
আশরাফুল ইসলাম
দেশের কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ কমাতে এ পর্যন্ত রেকর্ড ছাড় দেয়া হয়েছে। ব্যাংকগুলো থেকেও কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার আলোকে ঋণ নবায়ন করতে গ্রাহককে ডাকা হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এর ফলে ব্যাংকের নগদ আদায় কাক্সিক্ষত হারে বাড়ছে না। অপর দিকে পুনঃতফসিল ও ঋণ অবলোপনের মাধ্যমে খেলাপি ঋণ কমানোর চেষ্টা করা হচ্ছে। এতে শুধু হিসেবের অঙ্ক কমছে, প্রকৃতপক্ষে আদায় বাড়ছে না। এর ফলে নতুন করে ব্যাংক বিনিয়োগ করতে পারছে না। এভাবে কমে যাচ্ছে ব্যাংকের বিনিয়োগ সক্ষমতা। কথাগুলো বলেছেন, দেশের প্রথম প্রজন্মের একটি ব্যাংকের তহবিল ব্যবস্থাপক। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ছয় লাখ কোটি টাকায় পেঁৗঁছানোর পর তা কমাতে গত এক বছরে একের পর এক নীতিগত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণ পুনঃতফসিল, বিশেষ পুনর্গঠন সুবিধা, এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে ঋণ নিষ্পত্তি, আংশিক অবলোপন, ব্যাংকের ঝুঁঁকিভিত্তিক তদারকি এবং আইনি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু এসব পদক্ষেপের পরও বড় প্রশ্ন রয়ে গেছে- ব্যাংকগুলো প্রকৃতপক্ষে কত টাকা আদায় করতে পেরেছে? কত টাকা শুধু হিসাবের খাতা থেকে খেলাপি ঋণ হিসেবে বাদ পড়েছে? আর কত টাকা নতুন করে পুনঃতফসিল করা হয়েছে? বিশেষজ্ঞদের মতে, খেলাপি ঋণ কমানোর সাফল্য পরিমাপ করতে হলে শুধু খেলাপি ঋণের পরিমাণ বা হার দেখলে চলবে না। প্রকৃত নগদ আদায়, পুনঃতফসিল করা ঋণের কিস্তি পরিশোধ এবং অবলোপন করা ঋণ থেকে অর্থ উদ্ধারের হিসাবও সামনে আনতে হবে।
খেলাপি ঋণের উত্থান-পতনের চিত্র : বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ছয় লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ ছিল খেলাপি। ২০২৫ সালের ডিসেম্বর শেষে তা কমে দাঁড়ায় পাঁচ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকায়। তিন মাসে খেলাপি ঋণ কমে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা। তবে এ পতনের পেছনে বড় ভূমিকা ছিল বাংলাদেশ ব্যাংকের বিশেষ পুনঃতফসিল ও পুনর্গঠন সুবিধা। ফলে এই হ্রাসকে সরাসরি ঋণ আদায়ের সাফল্য হিসেবে দেখার সুযোগ নেই। ২০২৬ সালের মার্চ শেষে খেলাপি ঋণ আবার বেড়ে দাঁড়ায় পাঁচ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়। মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ তখন খেলাপি। অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ- এই তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। এতে বোঝা যায়, পুনঃতফসিলের মাধ্যমে সাময়িকভাবে খেলাপি ঋণের পরিমাণ কমলেও নতুন করে খেলাপি হওয়ার প্রবণতা বন্ধ হয়নি।
১০ বছর পর্যন্ত পুনঃতফসিলের সুযোগ : ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ পুনঃতফসিল ও ঋণ পুনর্গঠন নীতিমালা জারি করে। এ নীতিমালায় নির্দিষ্ট শর্ত পূরণকারী প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১০ বছরের জন্য ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়া হয়। রাখা হয় সর্বোচ্চ দুই বছরের গ্রেস পিরিয়ড। প্রাথমিক জমার শর্ত ছিল ঋণের অন্তত ২ শতাংশ নগদ পরিশোধ। অর্থনৈতিক সঙ্কট, মূল্যস্ফীতি, বিনিময় হারের অস্থিরতা ও ব্যবসায়িক প্রতিকূলতায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে পুনরায় ব্যবসায়িক কার্যক্রমে ফিরিয়ে আনার লক্ষ্য ছিল এ উদ্যোগের। তবে জালিয়াতি, প্রতারণা ও অনিয়মের মাধ্যমে সৃষ্ট ঋণ এবং ইচ্ছাকৃত খেলাপিদের এ সুবিধার বাইরে রাখা হয়েছে। এই সুবিধার আওতায় বিপুলসংখ্যক প্রতিষ্ঠান আবেদন করে। ২০২৬ সালের মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বরাতে বলা হয়, প্রায় এক হাজার ৩০০ প্রতিষ্ঠান ঋণ নিয়মিত করার সুযোগ পেয়েছে। কিন্তু এসব প্রতিষ্ঠানের কত টাকা নগদ আদায় হয়েছে এবং কত টাকা কেবল পুনঃতফসিলের মাধ্যমে নিয়মিত শ্রেণীতে এসেছে, তার পৃথক সমন্বিত হিসাব জনসমক্ষে স্পষ্ট নয়।
