সঙ্কট স্বীকার করেছে কপ৩১, কিন্তু সমাধানের সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছে
এম জাকির হোসেন খান।
ads

বিশেষ সংবাদদাতা
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলন সঙ্কটের ভয়াবহতা স্বীকার করলেও তা মোকাবেলায় প্রয়োজনীয় অর্থায়ন ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারেনি। ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সীমা অতিক্রমের আশঙ্কা, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের প্রশ্ন, অভিযোজন অর্থায়নের ঘাটতি এবং ক্ষয়ক্ষতি তহবিল নিয়ে মতবিরোধে ঝুলে গেছে গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর বিপরীতে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণের বোঝা ক্রমেই বাড়ছে। বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এই বিলম্বের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এবং কপ৩১ থেকে বিশ্ব কী পেল- এসব প্রশ্নে কথা বলেছেন চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী ও জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ এম জাকির হোসেন খান। তুরস্কের আনতালিয়া থেকে দেয়া এই সাক্ষাৎকারের বিস্তারিত-
প্রশ্ন : কপ৩১-এর আলোচনা নির্ধারিত সময় অতিক্রম করেছে। সম্মেলনের সামগ্রিক ফলাফলকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
এম জাকির হোসেন খান : কপ৩১-কে আমার কাছে এমন একটি সম্মেলন মনে হয়েছে, যেখানে বিশ্ব প্রথমবারের মতো স্পষ্টভাবে স্বীকার করেছে যে ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সীমা রক্ষা করা সম্ভব হচ্ছে না, কিন্তু সেই সঙ্কট মোকাবেলায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আবারো পিছিয়ে গেছে। তুরস্কের আনতালিয়ায় নির্ধারিত শুক্রবারের সময়সীমা অতিক্রম করার পরও আলোচনা শেষ হয়নি। ২০ নভেম্বর রাত ১০টা ২৯ মিনিটে সমাপনী অধিবেশন স্থগিত করা হয়। তখন পর্যন্ত কেবল কারিগরি বিষয়গুলো অনুমোদিত হয়েছিল এবং রাজনৈতিক সমঝোতার তৃতীয় খসড়া শনিবার সকালে উপস্থাপনের কথা জানানো হয়।
কপ সম্মেলনে নির্ধারিত সময়ের পর আলোচনা চলা নতুন কিছু নয়। কিন্তু এবার সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, জলবায়ুবিজ্ঞানের সতর্কবার্তা, ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র এবং উন্নয়নশীল দেশগুলোর ঋণের চাপ- সবকিছু যখন অবিলম্বে পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরছে, তখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আবারো ভবিষ্যতের জন্য রেখে দেয়া হয়েছে।
এই বিলম্বের মূল্য দিচ্ছে সেই দেশ ও জনগোষ্ঠী, যারা জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী। প্রতিটি বিলম্বের অর্থ আরো বেশি উষ্ণতা, অভিযোজন কার্যক্রমে ঘাটতি এবং দুর্যোগের ক্ষতি মোকাবেলায় নতুন ঋণের বোঝা।
প্রশ্ন : এত সমালোচনার মধ্যেও কপ৩১-এর উল্লেখযোগ্য অর্জন কী কী?
