
রফিকুল হায়দার ফরহাদ গইনখালী, পটুয়াখালী থেকে ফিরে
‘বাবা, বনের এই মহিষগুলো কি বন্য মহিষ।’ ২০২২ সালে ঢাকা থেকে যাওয়া ছোট পর্যটক আহনাফ তাজোয়ার তার বাবাকে এই প্রশ্ন করে। বাবাও তাকে সান্ত¡না দেয়ার জন্য বলেন, ‘হ্যাঁ, এগুলো বন্য মহিষ।’ তাকে বন ও বনের আবহ বুঝানোর জন্য এমনটি বলা। বনে তো বন্যপ্রাণীই থাকবে। যদিও ওই মহিষগুলো বন্য ছিল না। আশেপাশের বাসিন্দারা এই মহিষগুলোকে বনের মধ্যে ছেড়ে দিয়েছেন। মহিষগুলো বনের মধ্যে থাকে। আর ঘাস খায় বনের সামনে থাকা সবুজ প্রান্তরে। এই মহিষগুলোর উপস্থিতি বনের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। উপকূলীয় সব বনের সামনেই থাকে সবুজ খেলা সমতল ভূমি। আর সেই চরে ঘাস খেতে আসে অসংখ্য মহিষ-গরু। কোথাও কোথাও ছাগল ও ভেড়া দেখা যায়। এদের সঙ্গী হয় বকসহ নানান জাতের পাখি। তবে উপকূলীয় বনগুলোর মধ্যে ভিন্নতা পটুয়াখালীর রাঙ্গাবালী ইউনিয়নের গইনখালী বনের। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ প্রান্তর। একটি দু’টি নয়। ৮-১০টি সবুজ প্রান্তর। আর নদীর বাঁকে অবস্থিত এই সবুজ ঘাসের গালিচা মুগ্ধ করবে যেকোনো পর্যটককে।
যেসব পর্যটক গইনখালী বনের এই সৌন্দর্য সম্পর্কে জানেন তারা কোনো ভাবেই এই দৃশ্য দেখতে ভুল করেন না। ঢাকাগামী লঞ্চ যখন সকালের দিকে গইনখালী বনের সামনে দিয়ে যায় তখন তারা সবাই এই দৃশ্য ক্যামেরা বন্দী করেন। আবার যারা প্রথমবার ওই এলাকায় যান তাদেরও নজর কাড়ে এই বন এবং আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য। বিভিন্ন ট্যুর কোম্পানি তাদের সোনার চর, চর হেয়ারের ট্যুর প্যাকেজে রাখেন এই গইনখালী বনের নাম। যেসব পর্যটক সকালে ঘুমের জন্য গইনখালী বনের সৌন্দর্য দেখা মিস করবেন তাদের চর মোন্তাজ থেকে ফেরার সময় দুপুর বেলায় দেখার সুযোগ এই সৌন্দর্য। ঠিক বেলা ১টায় চর মোন্তাজ থেকে ঢাকাগামী লঞ্চ ছেড়ে আসে। চর মোন্তাজের পরের ঘাটই গইনখালী। লঞ্চে প্রায় ৪৫ মিনিট লাগে গইনখালী থেকে চর মোন্তাজ যেতে।
দাঁড়চিড়া নদীর পশ্চিম পাশেই গইনখালী বন
উপকূলীয় বন মানেই এখানে কেওড়া, গেওয়া, করনচা, হরগুজিকাঁটা, বাইন, বলই ইত্যাদি গাছের উপস্থিতি। প্রতিটি নতুন বনেই প্রথম রোপণ করা হয় কেওড়ার চারা। সাথে গেওয়া। শ^াসমূলের জন্য বিখ্যাত এই কেওড়া ও গেওয়া। বিশেষ করে একেকটি কেওড়া গাছের শেকড়সহ শ^াসমূল ১৫-২০ ফুট এলাকার মাটি আটকে রাখে চেইনের মতো ছড়িয়ে থেকে। গইনখালী বনেই সবচেয়ে বেশি উপস্থিতি এই কেওড়া গাছের। স্বাদে টক এই কেওড়া ফল। উপকূলীয় অঞ্চলের মানুষরা এই পাকা কেওড়া টক হিসেবে রান্না করে খায়। আবার লবণ মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খায়। আচারও বানায় স্থানীয়রা। বানর-হরিণেরও প্রিয় খাদ্য এই কেওড়া ফল ও পাতা।
