
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
সাভার ও আশুলিয়ায় তৈরী পোশাক খাতে সৃষ্ট সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার ঘটনায় দায়েরকৃত দু’টি মামলায় শ্রমিক ফেডারেশনের পাঁচ শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজনকে রাজধানীর মীরপুর থেকে এবং বাকি তিনজনকে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়। সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় হওয়া ১৮টি মামলায় গ্রেফতার মোট ৯৬ জনের মধ্যে তারা অন্যতম।
আশুলিয়া থেকে গ্রেফতাররা হলেন- বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: শামীম (৪৮), বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো: মনসুর আলী (৪৬) এবং জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুল হালিম (৩৭)।
এ ছাড়া গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ডিএমপির পল্লবী থানাধীন মিরপুর এলাকার একটি বাসা থেকে গ্রিন বাংলা গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোছাম্মৎ সুলতানা বেগম (৫০) এবং সাধারণ সম্পাদক মো: ইলিয়াসকে (৫১) গ্রেফতার করা হয়।
গত ২৯ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সাভার ও আশুলিয়ায় পোশাক খাতের অস্থিরতায় পুলিশের সাতটি গাড়ি (শিল্প পুলিশের পাঁচটি ও জেলা পুলিশের দু’টি) ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি সম্পূর্ণ পুড়িয়ে দেয়া হয়। এসব ঘটনায় শিল্প ও জেলা পুলিশের প্রায় ৫০ জন সদস্য আহত হন। এ ছাড়া, গত ৭ নভেম্বর আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলার তথ্য অনুযায়ী, দুর্বৃত্তদের পরিকল্পিত হামলায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
উল্লেখ্য,গত ৪ নভেম্বর বেলা ১১টার দিকে ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকসহ প্রায় পাঁচ থেকে ছয় হাজার লোক হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে গেলে বিক্ষোভকারীরা ইটপাটকেল, ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে এবং পুলিশের একটি পিকআপ ভ্যান ও দু’টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুরুতর আহত হন এবং ২০ থেকে ৩০ জন পুলিশ সদস্য জখম হন।
এ ঘটনায় ৫ নভেম্বর সাভার মডেল থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা (নম্বর-১৬) করা হয়। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ডিএমপির পল্লবী থানাধীন মিরপুর এলাকার একটি বাসা থেকে গ্রিন বাংলা গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোছাম্মৎ সুলতানা বেগম এবং সাধারণ সম্পাদক মো: ইলিয়াসকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বাসাটি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন সাবেক এমপির।
অন্য দিকে গত ৩ নভেম্বর আশুলিয়ার ঘোষবাগ এলাকার একটি পোশাক কারখানায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ৪০০ থেকে ৫০০ বিক্ষোভকারী জোরপূর্বক ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এতে কারখানার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। বাধা দিতে গেলে হামলাকারীরা কারখানার মহাব্যবস্থাপকের (প্রশাসন) মাথায় লোহার রড দিয়ে আঘাত এবং নিরাপত্তারক্ষী ও কর্মচারীদের মারধর করে। এ সময় কারখানার ফটকে আগুন ধরিয়ে দেয়া হয় এবং পরে ভেতর থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল জব্দ করে পুলিশ। এ ঘটনায় করা মামলায় সম্পৃক্ততার প্রমাণের ভিত্তিতে আরো তিনজন ফেডারেশন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুরের শিল্পাঞ্চলে স্বস্তি
গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, টানা কয়েক সপ্তাহের শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার পর গাজীপুরের শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরতে শুরু করেছে। গতকাল শনিবার সকালে দুই হাজারের বেশি পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও দুপুরে দু’টি কারখানাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে শিল্পাঞ্চল ও ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৫৫টি কারখানা। বাকি কারখানাগুলোতে সকালে শ্রমিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক। সকাল ১০টা পর্যন্ত জেলার প্রধান দুই মহাসড়কেও যান চলাচলে কোনো বিঘœ ঘটেনি।
তবে বেলা সারে ১১টার দিকে সালনা এলাকায় রিদিশা গার্মেন্টের প্রায় ৪০০ থেকে ৪৫০ শ্রমিক বিআরটিসি ইনস্টিটিউট এলাকা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিকে অগ্রসর হন। খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সাথে কথা বলেন। পরে তাদের বুঝিয়ে মহাসড়কে ওঠা থেকে বিরত রাখা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুরের উপপরিচালক মো: আশিকুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে মহানগর আনসার ব্যাটালিয়ন-৩-এর সদস্যরাও ঘটনাস্থলে যান। আনসার ও পুলিশের সমন্বিত তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়। এ সময় গার্মেন্ট কর্তৃপক্ষ ও সাধারণ জনগণ তাদের ভূমিকার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
অন্যদিকে, গাজীপুর মহানগরীর চৌধুরীবাড়ি এলাকায় শ্রমিকদের না জানিয়ে আর রউফ স্টাইল কোর লিমিটেড নামের একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ইউনিয়ন পাম্প-সংলগ্ন কারখানাটির শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সাথে আলোচনা করে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে শিল্পাঞ্চলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখা হয়েছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী নিরাপত্তার দায়িত্বে ১২ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন এসআরবি ও ১৩ প্লাটুন আনসার সদস্য জেলা পুলিশ, মহানগর পুলিশ এবং শিল্প পুলিশের সাথে সমন্বয় করে কাজ করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