এম জাকির হোসেন খান : সম্মেলনটিকে পুরোপুরি ব্যর্থ বলা ঠিক হবে না। কয়েকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রথমত, উদ্বোধনী দিনেই স্বতন্ত্র জলবায়ু অর্থায়ন কর্মসূচি বা ক্লাইমেট ফাইন্যান্স ওয়ার্ক প্রোগ্রাম গৃহীত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের আপত্তি থাকা সত্ত্বেও এটি গ্রহণ করা হয়। এর ফলে উন্নয়নশীল দেশগুলো শুধু অর্থায়নের ঘোষিত পরিমাণ নয়, বরং অর্থের গুণগত মান, পূর্বানুমানযোগ্যতা এবং বাস্তবে অর্থ ছাড়ের বিষয়গুলোও পর্যালোচনার সুযোগ পাবে।
দ্বিতীয়ত, ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রমের বাস্তবতা স্বীকার করা হয়েছে। খসড়া সিদ্ধান্তে প্রথমবারের মতো স্পষ্টভাবে বলা হয়েছে, বিশ্ব এই সীমা অতিক্রমের পথে রয়েছে এবং একটি ওভারশুট পরিস্থিতিতে প্রবেশ করছে। অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবেলার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ।
তৃতীয়ত, ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে ৭৫টি দেশের সমর্থন পাওয়া গেছে। তবে শুধু বিদ্যুতের ব্যবহার বাড়ালেই হবে না; নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়ানোও জরুরি।
এ ছাড়া পাহাড় ও জলবায়ু পরিবর্তন নিয়ে একটি কর্মসূচি প্রতিষ্ঠার প্রস্তাব এসেছে। নেপালের লাংটাং ও ভোতে কোশি অঞ্চলের বন্যার মতো বিপর্যয় পাহাড়ি জনপদের জলবায়ুঝুঁকিকে সামনে এনেছে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির জন্য উন্নয়নশীল দেশগুলোর প্রায় ২.৮ বিলিয়ন ডলারের অর্থায়ন চাহিদার বিপরীতে বরাদ্দ রয়েছে মাত্র ৩৪২ মিলিয়ন ডলারের মতো। একই সাথে অস্থিতিশীল ঋণ পরিস্থিতি জলবায়ু মোকাবেলার সক্ষমতাকে বাধাগ্রস্ত করছে- এ বাস্তবতাও খসড়ায় স্বীকার করা হয়েছে।
প্রশ্ন : জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে কপ৩১ কি কোনো কার্যকর সিদ্ধান্ত নিতে পেরেছে?
এম জাকির হোসেন খান : এখানেই সম্মেলনের বড় দুর্বলতা। খসড়া সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সুস্পষ্ট অঙ্গীকারের পরিবর্তে ‘নি¤œ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণমুখী অপরিবর্তনীয় বৈশ্বিক রূপান্তর’-এর মতো অপেক্ষাকৃত অস্পষ্ট ভাষা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি কার্বন ক্যাপচার প্রযুক্তিকে গুরুত্ব দেয়া হয়েছে।
কিন্তু বাস্তবতা হলো, কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানো এবং পর্যায়ক্রমে বন্ধ করার সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া জলবায়ু সঙ্কট মোকাবেলা সম্ভব নয়। এ বিষয়ে একটি ২৩ দেশের জোট, যার মধ্যে আয়ারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা রয়েছেন, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার অঙ্গীকার বাদ দিয়ে কোনো চুক্তি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।
শেষ পর্যন্ত জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বাস্তব কাজকে আনুষ্ঠানিক আলোচনার বাইরে স্বেচ্ছামূলক রোডম্যাপের ওপর ছেড়ে দেয়া হয়েছে। এটি যথেষ্ট নয়। কারণ স্বেচ্ছামূলক উদ্যোগের সাথে বাধ্যতামূলক লক্ষ্য, সময়সীমা ও জবাবদিহি না থাকলে বাস্তব পরিবর্তন আসে না।
প্রশ্ন : জলবায়ু অভিযোজন অর্থায়ন নিয়ে কী ধরনের অগ্রগতি হয়েছে?
এম জাকির হোসেন খান : এ ক্ষেত্রেও প্রত্যাশা পূরণ হয়নি। অভিযোজন অর্থায়নের ক্ষেত্রে ১২০ বিলিয়ন ডলারের যে অঙ্কটি আলোচনায় ছিল, তা বাদ পড়েছে। একই সাথে অনুদানের সমপরিমাণ অর্থ বা গ্র্যান্ট-ইকুইভ্যালেন্ট ভিত্তিতে অর্থায়ন হিসাবের প্রস্তাবও চূড়ান্ত হয়নি। পরিবর্তে অর্থায়ন অন্তত তিন গুণ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
কিন্তু তিন গুণ বাড়ানো হবে কোন ভিত্তির ওপর, কত সময়ের মধ্যে এবং কতটুকু অনুদান হিসেবে দেয়া হবে- এসব প্রশ্নের স্পষ্ট উত্তর নেই।
খসড়ায় উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন চাহিদা বছরে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার বলে উল্লেখ করা হয়েছে। অথচ ২০২৩ সালে আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়ন ছিল মাত্র ২৬ বিলিয়ন ডলার। এর ৫৮ শতাংশই এসেছে ঋণ হিসেবে।
অর্থাৎ অর্থায়ন বাড়ানোর কথা বলা হলেও ঋণনির্ভরতা কমানোর নিশ্চয়তা নেই। অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থের ভিত্তি ও বাস্তবায়নপথ নির্ধারণের দায়িত্ব এখন জাতিসঙ্ঘের জলবায়ু অর্থায়নবিষয়ক স্থায়ী কমিটির প্রতিবেদনের ওপর এবং পরবর্তী আলোচনা ২০২৭ সালের দিকে গড়িয়েছে।
প্রশ্ন : উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়নের আইনি দায়বদ্ধতা কি কপ৩১-এর সিদ্ধান্তে যথাযথভাবে প্রতিফলিত হয়েছে?