পুনঃতফসিলের পরিমাণ প্রায় দ্বিগুণ : বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে (২০২৫ সালের ফিন্যান্সিয়াল স্টাবিলিটি প্রতিবেদন) উঠে এসেছে, ২০২৫ সালে ব্যাংক খাতে পুনঃতফসিল করা ঋণের পরিমাণ ছিল এক লাখ ৭০ হাজার ৫০৩ কোটি টাকা। ২০২৪ সালে এ পরিমাণ ছিল ৮৫ হাজার ৬৭৯ কোটি টাকা। অর্থাৎ এক বছরে পুনঃতফসিল করা ঋণের পরিমাণ প্রায় ৯৯ শতাংশ বেড়েছে। এই পরিসংখ্যান গুরুত্বপূর্ণ। কারণ পুনঃতফসিলের মাধ্যমে ঋণগ্রহীতা নতুন করে কিস্তি পরিশোধের সুযোগ পান এবং নির্দিষ্ট শর্তে ঋণ খেলাপি শ্রেণী থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু পুনঃতফসিল হওয়া মানেই ঋণের পুরো টাকা আদায় হয়ে যাওয়া নয়। ঋণগ্রহীতা নিয়মিত কিস্তি পরিশোধ করছেন কি না, সেটিই প্রকৃত সাফল্যের মাপকাঠি।
ঋণ অবলোপনের নীতিমালা : খেলাপি ঋণের চাপ কমাতে বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের অক্টোবরে ও নভেম্বরে ঋণ অবলোপনের নীতিমালা সংশোধন করে। পরে ৩ ডিসেম্বর আংশিক অবলোপনের নীতিমালাও জারি করা হয়। যেসব ঋণের আদায় সম্ভাবনা খুব কম, সেগুলোর জামানতবিহীন অংশ নির্দিষ্ট শর্তে আংশিক অবলোপনের সুযোগ দেয়া হয়েছে। এর ফলে ব্যাংকের ব্যালান্সশিটে দীর্ঘদিনের অনাদায়ী ঋণের চাপ কিছুটা কমানোর সুযোগ তৈরি হয়েছে। তবে অবলোপন কোনো ঋণ মওকুফ নয়। ঋণগ্রহীতার দায় বহাল থাকে এবং ব্যাংককে আদায় কার্যক্রম চালিয়ে যেতে হয়। এমনকি অবলোপন করা ঋণ পরিশোধ না করা পর্যন্ত ঋণগ্রহীতা ঋণ তথ্য ব্যুরোতে খেলাপি হিসেবে বিবেচিত থাকেন। বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল স্টাবিলিটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে ক্রমপুঞ্জীভূত অবলোপন করা ঋণের পরিমাণ ছিল এক লাখ দুই হাজার ২৩৩ কোটি টাকা। এর মধ্যে আদায় ও অন্যান্য সমন্বয়ের মাধ্যমে ১৮ হাজার ৭৫৪ কোটি টাকা সমন্বয় হয়েছে। অবশিষ্ট ৮৩ হাজার ৪৭৯ কোটি টাকা তখনো অনাদায়ী ছিল। অর্থাৎ অবলোপন করা ঋণ থেকে অর্থ উদ্ধারের ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।
এককালীন পরিশোধে বিশেষ এক্সিট সুবিধা : ২০২৬ সালের ২৯ জুন বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ আদায় ও নিষ্পত্তির জন্য বিশেষ এক্সিট নীতিমালা ঘোষণা করে। এর আওতায় নির্দিষ্ট শর্তে খেলাপি ঋণগ্রহীতারা এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে ঋণ নিষ্পত্তির সুযোগ পান। ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে সুদ মওকুফের ব্যবস্থাও রাখা হয়েছে। এ সুবিধা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর রাখার কথা বলা হয়েছে। এ উদ্যোগের উদ্দেশ্য হলো দীর্ঘদিনের অনাদায়ী ঋণ থেকে অন্তত মূলধন উদ্ধার করা এবং ব্যাংকের তারল্য পরিস্থিতির উন্নতি ঘটানো। তবে এ সুবিধায় কতজন ঋণগ্রহীতা আবেদন করেছেন, কতজনের আবেদন অনুমোদিত হয়েছে এবং কত টাকা প্রকৃতপক্ষে ব্যাংকে জমা পড়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা প্রয়োজন।
