প্রবাসে থেকেও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে : ডা. শফিক
অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের উদ্যোগে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান : নয়া দিগন্ত।
ads

 নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একজন মুসলমান পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুন না কেন, সর্বাবস্থায় তার ঈমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখতে হবে। সেই সাথে যে দেশে বসবাস করবেন, সে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। প্রবাসে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে নিজ দেশের উন্নয়নেও অবদান রাখতে হবে।
তিনি বলেন, প্রবাসীরা শুধু নিজেদের কর্মজীবন ও ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না বরং নিজেদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দেশের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করবেন। বিশেষ করে রাষ্ট্র সংস্কার, উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
গতকাল অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জনশক্তির উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি দায়িত্ব ও ভালোবাসা অটুট রাখতে হবে। নিজেদের পেশাগত দক্ষতা, সততা, যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমর্যাদা তুলে ধরতে হবে। পাশাপাশি দেশের মানুষের কল্যাণ ও রাষ্ট্রের উন্নয়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে হবে।
তিনি আরো বলেন, প্রবাসীরা তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দেশের উন্নয়ন এবং রাষ্ট্র সংস্কারের কাজে কিভাবে কার্যকরভাবে কাজে লাগাতে পারেন, সে বিষয়ে আরো উদ্যোগী হওয়া প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান ও প্রবাসী শিক্ষাবিদ শিবলী আবদুল্লাহ। এ ছাড়াও সভায় অস্ট্রেলিয়ায় বসবাসরত সাবেক ছাত্রনেতা ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
এ দিকে অস্ট্রেলিয়ান মুসলিম আলেমদের প্রধান সংগঠন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের অফিসে গতকাল দুপুরে জামায়াত প্রতিনিধিদল স্থানীয় ইমাম ও আলেমদের সাথে একটি সংবর্ধনা অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজে অংশ নেয়। ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রেসিডেন্ট শায়খ শাদী আল সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ডা. শফিকুর রহমান বলেন, বিশ্বজুড়ে মুসলিমরা আজ জ্ঞান এবং আমলের প্রতি যথাযথ গুরুত্ব না দেয়ার ফলে পৃথিবীর নেতৃত্ব দেয়ার পরিবর্তে পেছনে পড়ে রয়েছে। কেবল ইসলামকে যথাযথভাবে আঁকড়ে ধরার মাধ্যমে এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। 
ইমাম কাউন্সিলের এই সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশী, লেবানিজ, টার্কিশ, পাকিস্তানি, ইন্দোনেশিয়ানসহ বিভিন্ন কমিউনিটির আলেমরা অংশগ্রহণ করেন। 
একই অডিটোরিয়ামে বিকেলে শিশু-কিশোরদের সাথে ‘চেঞ্জ নিডস আওয়ার ইয়ুথ’ শিরোনামে একটি প্রাণবন্ত মতবিনিময় অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধিদল অংশগ্রহণ করে। বাংলাদেশী বংশোদ্ভূত শিশু-কিশোরদের উচ্ছ্বসিত বক্তব্য শোনার পর ডা. শফিকুর রহমান তাদেরকে বাংলাদেশের গল্প শোনান। এ অনুষ্ঠানে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি তাদেরকে জুলাই গণ-অভ্যুত্থানে কিভাবে বাংলাদেশের তরুণ প্রজন্ম দৈত্যাকার ফ্যাসিবাদকে রুখে দিয়েছে তার বর্ণনা করেন।
সন্ধ্যায় জামায়াত আমির ও তার সফরসঙ্গীরা স্থানীয় টার্কিশ কমিউনিটির আমন্ত্রণে সিডনির গ্যালিপলি হোম এজড কেয়ার সেন্টার পরিদর্শন করেন। মুসলিম কমিউনিটির উদ্যোগে প্রতিষ্ঠিত বয়স্ক মানুষদের জন্য আধুনিক সুযোগসুবিধাসম্পন্ন এই এজড কেয়ার সেন্টারের কর্মকর্তাদের কাছ থেকে তিনি তাদের সেবা সম্পর্কে বিস্তারিত জানেন এবং কমিউনিটি নেতৃবৃন্দের সাথে বাংলাদেশের সাথে মানবিক ও কল্যাণমূলক পারস্পরিক সহায়তামূলক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন। 
আজ রোববার ডা. শফিকুর রহমান প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে আয়োজিত একটি গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। দেশে ফেরার আগে সোমবার তিনি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ফেডারেল পার্লামেন্ট পরিদর্শনের পাশাপাশি সরকারি ও বিরোধীদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অস্ট্রেলিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎ করবেন।