বৈশাখী টিভিতে হেনস্তা সাংবাদিককে, ডিএমডি টিপু আলম আটক
ads

 নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন বৈশাখী টেলিভিশনে অস্থিরতা চলছে। এর রেশ ধরে টেলিভিশনটির হেড অব অনলাইন অ্যান্ড ডিজিটাল নাহিয়ানকে চ্যানেলটির অফিসের ভেতরে হেনস্তা করেছে। এ ঘটনায় টিভি চ্যানেলটির অফিসের ভেতরে ও বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে আটক করে নিয়ে যায়। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় টিপু বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যা মামলার আসামি।
বৈশাখী টেলিভিশনে কর্মরত কয়েকজন সংবাদকর্মী জানান, চানেলটিতে কয়েকদিন ধরে দখল নিয়ে অস্থিরতা বিরাজ করছিল। টিপু আলম মিলন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় থেকেই তার দায়িত্বে আছেন। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর সেখানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত অনেকে চ্যানেলটি ছেড়ে আড়ালে চলে যান। যাদের সবাই আওয়ামী লীগ সরকারের সময় নানান সুযোগ সুবিধা গ্রহণ করে বিশেষ আলোচনায় ছিলেন। এতে করে চ্যানেলটির কিছু পদে পরিবর্তন ঘটে। টিপু আলম মিলন ডিএমডি থাকলেও চ্যানেলটির বার্তা বিভাগের গুরুত্বপূর্ণ পদে জাতীয়তাবাদী ঘরানার অনেকে নতুন করে নিয়োগ পান। বিষয়টি টিপু আলম মেনে নিতে পারছিলেন না। 
সবশেষ শেখ হাসিনা দেশে ফিরবেন এই ভরসায় তিনি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে চ্যানেলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিজে নেয়ার মিশন শুরু করেন। তার সাথে যোগ দেন চ্যানেলে কর্মরত আওয়ামী সমর্থিত সাংবাদিকরা। তারই অংশ হিসেবে শুরুতে চ্যানেলটির হেড অব অনলাইন অ্যান্ড ডিজিটাল নাহিয়ানকে চাকরিচ্যুত করার পরিকল্পনা করেন। সেখানে নতুন একজনকে নিয়োগ দেখিয়ে নাহিয়ানকে চাকরি ছাড়তে বলা হয়। এতে করে অফিসে অসন্তোষ ছড়িয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় গতকাল নাহিয়ানকে ডিএমডি টিপু আলমের কয়েকজন অনুসারী যারা একই অফিসে ভিন্ন পদে কর্মরত তারা তাকে ধরে নিয়ে একটি রুমে আটকে অপদস্থ ও আক্রমণ করে। এরপর অফিসে উত্তেজনা শুরু হলে ডিএমডি টিপু আলম নিজের রুম থেকে বের হয়ে এসে সবার সামনে নাহিয়ানের দিকে তেড়ে আসেন এবং তাকে আটকে রাখার নির্দেশ দেন। বিষয়টি নাহিয়ান তার কয়েকজন সহযোগিকে জানালে তারা তাকে উদ্ধারে বৈশাখী টিভির সামনে জড়ো হন। এতে করে টিপু আলম ভবনের প্রধান ফটক বন্ধ করে দিতে বলেন। তাতে করে নাহিয়ানকে উদ্ধারে আসা লোকজন বৈশাখী টিভির সামনে বিক্ষোভ করেন। এ সময় বৈশাখী টিভির একজন রিপোর্টার চ্যানেলটির ফেসবুক পেইজে লাইভে ঘটনাটি বর্ণনা করেন। টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের কথা জানিয়ে কার্যালয়ের ছাদ থেকে ফেসবুক লাইভ করে এমন পরিস্থিতি থেকে উদ্ধারে সবার সহযোগিতা চান। বেলা সাড়ে ৩টার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই লাইভ সম্প্রচার করা হয়। এতে একজন সাংবাদিক দাবি করেন, একদল লোক টেলিভিশনটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলার কারণে তারা নিচে নামতে পারছেন না।
লাইভে ওই সাংবাদিক আরো বলেন, আমরা বাধ্য হয়ে ছাদ থেকে লাইভ করার চেষ্টা করছি। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি। কোনোভাবে নিচে নামতে পারছি না। আমাদের একজন সহকর্মীকে আঘাত করা হয়েছে। তিনি আরো বলেন, হামলাকারীরা কার্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন। লিফটও বন্ধ রয়েছে। এ অবস্থায় ভবনের ভেতরে আটকে পড়েছেন সাংবাদিক ও কর্মীরা। তাদের দু’টি মোবাইল ফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