ঝুঁঁকিভিত্তিক তদারকি ও আইনি সংস্কার : বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের জানুয়ারি থেকে ব্যাংক খাতে ঝুঁঁকিভিত্তিক তদারকি কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মাধ্যমে দুর্বল ব্যাংক, বড় ঋণ, ঋণ কেন্দ্রীভবন এবং সম্পদের মান যাচাইয়ের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
পাশাপাশি ২০২৬ সালের জুলাইয়ে ১৮ মাসের একটি কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। প্রথম ছয় মাসে ব্যাংক ও ঋণগ্রহীতার মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমে ঋণ আদায়ের চেষ্টা এবং পরবর্তী ১২ মাসে আইনি ব্যবস্থার মাধ্যমে খেলাপি ঋণ উদ্ধারের পরিকল্পনা নেয়া হয়েছে।
এ পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তাবিত সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা আইন এবং অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ রয়েছে। ঋণের প্রকৃত সুবিধাভোগী শনাক্ত করে তাদের জবাবদিহির আওতায় আনার কথাও বলা হয়েছে। ২০২৬ সালের আগস্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত অর্থঋণ আদালতে খেলাপি ঋণ সংক্রান্ত দুই লাখ ২২ হাজার ৩৪১টি মামলা বিচারাধীন ছিল।
প্রকৃত আদায়ের হিসাব নেই : বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ও বিভিন্ন প্রতিবেদনে পুনঃতফসিল, অবলোপন এবং খেলাপি ঋণের পরিমাণ সম্পর্কে তথ্য পাওয়া গেলেও গত এক বছরে এসব উদ্যোগের মাধ্যমে প্রকৃত নগদ আদায়ের একটি সমন্বিত চিত্র জনসমক্ষে স্পষ্ট নয় বলে মনে করেন বিশ্লেষকরা। তারা জানিয়েছেন, এখানে অন্তত তিনটি হিসাব আলাদা করে প্রকাশ করা জরুরি। প্রথমত, গত এক বছরে খেলাপি ঋণগ্রহীতাদের কাছ থেকে ব্যাংকগুলো কত টাকা নগদ আদায় করেছে, তার ব্যাংকভিত্তিক ও খাতভিত্তিক হিসাব প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, পুনঃতফসিল ও পুনর্গঠনের মাধ্যমে কত টাকা খেলাপি শ্রেণী থেকে বের হয়েছে এবং সে ঋণের বিপরীতে কত টাকা কিস্তি বাস্তবে পরিশোধ করা হয়েছে, তা জানাতে হবে। তৃতীয়ত, অবলোপন ও এক্সিট সুবিধার আওতায় কত টাকা আদায় হয়েছে, কত টাকা সুদ মওকুফ করা হয়েছে এবং কত টাকা এখনো অনাদায়ী রয়েছে, তার বিস্তারিত হিসাব দিতে হবে। এসব তথ্য ছাড়া খেলাপি ঋণ কমানোর নীতিমালার কার্যকারিতা মূল্যায়ন করা কঠিন।
দায়ীদের জবাবদিহি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ : ব্যাংক খাতের সঙ্কটের পেছনে শুধু ব্যবসায়িক লোকসান বা অর্থনৈতিক প্রতিকূলতা দায়ী নয়। ঋণ বিতরণে অনিয়ম, প্রভাবশালী গোষ্ঠীর অতিরিক্ত ঋণ গ্রহণ, জালিয়াতি, অর্থ পাচার এবং দুর্বল ব্যাংক ব্যবস্থাপনার অভিযোগও দীর্ঘদিনের। তাই প্রকৃত ব্যবসায়িক সঙ্কটে পড়া উদ্যোক্তাদের পুনরুদ্ধারের সুযোগ দেয়া এবং ইচ্ছাকৃত ঋণখেলাপি ও অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া- এ দুই বিষয়কে আলাদা করে দেখতে হবে। একই নীতিমালার আওতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা ও অনিয়মের মাধ্যমে অর্থ বের করে নেয়া ব্যক্তিদের সমান সুযোগ দিলে ব্যাংক খাতে নৈতিক ঝুঁঁকি আরো বাড়তে পারে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খেলাপি ঋণ কমানোর সাফল্য নির্ধারিত হওয়া উচিত ব্যাংকে কত টাকা ফিরে এসেছে, কত ঋণগ্রহীতা নিয়মিত কিস্তি দিচ্ছেন এবং কতজন অনিয়মকারীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে- তার ভিত্তিতে। শুধু পুনঃতফসিল বা অবলোপনের মাধ্যমে পরিসংখ্যানের অঙ্ক কমানো গেলে ব্যাংক খাতের মূল সঙ্কট দূর হবে না। প্রয়োজন প্রকৃত আদায়, স্বচ্ছতা এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