এম জাকির হোসেন খান : না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাটতি। প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৯.১ অনুযায়ী উন্নত দেশগুলোর উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু অর্থায়ন দেয়ার দায়িত্ব রয়েছে। কিন্তু কপ৩১-এর খসড়া সিদ্ধান্তে এই অনুচ্ছেদের কোনো উল্লেখ নেই।
এখানে একটি মৌলিক পার্থক্য রয়েছে। জলবায়ু অর্থায়ন কোনো দয়া বা ঐচ্ছিক সহায়তা নয়; এটি আন্তর্জাতিক জলবায়ু কাঠামোর অধীনে উন্নত দেশগুলোর দায়িত্বের অংশ।
কর্মসূচি গ্রহণ করা হয়েছে, কিন্তু সেই কর্মসূচির মধ্যেই অর্থায়নের বাধ্যবাধকতা বাস্তবায়নের সুস্পষ্ট পথ নেই। ফলে বিষয়টি আবারো ভবিষ্যৎ আলোচনার ওপর ছেড়ে দেয়া হয়েছে। আমাদের দাবি, ২০২৭ সালে উন্নত দেশগুলোকে পরিমাণ নির্ধারিত অর্থায়ন পরিকল্পনা দিতে হবে। সেখানে ঋণ ও অনুদানের হিসাব আলাদা থাকতে হবে।
প্রশ্ন : ক্ষয়ক্ষতি মোকাবেলার তহবিল বা লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের ক্ষেত্রে কী অবস্থা তৈরি হয়েছে?
এম জাকির হোসেন খান : কপ৩১-এ ক্ষয়ক্ষতির বাস্তবতা স্বীকার করা হয়েছে, কিন্তু প্রয়োজনীয় অর্থায়নের সিদ্ধান্ত হয়নি। উন্নয়নশীল দেশগুলোর প্রায় ২.৮ বিলিয়ন ডলারের অর্থায়ন চাহিদার বিপরীতে বরাদ্দ মাত্র ৩৪২ মিলিয়ন ডলার। এই ব্যবধানই বলে দেয়, তহবিলের বর্তমান সক্ষমতা কতটা সীমিত।
নেপালে আগস্টের হিমবাহজনিত বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ চেঞ্জ ইনিশিয়েটিভের প্রাথমিক হিসাব অনুযায়ী ১.৩৮ থেকে ২.৭০ বিলিয়ন ডলার। অথচ তহবিল থেকে প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে মাত্র ২১.৬ মিলিয়ন ডলার।
যে ক্ষতি অনুদান দিয়ে পূরণ হওয়ার কথা, তা পূরণ না হলে সংশ্লিষ্ট সরকারকে ঋণ নিতে হয়। ফলে জলবায়ু দুর্যোগ শুধু মানবিক বিপর্যয় সৃষ্টি করে না, রাষ্ট্রের ঋণঝুঁকিও বাড়িয়ে দেয়।
আমাদের প্রস্তাব হলো, ২০২৭ সালে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড আবার অর্থায়নের জন্য এমন একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে, যা ইতোমধ্যে উত্থাপিত ২.৮ বিলিয়ন ডলারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই অর্থ অবশ্যই অনুদান হিসেবে দিতে হবে।
প্রশ্ন : জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণসঙ্কট কতটা গভীর হচ্ছে?
এম জাকির হোসেন খান : এটি এখন জলবায়ু ন্যায্যতার অন্যতম বড় প্রশ্ন। চেঞ্জ ইনিশিয়েটিভের ক্লাইমেট ডেট রিস্ক ইনডেক্স অনুযায়ী, জলবায়ু ঝুঁকিতে থাকা ৫৫টি দেশের মধ্যে ৪৭টি দেশ উচ্চ বা অতি উচ্চ জলবায়ু-ঋণঝুঁকিতে রয়েছে।
শুধু ২০২৩ সালেই এসব দেশ ঋণ পরিশোধে ব্যয় করেছে ৪৭.১৭ বিলিয়ন ডলার। অথচ ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত তাদের জন্য নথিভুক্ত মোট জলবায়ু অর্থায়ন ছিল ৩৩.৭৪ বিলিয়ন ডলার।
অর্থাৎ জলবায়ু মোকাবেলায় যে অর্থ পাওয়া যাচ্ছে, তার তুলনায় ঋণ পরিশোধের চাপ অনেক বেশি। ২০২২ সালে সরকারি জলবায়ু অর্থায়নের ৬৯ শতাংশ এসেছে ঋণ হিসেবে।
বাংলাদেশের ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক। আমাদের জ্বালানি খাতে জলবায়ু অর্থায়নের ৯২ শতাংশ এসেছে ঋণ হিসেবে। ফলে জলবায়ু মোকাবেলার নামে নতুন ঋণ নেয়া হলে ভবিষ্যতে সেই ঋণের সুদ ও আসল পরিশোধের চাপ বাড়বে।
আমরা মনে করি, জলবায়ু অর্থায়নের কাঠামো ঋণনির্ভর না হয়ে শুরু থেকেই ঋণমুক্ত ও অনুদানভিত্তিক হওয়া উচিত।
প্রশ্ন : বাংলাদেশের জন্য কপ৩১-এর সিদ্ধান্তগুলো কতটা তাৎপর্যপূর্ণ?
এম জাকির হোসেন খান : বাংলাদেশের জন্য এই সম্মেলনের প্রতিটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর তালিকায় সামনের দিকে না থাকলেও ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম।
বাংলাদেশের নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, তাপপ্রবাহ এবং উপকূলীয় জনপদের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে চরাঞ্চলের মানুষ বারবার বাস্তুচ্যুত হচ্ছে। কুড়িগ্রামের কোনো একটি পরিবারের কথা চিন্তা করুন, যে পরিবার হয়তো জীবনে ১০ বা ২০ বার নদীভাঙনের কারণে বসতভিটা হারিয়েছে। তাদের কাছে অভিযোজন অর্থায়নের নতুন কোনো গবেষণা বা আগামী বছরের সিদ্ধান্তের প্রতিশ্রুতি তাৎক্ষণিক কোনো সমাধান নয়।
বাংলাদেশের প্রয়োজন এমন অর্থায়ন, যা সময়মতো পৌঁছাবে, ঋণের বোঝা বাড়াবে না এবং স্থানীয় জনগোষ্ঠীর বাস্তব চাহিদা পূরণ করবে।
প্রশ্ন : জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার বিষয়টি কিভাবে দেখছেন?
এম জাকির হোসেন খান : আন্তর্জাতিক বিচার আদালতের ২০২৫ সালের সর্বসম্মত পরামর্শমূলক মতামত এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আদালত জলবায়ু পরিবর্তন মোকাবেলায় রাষ্ট্রগুলোর আইনি বাধ্যবাধকতা, অভিযোজনের দায়িত্ব এবং ক্ষতির ক্ষেত্রে প্রতিকার বা ক্ষতিপূরণের প্রশ্নকে গুরুত্ব দিয়েছে।
অর্থাৎ জলবায়ু প্রতিশ্রুতি কেবল রাজনৈতিক সদিচ্ছার বিষয় নয়; এর সাথে আন্তর্জাতিক আইনি দায়িত্বও যুক্ত।
কিন্তু যখন সম্মেলনের পর সম্মেলনে সিদ্ধান্ত পিছিয়ে দেয়া হয়, তখন আইনি বাধ্যবাধকতাগুলো বাস্তবে ঐচ্ছিক প্রতিশ্রুতির মতো বিবেচিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার- বিশুদ্ধ বায়ু, নিরাপদ পানি, প্রবহমান নদী এবং নিরাপদ আবাসন- রক্ষার দায়িত্ব রাষ্ট্রগুলোর রয়েছে।
প্রশ্ন : কপ৩১-এর পরবর্তী সময়ে, বিশেষ করে কপ৩২-এর আগে কী কী পদক্ষেপ নেয়া জরুরি বলে মনে করেন?
