বিভিন্ন এলাকায় সহিংসতা ভাঙচুর ও অগ্নিসংযোগ
ads

নয়া দিগন্ত ডেস্ক

দুই বিএনপি নেতা হত্যাকাণ্ডের পর নড়াইলে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। অন্য দিকে পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ দুই এলাকায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে ঝিনাইদহের কালিগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন এবং নেত্রকোনার দুর্গাপুরে গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার পর প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল-১ আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেল ৪টার দিকে কালিয়ার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে বেশির ভাগ আগুনের ছবি এআই দিয়ে তৈরি করে গুজব ছড়ানো হয়েছে। এ ছাড়া হিন্দুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়নি। বেন্দারচর এলাকা এবং আশেপাশে কোনো হিন্দু পরিবার বসবাস করেন না। বেন্দারচর থেকে হিন্দু অধ্যুষিত ঘোষপাড়ার দূরত্ব প্রায় চার কিলোমিটার। 
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত বুধবার বিকেলে মোটরসাইকেলে মিছিল বের করেন। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই দিন সন্ধ্যায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে সামনের দিকে এগোনোর সময় আওয়ামী লীগ ও তাদের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়। 
এ সময় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে তারা মারা যান।
কালিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তের পরিমাপ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ভুক্তভোগীদের দাবি, অন্তত ৬০টি বাড়িঘর ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। 
এ ব্যাপারে কালিয়া পৌরসভার ঘোষপাড়ার গোপী ঘোষ বলেন, আমাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। আপনারা খোঁজ নিয়ে দেখেন, পুরো মিথ্যা কথা ফেসবুকে ছড়ানো হয়েছে। বরং বিএনপির লোকজন আমাদের সবসময় দেখেশুনে রেখেছেন। 
ঘোষপাড়ার বিমান ঘোষ বলেন, আমাদের এখানে কোনো আগুনের ঘটনা ঘটেনি। যেটা প্রচার করা হচ্ছে, তা মিথ্যা। বৈশাখী ঘোষ বলেন, আমাদের ঘোষপাড়ায় কিছুই হয়নি। আমরা শান্তিতে আছি। ফেসবুকে যেটা প্রচার হয়েছে, সেটা মিথ্যা ছাড়া কিছুই না।  
এ দিকে বেন্দারচর এলাকার ক্ষতিগ্রস্তরা বাড়িঘরে না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, কৃষকদল নেতা শাহিন মোল্যা ও জাসাস নেতা সোহেল মোল্যা হত্যাকাণ্ডের পর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে সজাগ আছি। কালিয়া বাজারসহ সার্বিক পরিবেশ স্বাভাবিক রয়েছে। হিন্দু ভাইদের কোনো বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়নি। ফেসবুকে অপপ্রচার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য বাড়িঘর ভাঙচুরের তথ্যও মিথ্যা। আমাদের দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। এসব কাল্পনিক, বিএনপিকে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এসব করছে। আমরা এখনো শোকাহত।
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যার পর আমরা দেখতে পেলাম কালিয়ায় বাড়িঘর ভাঙচুর নিয়ে কিছু গণমাধ্যম ও ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এসব ঠিক নয়। হয়তো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি হিন্দু সম্প্রদায়সহ সবার জানমাল, ইজ্জত ও সম্মানের দায়িত্ব নিয়েছেন। এসব গুজব। নড়াইলকে আমরা নিরাপদ রাখতে চাই। নড়াইল কিন্তু গোপালগঞ্জ নয়।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইলের কালিয়া উপজেলা বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে মর্মে তথ্য প্রচার হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্বে ধারণকৃত ও এআই দ্বারা নির্মিত ভিডিওচিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষুণœ করছে। ঘটনাস্থল বেন্দারচর ও আশেপাশে কোনো হিন্দু বসতি নেই। হিন্দু সদস্যের কোনো পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। 
গত বুধবার দুইজন হত্যাকাণ্ডের জের ধরে শুক্রবার বিকেলে ভুক্তভোগীদের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে ১৫ থেকে ২০টি বাড়ি ভাঙচুর করে। এসব বাড়ির মধ্যে কিছু বাড়ি ৫ আগস্টে পর ভাঙচুরকৃত এবং পরিত্যক্ত। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
বেড়ায় দফায় দফায় সংঘর্ষ
পাবনা প্রতিনিধি জানান, পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। বাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনাও ঘটে।
শনিবার দুপুর থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় এক সংবাদকর্মী। ভাঙচুর করা হয় তার ক্যামেরা। 
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেয়া হয়। এর পর থেকে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব ঘটনার জের ধরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুই দিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগর পাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় উভয় পক্ষের বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনা বিরাজ করছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
জানা গেছে, সভা শেষে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে বিএনপি সমর্থিত উত্তেজিত জনতা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে। এ সময় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে এক সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করা হয়। এ ছাড়া সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনাও ঘটে।
অন্য দিকে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে স্যানালপাড়া ও বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের নেতাকর্মীরা আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের  নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান ও নৌকা নৌকা স্লোগান দিতে থাকে। আওয়ামী লীগের  নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র ডাল সরকি ফালা টেঁটা দেখা গেছে। এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ করেও ইট পাটকেল ছোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানিয়েছেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিপরীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক এক চেয়ারম্যানের উসকানিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করছি।
সুসং দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার সীমান্তবর্তী সুসং দুর্গাপুরের বিরিশিরি গ্রামীণ ব্যাংক শাখা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে একজন আনসার সদস্য আহত হলেও তাৎক্ষণিকভাবে আনসার ও ব্যাংকের কর্মীদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে ব্যাংকটি রক্ষা পেয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। গ্রামীণ ব্যাংক বিরিশিরি শাখার ম্যানেজার মুহাম্মদ শামছুল হক জানান, ব্যাংকের সিসি ফুটেজে অজ্ঞাত দুই ব্যক্তিকে শনাক্ত করা গেছে। ফুটেজটি প্রশাসনের কাছে পৌঁছানো হয়েছে। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান,  এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফটিকছড়িতে যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে নিষিদ্ধ যুবলীগের হামলা
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের একটি সন্ত্রাসবিরোধী মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি ভাঙচুর করা হয়। হামলায় যুবদলের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে নানুপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ২০-৩০টি মোটরসাইকেল নিয়ে একটি সন্ত্রাসবিরোধী শোডাউন ও মিছিল বের করা হয়। মিছিলটি বিনাজুড়ী আমতলী ও কিপাইতনগর লম্বা টিলা বাজার প্রদক্ষিণ করে শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় পৌঁছালে হামলার শিকার হয়।
হামলার শিকার নেতাকর্মীদের অভিযোগ, ওই সময় মাইকে ‘এলাকায় ডাকাত ঢুকেছে’ বলে ঘোষণা দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের একদল কর্মী মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং আরো কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় আহতদের মধ্যে আজিজ, হোসেন মঞ্জু, আকিব, ইয়ামিন ও বখতিয়ারের নাম জানা গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ নয়া দিগন্তকে জানান, খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পেঁৗঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ পুলিশ ও এসআরবি মোতায়েন করা হয়েছে।