জুলাই সনদই হবে জাতীয় ঐক্যের সেতুবন্ধন: এমপি মাসুদ
ads

রংপুর ব্যুরো

জুলাই সনদ, গণভোট, অপরাধীদের বিচার ও মৌলিক সংস্কার কার্যক্রম শুরু না হলে শুধু চা কিংবা বিরিয়ানি খেয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। গতকাল শনিবার দুপুরে রংপুর মডেল কলেজে ছাত্রশিবিরের সাবেক সদস্যদের শিক্ষা শিবির শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার চা-চক্র প্রসঙ্গে ড. মাসুদ বলেন, মত ও চিন্তার ভিন্নতা থাকলেও দেশ ও জাতির প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার চা-চক্র সেই আলোচনার দ্বার উন্মুক্ত করেছে। তবে এ ঐক্যকে কার্যকর করতে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সাথে জড়িতদের বিচার এবং মৌলিক সংস্কার কার্যক্রম শুরু করতে হবে।
এ সময় রংপুর-৫ আসনের এমপি গোলাম রব্বানী, রংপুর-৬ আসনের এমপি নুরুল আমিন, রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী এবং মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।