এম জাকির হোসেন খান : আনতালিয়ায় যেসব সিদ্ধান্ত পিছিয়ে দেয়া হয়েছে, আগামী ১২ মাসকে সেগুলোর বাস্তবায়নের বছর হিসেবে দেখতে হবে। এ জন্য পাঁচটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।
প্রথমত, অভিযোজন অর্থায়নের ভিত্তি দ্রুত নির্ধারণ করতে হবে। জাতিসঙ্ঘের জলবায়ু অর্থায়নবিষয়ক স্থায়ী কমিটিকে অনুদানের সমপরিমাণ অর্থের ভিত্তিতে একটি প্রতিবেদন দিতে হবে। স্বল্পোন্নত দেশগুলোর দাবির সাথে সামঞ্জস্য রেখে ২০২৫ সালকে ভিত্তিবছর হিসেবে বিবেচনা করা যেতে পারে।
দ্বিতীয়ত, জলবায়ু অর্থায়ন কর্মসূচিকে প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৯.১-এর বাধ্যবাধকতার সাথে যুক্ত করতে হবে। উন্নত দেশগুলোকে ২০২৭ সালে পরিমাণ নির্ধারিত অর্থায়ন পরিকল্পনা দিতে হবে এবং ঋণ ও অনুদানের হিসাব আলাদা করতে হবে।
তৃতীয়ত, লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে ২০২৭ সালে নতুন অর্থায়ন নিশ্চিত করতে হবে। এর লক্ষ্য হতে হবে ইতোমধ্যে উত্থাপিত ২.৮ বিলিয়ন ডলারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থায়ন।
চতুর্থত, ন্যায্য জ্বালানি রূপান্তর বা জাস্ট ট্রানজিশন মেকানিজমের জন্য শুধু জ্ঞানভিত্তিক কেন্দ্র প্রতিষ্ঠা যথেষ্ট নয়। এর সাথে সরাসরি অর্থায়নের ব্যবস্থা থাকতে হবে, যাতে জ্বালানি রূপান্তরের ফলে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও জনগোষ্ঠী সহায়তা পায়।
পঞ্চমত, আনতালিয়া-টু-আদ্দিস আবাবা রোডম্যাপে অর্থের উৎস সুনির্দিষ্ট করতে হবে। জীবাশ্ম জ্বালানি কোম্পানির মুনাফা, অতিধনীদের সম্পদ এবং বিলাসবহুল ভ্রমণের ওপর সংহতি শুল্ক আরোপের মাধ্যমে বছরে ৩৫ থেকে ৪০০ বিলিয়ন ডলার সংগ্রহের সম্ভাবনা রয়েছে বলে আমাদের হিসাব। এই অর্থের ৩০ শতাংশ এবং ৪০ শতাংশ যথাক্রমে স্বল্পোন্নত দেশ ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জন্য সংরক্ষণের প্রস্তাব রয়েছে।
প্রশ্ন : শেষ পর্যন্ত কপ৩১ থেকে বিশ্ব কী শিক্ষা নিতে পারে?
এম জাকির হোসেন খান : আনতালিয়া দেখিয়েছে, বিশ্ব জলবায়ু সঙ্কটের প্রকৃতি ও গভীরতা সম্পর্কে এখন যথেষ্ট সচেতন। কিন্তু সঙ্কটের বিবরণ দেয়া আর সঙ্কট মোকাবেলায় অর্থ ও রাজনৈতিক সিদ্ধান্ত নিশ্চিত করা এক বিষয় নয়।
আমরা এমন একটি পরিস্থিতিতে পৌঁছেছি, যেখানে আরেকটি সম্মেলন, আরেকটি কর্মসূচি কিংবা আরেকটি গবেষণার প্রতিশ্রুতি দিয়ে সময়ক্ষেপণের সুযোগ নেই। আদ্দিস আবাবায় পরবর্তী সম্মেলনের আগে বিশ্বকে প্রমাণ করতে হবে যে তারা শুধু সঙ্কটের কথা বলতে নয়, সমাধানের অর্থায়ন করতেও প্রস্তুত।
জলবায়ু অর্থায়ন অবশ্যই ঋণমুক্ত ও অনুদানভিত্তিক হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দুর্যোগ ঘটে যাওয়ার পর নয়, দুর্যোগের আগেই অর্থ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে। অন্যথায় জলবায়ু পরিবর্তনের দায় যাদের সবচেয়ে কম, তারাই সবচেয়ে বেশি মূল্য দিতে থাকবে।