রিম্যান হাইপোথিসিস সমাধানের দাবি : ইতিহাস গড়তে পারে এআই
রিম্যান হাইপোথিসিস সমাধানের দাবি : ইতিহাস গড়তে পারে এআই।
ads

মোস্তাফিজুর রহমান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে গণিতের ইতিহাসে অন্যতম কঠিন ও বিখ্যাত সমস্যার সমাধান করার দাবি উঠেছে। অ্যানথ্রপিকের একজন কর্মী ও গণিতবিদ দাবি করেছেন, কোম্পানির এআই চ্যাটবট ক্লড ব্যবহার করে তিনি প্রায় ১৭০ বছর ধরে অমীমাংসিত রিম্যান হাইপোথিসিসের (জরবসধহহ ঐুঢ়ড়ঃযবংরং) একটি বিস্তারিত গাণিতিক প্রমাণ তৈরি করেছেন। প্রমাণটি সঠিক বলে যাচাই হলে তা গণিতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হতে পারে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অ্যানথ্রপিকের কর্মী লেভেন্ত আলপোগে শুক্রবার এ দাবি করেন। এর আগের দিনই অ্যানথ্রপিক যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে যাত্রা শুরু করে। আলপোগে জানান, প্রায় ছয় সপ্তাহ ধরে কোম্পানির ক্লড চ্যাটবট ব্যবহার করে তিনি গাণিতিক সমস্যাটির প্রমাণ তৈরির কাজ করেছেন। তিনি এ অর্জনকে ‘বিজ্ঞানের ক্ষেত্রে আরো অনেক বড় কিছুর সূচনা’ হিসেবে বর্ণনা করেছেন।
রিম্যান হাইপোথিসিস গণিতের সবচেয়ে বিখ্যাত সমস্যাগুলোর একটি। জটিলতার কারণে প্রায় ১৭০ বছর ধরে এটি গবেষকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। গণিতবিদ বার্নহার্ড রিম্যানের নামানুসারে এই হাইপোথিসিসের মূল ধারণা হলো, মৌলিক সংখ্যাগুলোর বিন্যাসের মধ্যে একটি নির্দিষ্ট শৃঙ্খলা রয়েছে।
মৌলিক সংখ্যা উচ্চতর গণিতের ভিত্তি। ফলে মৌলিক সংখ্যা সম্পর্কিত কোনো বড় আবিষ্কার গণিতের বিভিন্ন শাখায় ব্যাপক প্রভাব ফেলতে পারে। এ কারণে রিম্যান হাইপোথিসিসের প্রমাণ সত্য হলে তা গণিতের জগতে যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হবে।
আলপোগে জানান, আবিষ্কারের বিষয়টি কিভাবে প্রকাশ করবেন, তা জানতে তিনি রোববার অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইকে সরাসরি বার্তা পাঠিয়েছিলেন। কোম্পানির শেয়ারবাজারে তালিকাভুক্তির সময়ের সাথে আবিষ্কারের ঘোষণার সময় মিলে যাওয়াকে তিনি দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন।
আলপোগে বলেন, ‘সম্ভব হলে আমি এই কাজ আরো অনেক আগেই শেষ করতাম।’ তিনি আরো বলেন, আরো অপেক্ষা করতে হলে তিনি বাঁচতে পারবেন না- এমন অনুভূতি থেকে এককভাবে তিনিই এই সিদ্ধান্তের জন্য দায়ী। ঘোষণার সময় নিয়ে নেতিবাচক ব্যাখ্যা থাকতে পারে, তবে তা সত্য নয় বলেও দাবি করেন তিনি। আলপোগে গাণিতিক প্রমাণটি লিন (খবধহ) নামের একটি কম্পিউটার ভাষায় উপস্থাপন করেছেন। গাণিতিক প্রমাণের নির্ভুলতা যাচাইয়ে ব্যবহৃত এই ভাষায় তৈরি পূর্ণাঙ্গ প্রমাণটি ২ লাখ ৫০ হাজার পৃষ্ঠারও বেশি দীর্ঘ।
বিশিষ্ট গণিতবিদ টেরেন্স তাও শুক্রবার বলেন, প্রমাণটি যাচাই করতে এখনো অনেক সময় লাগবে। তার মতে, বিষয়টি পর্যালোচনা ও বোঝার প্রক্রিয়ায় সময় প্রয়োজন। তবে এ ক্ষেত্রে অন্তত একজন মানব লেখক রয়েছেন, যার সাথে যোগাযোগ করে যাচাইয়ের কাজ এগিয়ে নেয়া সম্ভব।
এর আগে এআই দিয়ে তৈরি বড় বড় গাণিতিক প্রমাণের ক্ষেত্রে এমন মানব লেখক স্পষ্টভাবে যুক্ত ছিলেন না।
এআই দিয়ে গণিত সমাধানে নতুন প্রতিযোগিতা : সাম্প্রতিক মাসগুলোতে ওপেনএআইয়ের মতো এআই প্রতিষ্ঠানগুলো কয়েক দশক ধরে গবেষকদের অমীমাংসিত থাকা উচ্চতর গণিতের জটিল সমস্যার সমাধান ঘোষণা করেছে। অ্যানথ্রপিকও গণিত ও পদার্থবিজ্ঞানে বিভিন্ন অগ্রগতি এবং সমাধানের দাবি করেছে।
গত সেপ্টেম্বরে ওপেনএআই দাবি করে, তাদের এআই টুলের একটি অপ্রকাশিত সংস্করণ ব্যবহার করে কর্মীরা মাত্র ৮৮ ঘণ্টায় একটি অত্যন্ত কঠিন সমস্যার আংশিক সমাধান করতে সক্ষম হয়েছেন। সমস্যাটি ছিল নেভিয়ার-স্টোকস সমীকরণের অংশ, যা তরল পদার্থের গতিবিধি নিয়ে কাজ করে।
এআই প্রশিক্ষণের একটি অনুশীলনে ১০ হাজারের বেশি এআই এজেন্ট বা কিছুটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম কম্পিউটার বটকে ওই সমস্যা সমাধানের কাজে যুক্ত করা হয়েছিল।
তবে নেভিয়ার-স্টোকস সমীকরণ নিয়ে ওপেনএআই প্রকাশিত প্রমাণটির যথার্থতা এখনো নিশ্চিত করা হয়নি। এআই ব্যবহার করে গণিতের সমস্যা সমাধানের উদ্যোগ একাডেমিক ও উচ্চতর গণিতের গবেষক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে।
গণিতবিদদের একটি দল বলেছে, নিজেদের বাণিজ্যিক পণ্য কতটা উন্নত, তা তুলে ধরতে এআই কোম্পানিগুলোর বড় বড় গাণিতিক সমাধানের দাবি করা গণিতবিজ্ঞানের জন্য ক্ষতিকর। এক যৌথ চিঠিতে ওই গবেষকেরা বলেন, বৌদ্ধিক কর্মকাণ্ডের প্রতি একটি সাধারণ হুমকি সৃষ্টি হচ্ছে, যেখানে এআই ব্যবহারের ফলাফল ও এর প্রাথমিক উদ্দেশ্যের মধ্যে অসামঞ্জস্য দেখা দিচ্ছে। এর এক মাস পর ওপেনএআই আরো ৩৭২টি অমীমাংসিত উচ্চতর গাণিতিক সমস্যার সমাধান, প্রমাণ অথবা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করে। এসব দাবির সত্যতা যাচাই করতে বিশেষজ্ঞদের কয়েক মাস, এমনকি আরো বেশি সময় লাগতে পারে।