
আলমগীর কবির টরেন্টো, কানাডা থেকে ফিরে
মিসিসাগা থেকে প্রায় দুই ঘণ্টার পথ। যেতে যেতে লেক অন্টারিওর জলরাশি, পুরনো শিল্পাঞ্চল আর ইস্পাত কারখানা। আঙুর ও আপেলবাগান, সারি সারি কাচঘর আর ছোট ছোট শহর। তার পর হঠাৎ নায়াগ্রার গর্জন।
ছবিতে দেখা জলপ্রপাত আর চোখের সামনে দেখা যে এক নয়, সেই অনুভূতিটা তখনই হয়ে যায়। সকাল ৯টা। মিসিসাগার রাথবান থেকে ব্যক্তিগত গাড়িতে নায়াগ্রা ফলসের উদ্দেশে যাত্রা। প্রায় দুই ঘণ্টার পথ- শহর ছেড়ে ‘স্বর্গে’ যাওয়ার।
শহরের বসতি পেছনে পড়তেই বদলে যেতে থাকে প্রকৃতি। খোলা আকাশ, সবুজ জমি আর দূরের জল। চোখে পড়ে লেক অন্টারিও, কখনো কখনো সাগর বলেও ভুল হয়। আবার কিছু দূর যেতেই দৃশ্য বদলে যায়। দেখা দেয় শিল্পাঞ্চল, কারখানার কাঠামো, উঁচু চিমনি।
নায়াগ্রার পথে হ্যামিলটন এলাকার ওপর দিয়ে যেতে হয় বার্লিংটন বে ক্যানেলে (লেক অন্টারিও এবং হ্যামিল্টন হার্বারকে যুক্ত করেছে) নির্মিত দীর্ঘ সেতু দিয়ে। স্থানীয়ভাবে এটি বার্লিংটন স্কাইওয়ে নামে পরিচিত। সেতুর ওপর থেকে এক দিকে জলরাশি, অন্য দিকে হ্যামিলটনের শিল্প। হ্যামিলটনকে কানাডার ইস্পাতনগরী বলা হয়। শহরটির অর্থনৈতিক ইতিহাসের সাথে ইস্পাত শিল্পের সম্পর্ক দীর্ঘদিনের।
পথের পাশে ইস্পাত কারখানার বিশাল স্থাপনা, সেই ইতিহাসেরই দৃশ্যমান চিহ্ন। ‘স্টেলকো’ ও ‘ডোফাস্কো’ পরবর্তী সময়ে ‘আর্সেলর মিত্তাল ডোফাস্কো’ নামে পরিচিত এই শিল্পাঞ্চলের সাথে গভীরভাবে যুক্ত। এক দিকে লেকের জল, অন্য দিকে ইস্পাত উৎপাদনের বিশাল কাঠামো। একই ভূখণ্ডে প্রকৃতি ও শিল্পের পাশাপাশি অবস্থান পথটিকে আলাদা একটি মাত্রা দেয়।
সেতু পেরিয়ে সামনে এগিয়ে গেলে শিল্পের দৃশ্য ধীরে ধীরে পেছনে পড়ে যায়। শুরু হয় কৃষির বিস্তৃত অঞ্চল। কোথাও আঙুরের সারি, কোথাও আপেল বাগান। মাঝে মধ্যে ছোট ছোট জনপদ। বড় শহরের ব্যস্ততা থেকে দূরে এসে বোঝা যায়, এ অঞ্চলের জীবন শুধু নগর অর্থনীতির ওপর নির্ভরশীল নয়; কৃষি, ছোট ব্যবসা ও স্থানীয় জনপদও এর গুরুত্বপূর্ণ অংশ।
আপেল বাগানের দিকে তাকিয়ে প্রথমে একটু বিস্ময় জাগে। গাছগুলো খুব বেশি উঁচু নয়। দূর থেকে মনে হয়, যেন পরিকল্পনা করেই ছোট রাখা হয়েছে। পরে স্থানীয় কৃষি সম্পর্কে জানতে গিয়ে জানা গেল, বাণিজ্যিক ফলবাগানে আধুনিক পদ্ধতিতে গাছের আকার নিয়ন্ত্রণ করা হয়। এতে পরিচর্যা ও ফল সংগ্রহ সহজ হয়।
