাউছি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন। তবে উভয়পক্ষের দাবি করা হতাহতের এসব সংখ্যার কোনোটিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। 
‘সৌদি আকাশসীমা অনিরাপদ’ : হোদেইদা বন্দরের বেসামরিক বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কবার্তা সৌদি নেতৃত্বাধীন জোট দেয়ার পর জেদ্দা ও লোহিত সাগর উপকূলের অন্যান্য বন্দরে হামলার হুমকি দেয় হাউছিরা। সব বিমান সংস্থাকে সতর্ক করে গোষ্ঠীটি জানায়, ‘সৌদি আকাশসীমা অনিরাপদ। আগামী কয়েক ঘণ্টায় এটি আমাদের সামরিক অভিযানের ক্ষেত্র হয়ে উঠবে। তবে মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা এর বাইরে থাকবে।’ এ ছাড়া রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট এড়িয়ে চলার পরামর্শ দেয় হাউছিরা। কয়েক সপ্তাহ আগেই ওই এলাকার কার্যালয়গুলো খালি করা হয়েছিল এবং হাউছিরা এলাকাটিকে ‘সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে উল্লেখ করেছে। গত জুলাইয়ে চার বছরের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকেই ইয়েমেনের গৃহযুদ্ধে দু’পক্ষ পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। 
ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৪১ জন নিহতের দাবি : ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হাউছি বিদ্রোহীরা। স্থানীয় সময় গত শুক্রবার লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হুদায়দাহসহ ইয়েমেনের বিভিন্ন এলাকায় এই হামলা চালায় জোট। তাদের দাবি, এটি ছিল একটি ‘বিশেষ অভিযান’। সৌদি নেতৃত্বাধীন জোটের ভাষ্য অনুযায়ী, হুদায়দাহ বন্দরে চোরাচালান ও অস্ত্র পরিবহনের তৎপরতা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। এর পাশাপাশি সানা, সা’দা ও তাইজ প্রদেশেও বিমান হামলা চালানো হয়। অন্য দিকে হুদায়দাহ বন্দরে হামলা হলে জেদ্দাসহ সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় অন্যান্য বন্দরে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিল হাউছিরা। পাশাপাশি সৌদি আকাশসীমাকে ‘অনিরাপদ’ আখ্যা দিয়ে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল গোষ্ঠীটি। এ ছাড়া সৌদি রাজধানী রিয়াদের আর্থিক জেলা এবং আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দিয়েছিল তারা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বলেন, ‘হুদায়দাহ বন্দরে চোরাচালান এবং অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহনে ব্যবহৃত কার্যক্রম পরিচালনার সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’ তিনি আরো জানান, সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে জোট বাহিনী। পরবর্তী আরেকটি পোস্টে তুর্কি আল-মালকি জানান, ইয়েমেন সীমান্তসংলগ্ন জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং সেগুলোর ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে। এ দিকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর মোখা শহরের একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের ছবি সম্প্রচার করেছে হাউছি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ।