
কাওসার আজম, তুরস্ক থেকে
নির্ধারিত সময় পেরিয়ে একদিন বাড়ানো হলেও গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি জাতিসঙ্ঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১। জীবাশ্ম জ্বালানি থেকে পর্যায়ক্রমে সরে আসার সুস্পষ্ট রোডম্যাপ, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলার প্রশ্নে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মতপার্থক্য কাটেনি। ফলে শুক্রবার (২০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও গতকাল শনিবারও তুরস্কের আনতালিয়ায় চলে চূড়ান্ত দরকষাকষি।
সম্মেলনের দ্বিতীয় খসড়া সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সরাসরি উল্লেখ বাদ দেয়া এবং ২০৩৫ সালের মধ্যে অভিযোজন খাতে বছরে ১২০ বিলিয়ন ডলার অর্থায়নের প্রস্তাব সরিয়ে নেয়ায় বিতর্ক আরো তীব্র হয়েছে। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো একে তাদের ন্যায্য দাবি থেকে সরে যাওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছে। অন্য দিকে তেল উৎপাদনকারী দেশগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের সময়সীমা ও পদ্ধতি নিয়ে আপত্তি জানাচ্ছে।
গতকালও সমঝোতার লক্ষ্যে আলোচনা অব্যাহত ছিল। সম্মেলনের সভাপতি তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম এবং আলোচনার সভাপতি অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। শুক্রবার রাতে অধিবেশন মুলতবি করে শনিবার নতুন খসড়া প্রকাশের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছিল সভাপতিত্বকারী পক্ষ। তবে চূড়ান্ত সমঝোতার সময়সূচি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সময় শনিবার দিনগত গভীর রাত পর্যন্ত আলোচনা গড়ায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সম্মেলন পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, কিছু কারিগরি ও প্রাতিষ্ঠানিক বিষয়ে অগ্রগতি হলেও মূল রাজনৈতিক বিরোধগুলো এখনো নিষ্পত্তি হয়নি। ফলে শেষ মুহূর্তে কোনো সমঝোতা হলেও তা কতটা কার্যকর ও উচ্চাভিলাষী হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
জীবাশ্ম জ্বালানির রোডম্যাপে বড় ধাক্কা : কপ৩১-এর সবচেয়ে বড় বিতর্ক কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে পর্যায়ক্রমে সরে আসার প্রশ্নে। ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮ সম্মেলনে জীবাশ্ম জ্বালানিনির্ভর ব্যবস্থা থেকে উত্তরণের ঐতিহাসিক অঙ্গীকার করা হয়েছিল। আনতালিয়ার সম্মেলনে সেই অঙ্গীকার বাস্তবায়নে সুস্পষ্ট সময়সীমা ও রোডম্যাপ গ্রহণের প্রত্যাশা ছিল; কিন্তু বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত দ্বিতীয় খসড়া সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সরাসরি উল্লেখ বাদ পড়ায় বিতর্ক তীব্র হয়। প্রথম খসড়ায় এ বিষয়ে বিভিন্ন বিকল্প প্রস্তাব থাকলেও পরবর্তী খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার পর্যায়ক্রমে কমানোর সুনির্দিষ্ট অঙ্গীকার রাখা হয়নি।
ফ্রান্স, পানামা, জার্মানিসহ কয়েকটি দেশ এ অবস্থানের প্রতিবাদ জানিয়ে স্পষ্ট রোডম্যাপ অন্তর্ভুক্তির দাবি তোলে। অন্য দিকে সৌদি আরবসহ তেল উৎপাদনকারী দেশগুলো জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সময়সীমা ও পদ্ধতি নিয়ে আপত্তি জানায়। বিভিন্ন দেশের মধ্যে মতপার্থক্য এতটাই গভীর যে সম্মেলনের রাজনৈতিক সমঝোতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিষয়টি।
কার্বন ডাই-অক্সাইড ধারণ ও সংরক্ষণ প্রযুক্তি (সিসিএস) নিয়েও রয়েছে বিতর্ক। পরিবেশবাদীদের আশঙ্কা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বাধ্যবাধকতা ছাড়া এ প্রযুক্তিকে বিকল্প সমাধান হিসেবে গুরুত্ব দিলে তেল-গ্যাসনির্ভর অর্থনীতির আয়ু আরো দীর্ঘ হতে পারে। তাদের মতে, কার্বন নিঃসরণ কমানোর মূল পদক্ষেপ হওয়া উচিত নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো।
১২০ বিলিয়ন ডলারের অর্থায়নের প্রস্তাব বাদ : জলবায়ু অর্থায়ন নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর বিরোধ সম্মেলনের সমঝোতাকে আরো কঠিন করেছে। দ্বিতীয় খসড়া সিদ্ধান্ত থেকে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন খাতে বছরে ১২০ বিলিয়ন ডলার অর্থায়নের প্রস্তাব বাদ দেয়া হয়েছে। যদিও অভিযোজন অর্থায়ন অন্তত তিন গুণ বাড়ানোর লক্ষ্য বহাল রাখার কথা বলা হয়েছে; কিন্তু অর্থের সুনির্দিষ্ট পরিমাণ, উৎস ও সরবরাহের নিশ্চয়তা অনুপস্থিত। এর পরিবর্তে ‘আনতালিয়া-টু-আদ্দিস আবাবা রোডম্যাপ অন অ্যাডাপটেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফাইন্যান্স’ নামে একটি পরিকল্পনার প্রস্তাব এসেছে। এর মাধ্যমে অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় ভবিষ্যতে অর্থায়নের উৎস, পরিমাণ এবং সহজে অর্থ পাওয়ার পদ্ধতি চিহ্নিত করার কথা বলা হচ্ছে। এ উদ্যোগের অগ্রগতি পরবর্তী কপ৩২ সম্মেলনে পর্যালোচনার প্রস্তাব রয়েছে।
কিন্তু উন্নয়নশীল দেশগুলোর বক্তব্য, ভবিষ্যতের পরিকল্পনা দিয়ে বর্তমানের সঙ্কট মোকাবেলা সম্ভব নয়। এখনই অর্থপ্রাপ্তির নিশ্চয়তা প্রয়োজন। আফ্রিকা, এশিয়া ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর প্রতিনিধিরা উন্নত দেশগুলোর কাছে অনুদানভিত্তিক অর্থায়ন, সহজ শর্তে সহায়তা এবং অর্থ ছাড়ের নির্দিষ্ট সময়সীমা দাবি করেছেন। তাদের যুক্তি, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী উন্নত দেশগুলোকে আর্থিক দায়িত্ব এড়ানোর সুযোগ দেয়া যায় না। বিশেষ করে ক্ষয়ক্ষতি মোকাবেলার অর্থ ঋণ হিসেবে দেয়া হলে জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর নতুন ঋণের বোঝা তৈরি হবে। এতে জলবায়ু ন্যায়বিচারের মূল ধারণাই ক্ষতিগ্রস্ত হবে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, অভিযোজন অর্থায়নের তিন গুণ বৃদ্ধির লক্ষ্য কী পরিমাণ অর্থের ভিত্তিতে হিসাব করা হবে, কোন দেশ কিভাবে অর্থ দেবে এবং সরকারি অর্থায়নের কতটা অনুদান হিসেবে আসবে- এসব প্রশ্নেও মতপার্থক্য রয়েছে।
বিক্ষোভে উত্তাল সম্মেলনস্থল : সমঝোতার অচলাবস্থার পাশাপাশি সম্মেলনস্থলে গত দুই দিন ধরে ধারাবাহিক প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। শুক্রবার দ্বিতীয় খসড়া সিদ্ধান্ত প্রকাশের পর প্লেনারি হলের বাইরে পরিবেশবাদী ও জলবায়ু আন্দোলনকারীরা নীরব বিক্ষোভ করেন। তাদের ব্যানারে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতার অভিযোগ তুলে ধরা হয়।
শুক্রবার রাতের অধিবেশনে প্রতিবাদের নাটকীয় ঘটনা ঘটে। সম্মেলন সভাপতি মুরাত কুরুমের বক্তব্য চলাকালে আর্টিভিস্ট নেটওয়ার্কের সদস্য আমালেন সাথানানথান একটি টেবিলের উপর দাঁড়িয়ে গলায় লাল দড়ির ফাঁস ঝুলিয়ে প্রতিবাদ জানান। তার টি-শার্টে লেখা ছিল, ‘ইউ আর কিলিং দ্য ফিউচার’। জীবাশ্ম জ্বালানি বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়া এবং বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্যে বিশ্বনেতাদের ব্যর্থতার অভিযোগ তোলেন তিনি। পরে নিরাপত্তাকর্মীরা তাকে অধিবেশন থেকে সরিয়ে দেন।
গতকাল শনিবারও প্রতিবাদের রেশ কাটেনি। লাতিন আমেরিকার জলবায়ু সংগঠন কোয়েলেকটিভো ভিয়েন্তোসুরের ব্যাজধারী ১৭ জন আন্দোলনকারীকে সম্মেলনে প্রবেশ করতে দেয়া হয়নি। তাদের মধ্যে বিভিন্ন সংগঠনের সমন্বয়ক, নীতিবিষয়ক কর্মী ও যোগাযোগকর্মী ছিলেন। এ ঘটনায় সম্মেলনে নাগরিক সমাজের অংশগ্রহণ এবং প্রতিবাদের স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
শুক্রবার রাতে নাগরিক সমাজ ও পরিবেশবাদী শতাধিক সংগঠন সম্মেলনের দুই সভাপতির কাছে চিঠি পাঠিয়ে সতর্ক করে বলেছে, কার্যকর সিদ্ধান্ত ছাড়া কপ৩১ শেষ হলে এটি জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনের ইতিহাসে অন্যতম হতাশাজনক আসরে পরিণত হতে পারে। চিঠিতে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের রোডম্যাপ পুনর্বহাল, উন্নত দেশগুলোর সরকারি জলবায়ু অর্থায়নে জবাবদিহি, আদিবাসীদের অধিকার সুরক্ষা এবং কার্বন ক্যাপচার প্রযুক্তির যথাযথ নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।
এ দিকে সম্মেলন পর্যবেক্ষকদের মূল্যায়ন, আলোচনা যতই দীর্ঘায়িত হচ্ছে, রাজনৈতিক সমঝোতার অভাব ততই স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে জলবায়ু সঙ্কটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতিনিধিরা সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নিজেদের দাবির যথাযথ প্রতিফলন না পাওয়ায় হতাশা প্রকাশ করছেন।
বিদ্যুতায়নে লক্ষ্য ৩৫ শতাংশ, প্রশ্ন নবায়নযোগ্য জ্বালানি নিয়ে : সম্মেলনে তুরস্ক ও অস্ট্রেলিয়ার উদ্যোগে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার ‘৩৫ বাই ৩৫’ উদ্যোগ আলোচনায় এসেছে। বর্তমানে এ হার প্রায় ২৩ শতাংশ। চীনসহ কয়েকটি দেশও এ উদ্যোগে সমর্থন জানিয়েছে। তবে পরিবেশবাদীদের প্রশ্ন, বিদ্যুতের ব্যবহার বাড়লেও তা নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের নিশ্চয়তা কোথায়? সৌর ও বায়ুশক্তির পরিবর্তে কয়লা, তেল ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়লে এ উদ্যোগের জলবায়ুগত সুফল সীমিত হয়ে পড়বে।
তাদের মতে, বিদ্যুতায়ন অবশ্যই জরুরি; কিন্তু বিদ্যুৎ উৎপাদনের উৎস পরিচ্ছন্ন না হলে শুধু ব্যবহার বাড়িয়ে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য অর্জন সম্ভব নয়। সেই সাথে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের সময় শ্রমিক, কৃষক ও স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষায় ন্যায়সঙ্গত রূপান্তরের কাঠামো নিয়েও মতপার্থক্য রয়েছে।
অন্য দিকে তুরস্কের পক্ষ থেকে বিদ্যুতায়নকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর বাস্তবসম্মত পথ হিসেবে তুলে ধরা হচ্ছে; কিন্তু নবায়নযোগ্য জ্বালানির নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ও বাস্তবায়নের বাধ্যবাধকতা ছাড়া এ উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
বড় প্রশ্নগুলো অমীমাংসিত : সম্মেলনে সব বিষয়ে অগ্রগতি থেমে ছিল না। প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের অধীনে আন্তর্জাতিক কার্বন বাজার ও সহযোগিতা, স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট কিছু বিষয় এবং কয়েকটি কারিগরি ও প্রাতিষ্ঠানিক আলোচনায় অগ্রগতি হয়েছে।
এ ছাড়া গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ), গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ), ক্ষয়ক্ষতি মোকাবেলার তহবিল এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা নিয়েও কিছু সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এগিয়েছে। তবে এসব অগ্রগতি জীবাশ্ম জ্বালানি, অর্থায়ন ও অভিযোজনের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিরোধ কাটাতে পারেনি।
সম্মেলনের আলোচনায় প্যারিস চুক্তির ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমা রক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর আশঙ্কা, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তাদের অনেকের ভূখণ্ড, জনবসতি ও অর্থনৈতিক অস্তিত্বই হুমকির মুখে পড়বে। ফলে তাদের কাছে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কেবল একটি জলবায়ু লক্ষ্যমাত্রা নয়; বরং অস্তিত্ব রক্ষার প্রশ্ন।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, কপ৩১-এর প্রধান দুর্বলতা হলো রাজনৈতিক অঙ্গীকার ও বাস্তবায়নের মধ্যে ব্যবধান। সম্মেলনে বিভিন্ন লক্ষ্য ও উদ্যোগের ঘোষণা থাকলেও অর্থায়ন, সময়সীমা এবং জবাবদিহির প্রশ্নে কার্যকর নিশ্চয়তা না থাকলে সেগুলোর বাস্তব সুফল পাওয়া কঠিন।