পথে আরো এক দৃশ্য বারবার চোখে পড়ে; দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা কাচঘর। কানাডার দীর্ঘ শীত কৃষিকাজে বাধা দেয়। তাই এসব কাচঘরে সবজি, ফুল, চারা ও অন্যান্য কৃষিপণ্য উৎপাদনের ব্যবস্থা করা হয়। বাইরে যখন আবহাওয়া কৃষির জন্য প্রতিকূল, তখন কাচের ঘেরা সেসব স্থাপনার ভেতরে চলে অন্য এক ঋতুর আয়োজন।
ছোট ছোট শহর পেরিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে শহরের নাম সেঁটে রাখা হয়। সেই সাথে সেঁটে রাখা হয়, এই শহরে কত লোক বাস করে সেই তথ্যও। বড় শহরের মতো আকাশছোঁয়া ভবন নেই, নেই সারাক্ষণ ছুটে চলা মানুষের ভিড়। আছে ছিমছাম বাড়ি, খোলা জায়গা, ছোট ব্যবসাপ্রতিষ্ঠান আর কৃষিজমি। টরন্টো কিংবা মিসিসাগার বাইরে কানাডার জনজীবনের আরেক ছবি এভাবেই সামনে আসে।
প্রায় দুই ঘণ্টার পথ পেরিয়ে নায়াগ্রা অঞ্চল। সাথে সাথে দৃশ্যের বদল। হোটেল, রেস্তোরাঁ, দোকান আর পর্যটকদের আনাগোনা। কিন্তু নায়াগ্রাকে প্রথমে দেখা গেল না। প্রথমে শোনা গেল গর্জন।
দূর থেকে আসা সেই গর্জন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল। জলপ্রপাত তখনো চোখের সামনে নেই। আশপাশের ভবন ও হোটেল দৃষ্টির অনেকটা অংশ আটকে রেখেছে। কিন্তু শব্দ আটকে রাখার মতো কোনো দেয়াল নেই। কয়েক পা এগোলেই গর্জন আরো কাছে চলে আসে। তার পর হঠাৎ চোখের সামনে খুলে যায় বিশাল প্রপাত।
এক মুহূর্তে এত দিনের দেখা ছবি আর বাস্তবের দৃশ্যের পার্থক্যটা বোঝা গেল। টেলিভিশনের পর্দায়, পত্রিকার পাতায় কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে নায়াগ্রাকে যতবারই দেখা হোক, সামনে দাঁড়িয়ে তার ব্যাপ্তি বোঝা যায় অন্যভাবে। জলরাশির পতনের শব্দ, বাতাসে ছড়িয়ে পড়া জলকণা এবং চার পাশের মানুষের প্রতিক্রিয়া; সব মিলিয়ে দৃশ্যটি শুধু চোখের নয়, একসাথে কয়েকটি ইন্দ্রিয়ের অভিজ্ঞতা।
উপরের দিকের দর্শনস্থান থেকে জলপ্রপাত দেখা যায়। চার পাশে পর্যটকদের ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ চুপচাপ দাঁড়িয়ে দেখছেন। রেলিংয়ের কাছে দাঁড়িয়ে নিচে তাকালে দেখা যায় পানি আর পানি।
কিছু সময় পর বাতাসে ভেসে আসতে থাকল জলকণা। মুখে ঝাপটা মারল। হালকা কুয়াশার মতো। কখনো পোশাক ভিজিয়ে দেয়ার মতো দমকা। একটু পর যখন রোদ ওঠে, সাথে সাথে পাল্টে যায় দৃশ্য।
নায়াগ্রার কাছে দাঁড়িয়ে আবহাওয়ার এই দ্রুত পরিবর্তনও আলাদা করে অনুভব করা যায়। কখনো মনে হয় বর্ষাদিন, কখনো রোদেলা দুপুর।
আরো নিচের দিকে যাওয়ার পর জলপ্রপাতের দূরত্ব কমে আসে। গাড়ি রাখার জন্য প্রায় ৪০ কানাডিয়ান ডলার দিতে হয়। পার্কিং এলাকায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরের নম্বরপ্লেটসহ অনেক গাড়ি দেখা যায়। সীমান্তের ওপার থেকেও যে বিপুলসংখ্যক মানুষ এখানে আসে, তার ছোট প্রমাণ এসব গাড়ি।
নিচের দর্শনস্থান থেকে জলপ্রপাতের শব্দ আরো তীব্র। বাতাসে পানির কণাও বেশি। সামনে দাঁড়ালে মনে হয়, জল খুব কাছেই। হাত বাড়ালেই যেন ছুঁয়ে দেয়া যাবে। বাস্তবে অবশ্যই দূরত্ব আছে, কিন্তু জলপ্রপাতের আকার ও শব্দ সেই দূরত্বকে চোখের কাছে ছোট করে আনে।
কিছুটা এগিয়ে গেলে আমেরিকান জলপ্রপাতের দৃশ্যও সামনে আসে। নায়াগ্রাকে নিয়ে এত ছবি দেখার পরও বাস্তবে একসাথে এসব জলরাশি দেখতে অন্য রকম লাগে। পরিচিত দৃশ্য, অথচ পরিচিত নয়।
ছবিতে জলপ্রপাতের আকার দেখা যায়, শব্দ শোনা যায় না। ভিডিওতে শব্দ থাকে, জলকণার স্পর্শ থাকে না। আর ছবি বা ভিডিও, কোনো মাধ্যমেই সামনে দাঁড়িয়ে বিশাল সুন্দর অনুভব করা যায় না।
পর্যটকদের ভিড়ের মধ্যেও নায়াগ্রার নিজস্ব ছন্দে পরিবর্তন নেই। কেউ আসছেন, ছবি তুলছেন, কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যাচ্ছেন। অন্য দল এসে সেই জায়গা নিচ্ছে। শিশুরা বিস্ময়ে তাকিয়ে আছে, বয়স্করা দূর থেকে দেখছেন, তরুণরা ছবি তুলছেন। বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন ভাষার কোলাহল। কিন্তু সব কিছুর ওপর দিয়ে শোনা যায় একই শব্দ; জলপ্রপাতের গর্জন। আরো কাছ থেকে জলপ্রপাত দেখতে নৌযাত্রার ব্যবস্থা আছে। নৌযান জলরাশির কাছে নিয়ে যায়।
ফেরার পথে নায়াগ্রা নদীর আরেক চেহারা। ঘূর্ণিপাকের কাছে গিয়ে ওপর থেকে তাকালে দেখা যায়, নদীর পানি প্রবল ঘুরছে। জলপ্রপাতের ওপর থেকে নেমে আসা পানির শক্তি কিভাবে নদীর গতিপথেও প্রভাব ফেলেছে, সেই দৃশ্য তারই উদাহরণ।
সেখানে পর্যটকদের জন্য ঝুলন্ত তারের যান চলাচলের ব্যবস্থা আছে। ওপর থেকে ঘূর্ণিপাক ও নদীর গভীর গিরিখাত দেখার সুযোগ আছে। জলপ্রপাতের গর্জনের বাইরে নদীর নিজস্ব শব্দও আছে।
পথে আছে ফুল দিয়ে সাজানো বিশাল ঘড়ি। ঋতুভেদে ফুলের বিন্যাস বদলায়। নায়াগ্রার মতো একটি প্রাকৃতিক আকর্ষণকে ঘিরে যে পর্যটনবলয় তৈরি হয়েছে, এই ঘড়িও তার পরিচিত অংশ।
এরপর পুরনো নায়াগ্রা শহরের দিকে এগোতে থাকলে দৃশ্য বদলে যায়। রাস্তার দুই পাশে বাড়ি। বাড়ির সামনে বড় বাগান, গাছপালা, ফুল আর খোলা সবুজ জায়গা। জলপ্রপাতের আশপাশের পর্যটনকেন্দ্রিক ব্যস্ততা থেকে এখানে এসে জীবন শান্ত মনে হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