লাইভে বৈশাখী টেলিভিশনের একজন কর্মী জানান, প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক মিলনকে একদল লোক তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে কর্মীরা তাকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে আসেন। তবে এরপরও হামলাকারীরা নিচে অবস্থান করছিলেন এবং মূল ফটক ভাঙার চেষ্টা করছিলেন।
লাইভ থেকে তিনি বলেন, নিচে এখনো তারা আছে এবং বাইরে থেকে তারা গেট ভাঙার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিচে আছে। আশা করি, খুব দ্রুত এর সমাধান হবে। আমরা অনেকে আটকা আছি। পরিস্থিতি মোকাবেলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছেন বলেও লাইভে জানান তিনি। 
পরে বনানী থানা-পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। লাইভে পুলিশ সদস্যদের নিচে অবস্থানরত লোকজনের সাথে কথা বলতে দেখা যায়। এ সময় সাংবাদিকেরা তাদের আহত সহকর্মীকে হাসপাতালে পাঠাতে না পারার কথাও জানান। নিরাপত্তার কারণে লাইভে কয়েকজন কর্মীর পরিচয় ও চেহারা প্রকাশ করেননি তারা। লাইভের শেষ দিকে সাংবাদিকদের একজন বলেন, ‘আমাদের অবস্থা খুবই শোচনীয়। প্লিজ, হেল্প মি। বাঁচান আমাদের, বৈশাখী টেলিভিশনকে বাঁচান।’
এতে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ঘটনার বিষয় গণমাধ্যম কর্মীদের মধ্যে ব্যাপক কৌতুহল তৈরি হয়। এরই মধ্যে সেখানে অবস্থানরত পুলিশ বৈশাখী টিভি কার্যালয়ে প্রবেশ করে ডিএমডি ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে তাদের হেফাজতে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে টেলিভিশনটির একধিক কর্মকর্তাদের ফোন দিয়েও কাউকে পাওয়া যায়নি। তবে বার্তা প্রধান ফোন রিসিভ করলেও ঘটনার বিষয়ে কিছুই বলেননি। বিজ্ঞপ্তির মাধ্যমে সব জানিয়ে দেয়া হবে বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে হামলার শিকার এইচ এম নাহিয়ান বলেন, ‘দুপুরে বৈশাখীর ডিএমডি টিপু আলম মিলন, তার ছেলে তামিম ও কনসালট্যান্ট সাজ্জাদ সন্ত্রাসীবাহিনী নিয়ে আমার ওপর হামলা করে ও কয়েক ঘণ্টা আমাকে রুমে আটকে জিম্মি করে রাখে। পুলিশ এসে আমাকে উদ্ধার করে।’
তিনি আরো বলেন, ‘টিপুর বিরুদ্ধে জুলাই আন্দোলনের ফ্যাসিবাদী মামলা থাকায় লোকজন তাকে ধরে নিতে আসে, এ বিষয়ে সে অযথা এবং মিথ্যা সন্দেহ করে ওদের হাত থেকে বাঁচবার জন্য আমার ওপর মিথ্যা অপবাদ দেয় যে আমি নাকি লোকজনকে নিয়ে আসছি, এই কথা বলে তারা অতর্কিত হামলা করে অথচ এই ঘটনার কোনো কিছুই আমি জানি না।’
এ বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, টিপু টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর তাকে ঘিরে রাখে একদল লোক। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। টিপু ‘বৈষম্যবিরোধী আন্দোলনে’ সংঘটিত হত্যা মামলার আসামি।
জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা
বৈশাখী টেলিভিশনের হেড অব ডিজিটাল এইচ এম নাহিয়ানকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার পাশাপাশি ডিএমডি টিপু আলমের কক্ষে আটকে রেখে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, একজন গণমাধ্যমকর্মীকে কর্মস্থলে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক। কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কিংবা মালিকপক্ষেরই কর্মীদের সাথে এমন আচরণ করার অধিকার নেই।