বাংলাদেশের প্রত্যাশা পূরণে অনিশ্চয়তা : কপ৩১-এর অমীমাংসিত বিষয়গুলো বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য বিশেষ উদ্বেগের। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন ও খরার ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন।
কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা, মৎস্য, প্রাণিসম্পদ, নিরাপদ পানি এবং উপকূলীয় অবকাঠামো সুরক্ষায় অভিযোজন কার্যক্রম আরো জোরদার করা জরুরি। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় টেকসই বাঁধ, নিরাপদ পানির ব্যবস্থা, লবণাক্ততাসহিষ্ণু কৃষি, দুর্যোগ পূর্বাভাস এবং পুনর্বাসন কার্যক্রমে বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন।
এ ক্ষেত্রে ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষয়ক্ষতি মোকাবেলায় সহজে অর্থপ্রাপ্তির ব্যবস্থা বাংলাদেশের অন্যতম প্রধান প্রত্যাশা; কিন্তু কপ৩১-এ অভিযোজন অর্থায়নের সুনির্দিষ্ট অঙ্ক ও উৎসের নিশ্চয়তা না থাকায় এসব প্রত্যাশা পূরণ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
বাংলাদেশের জন্য আরো গুরুত্বপূর্ণ হলো জলবায়ু অর্থায়নের অর্থ শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে ছাড় নিশ্চিত করা। আন্তর্জাতিক তহবিল থেকে অর্থ পেতে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া, জটিল শর্ত এবং প্রকল্প অনুমোদনের বিলম্ব অনেক সময় ঝুঁঁকিপূর্ণ দেশগুলোর কার্যকর উদ্যোগকে বাধাগ্রস্ত করে। তাই অর্থের পরিমাণের পাশাপাশি অর্থপ্রাপ্তির সহজ শর্ত, দ্রুত ছাড় এবং স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের সক্ষমতাও গুরুত্বপূর্ণ।
বাস্তবায়ন হবে বড় পরীক্ষা : সবমিলিয়ে নির্ধারিত সময়ের পরও এক দিন বাড়িয়ে আলোচনা চালিয়েও কপ৩১-এর বড় বিরোধগুলো নিষ্পত্তি করা যায়নি। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট পথনকশা, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন ও পুনরুদ্ধারের নিশ্চয়তা- এই তিন প্রশ্নেই সম্মেলনের সাফল্য আটকে আছে।
সম্মেলনের সভাপতি মুরাত কুরুম ‘আনতালিয়া কনসেনসাস’ নামে একটি সমঝোতার প্রত্যাশা প্রকাশ করেছেন। শুক্রবার রাতে তিনি বলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য প্রতিনিধিদের আরো কাজ করতে হবে। শনিবার নতুন খসড়া প্রকাশ করে মতপার্থক্য কমানোর উদ্যোগ নেয়ার কথাও জানানো হয়; কিন্তু সমঝোতার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক ছাড়ের বিষয়ে এখনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
এই পরিস্থিতিতে কপ৩১-এর সাফল্য মূল্যায়নের ক্ষেত্রে শুধু চূড়ান্ত ঘোষণার দিকে তাকালে চলবে না। দেখতে হবে, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের অঙ্গীকার কতটা স্পষ্ট হলো, উন্নত দেশগুলো অর্থায়নের দায়িত্ব কতটা গ্রহণ করল এবং ক্ষতিগ্রস্ত দেশগুলো বাস্তবে কত দ্রুত সহায়তা পাবে।
জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী অথচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য দাবি পূরণ না হলে অতিরিক্ত সময়ের আলোচনা ও নতুন নতুন উদ্যোগের ঘোষণাও খুব বেশি অর্থবহ হবে না। শেষ পর্যন্ত কোনো সমঝোতা হলেও তার বাস্তবায়ন, অর্থায়ন ও জবাবদিহির নিশ্চয়তাই হবে কপ৩১-এর প্রকৃত সাফল্যের পরীক্ষা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









