
কক্সবাজার অফিস
মালয়েশিয়ায় উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে নারী, শিশু-পুরুষসহ ৭২ জনকে ট্রলারে তুলে গভীর সমুদ্রে নিয়ে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে একটি মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। টানা ছয় থেকে আট দিন সাগরে আটকে রেখে তাদের ওপর নির্যাতন এবং পরিবারের কাছ থেকে জনপ্রতি প্রায় ৫০ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবির অভিযোগ করেছেন ফিরে আসা ব্যক্তিরা।
অবশেষে পাচারকারীদের সাথে ট্রলারে থাকা ব্যক্তিদের বিরোধ ও সংঘর্ষের পর শুক্রবার (২০ নভেম্বর) রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট ও শৈবাল পয়েন্ট এলাকায় ট্রলারটি পৌঁছায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নারী-শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেন। তবে ট্রলারে থাকা পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় করে যাত্রীদের গভীর সমুদ্রে অবস্থানরত একটি বড় ট্রলারে তোলা হয়। ওই ট্রলারে নারী-শিশুসহ মোট ৭২ জন ছিলেন বলে দাবি করেছেন কয়েকজন উদ্ধার হওয়া ব্যক্তি।
মালয়েশিয়ায় পৌঁছে দেয়ার আশ্বাসে তাদের ট্রলারে তোলা হলেও পরে পরিস্থিতি পাল্টে যায়। অভিযোগ রয়েছে, যাত্রীদের মুঠোফোন কেড়ে নেয়া হয়, যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয় এবং পরিবারের কাছ থেকে টাকা আদায়ের জন্য চাপ দেয়া হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের কয়েকজনের ভাষ্য, ট্রলারে তাদের মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। পরিবারের সদস্যদের ফোন করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালানো হয়। জনপ্রতি প্রায় ৫০ লাখ টাকা পর্যন্ত দাবি করা হয়েছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
উদ্ধার হওয়া রিদুয়ান হোসাইনের অভিযোগ, তার দুই বন্ধুসহ কয়েকজনকে প্রথমে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। পরে তাদের সমুদ্রগামী ট্রলারে তুলে দেয়া হয়। অন্য দিকে লক্ষ্মীপুরের বাসিন্দা মোখতার হোসেন জানান, মালয়েশিয়ায় পৌঁছে দেয়ার আশ্বাসে এক দালালের সাথে সাড়ে তিন লাখ টাকায় চুক্তি করেছিলেন তিনি। কিন্তু ট্রলারে ওঠার পর থেকেই নির্যাতন ও বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেয়া শুরু হয়।
উদ্ধার হওয়া মোহাম্মদ জাহাঙ্গীরের দাবি, ট্রলারে থাকা কয়েকজনকে সাগরে ফেলে দেওয়া হয়েছে। অন্তত সাতজনকে সাগরে ফেলে দেয়া হয়।
একপর্যায়ে মুক্তিপণের বিষয় নিয়ে ট্রলারে থাকা যাত্রীদের সাথে মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের বিরোধ শুরু হয়। নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরে কয়েকজন যাত্রী কৌশলে ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজার উপকূলের দিকে রওনা হন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ট্রলারটি লাবণী পয়েন্টের কাছাকাছি পৌঁছালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পান। তাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫), ট্যুরিস্ট পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ট্রলার থেকে ২৮ জনকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।
খবর পেয়ে উদ্ধার হওয়া ব্যক্তিদের স্বজনেরা কক্সবাজার সদর মডেল থানায় ছুটে আসেন। উখিয়ার রতœাপালং এলাকার সাইফুল ইসলাম জানান, তার ১৮ বছর বয়সী ছেলে তানজিদ ইকবাল ইমন নিখোঁজ হওয়ার পর তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পরে ছেলের সাথে কথা বলিয়ে দিয়ে পাচারকারীরা মুক্তিপণের টাকা দাবি করে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ট্রলারটি তীরে পেঁৗঁছানোর পর পাচারকারীরা লাফ দিয়ে পালিয়ে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মানবপাচারের সাথে জড়িত কেউ রয়েছেন কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