পুরো গইনখালী বন বিশেষভাবে আকৃষ্ট করবে এই বিভিন্ন অংশে থাকা বিস্তীর্ণ সবুজ সমতল ভূমি। কয়েক মাইল লম্বা এই একেকটি সবুজ তৃণভূমি। মহিষগুলো এই ভূমিতেই ঘাস খায়। আর তাদের পানীয় বলতে নদীর পানি। গরমের সময় মহিষগুলো শরীর ঠাণ্ডা করতে দল বেঁধে নদীতে নামে। আমার এবার দেখার সুযোগ হয়েছিল একাধিক মহিষের দলের নদীর এপার থেকে ওপারে সাঁতরিয়ে পার হওয়ার দৃশ্য। ঘাস খাওয়ার জন্যই এদের এই নদী পেরিয়ে আসা যাওয়া। এরা নিজ থেকেই এপার থেকে ওপারে যায় উদরপূর্তির জন্য। দলবেঁধে মহিষগুলোকে নদীতে গোসল করার দৃশ্যও দেখা হয়েছে এবার। আরেকটি আকর্ষণ হলো মহিষের পিঠে বক ও শালিকের বসে থাকার দৃশ্য।
দাঁড়চিড়া নদীর পশ্চিমে যেমন বন আর তৃণভূমির উপস্থিতি। পূর্ব দিকে রয়েছে নদীর মাঝে জেগে ওঠা কয়েকটি ছোট ছোট দ্বীপ বা চর। সেখানে প্রকৃতি প্রদত্ত বন্য গাছ গজিয়েছে। জোয়ার ভাটার সময় পানিতে ভাসতে ভাসতে বিভিন্ন গাছের বীজ নতুন নতুন এই চরগুলোতে আসে। এরপর বীজ থেকে চারা অঙ্কুরিত হয়ে জন্মায় গাছ। বন বিভাগের উদ্যোগেও লাগানো হয় গাছ। দাঁড়চিড়া নদীর পূর্ব দিকে সবুজ ঘাসে ভরা এই চরগুলোতে একটু পরপরই ছোট ছোট খাল। মনে হবে খাল কেটে যেন প্লট আকারে ভাগ করা হয়েছে এই চরগুলোকে। সামনে ছোট চারা গাছ। আর পেছনে বড় গাছ। দৃষ্টিনন্দন এই দৃশ্য। পাখির নিরাপদ আবাস এই নতুন জেগে ওঠা চর।
সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে চর মোন্তাজের উদ্দেশে ছেড়ে যাওয়া লঞ্চগুলো শেষ ঘাটে পৌঁছার আগে থামে এই গইনখালী ঘাটে। ঢাকা থেকে যাওয়া লঞ্চগুলো চর বিশ^াস ঘাট পেরিয়ে আরো সামনে গিয়ে পশ্চিম দিকে মোড় নেয়। সরাসরি দক্ষিণে না গিয়ে নদীর বাঁক দিয়ে ঘুরে পশ্চিমে যায় গইনখালী ঘাটে। এই গইনখালী ঘাটে নেমে সড়ক পথে যাওয়া যায় রাঙ্গাবালী উপজেলায়। খুবই গুরুত্বপূর্ণ এই গইনখালী ঘাট। লঞ্চ থেকে এই ঘাটে প্রচুর মালামাল উঠানামা করানো হয়। এতে বেশ সময় লাগে। ফলে এই সুযোগ সোনারচর বা চর হেয়ারে যাওয়া পর্যটকরা কিছুক্ষণের জন্য গইনখালী ঘাটে নেমে খুব কাছ থেকেই বনের সৌন্দর্য উপভোগ করতে পারেন। বনের গাছগুলোকে খুবই কাছ থেকে দেখার সুযোগ পান। সাথে ঘাটে সকালের নাশতাও খেতে পারেন।
ঘাটেই আছে ছৈলা গাছ ও কেওড়া গাছ। সোজা কথা লঞ্চ থেকে নেমে ঘাটে যাওয়ার সময়ই স্বাগত জানাবে একটি ছৈলা গাছ। গত বছর দু’টি গাছের উপস্থিতি দেখেছিলাম। এবার পেলাম একটি গাছ। অপর গাছ কেটে ফেলা হয়েছে। ছৈলা গাছটির একটু পেছনে হরগুজি কাটা গাছ ও কেজা বা করনচা গাছ আছে। তবে কেওড়া গাছই বেশি। গইনখালী ঘাটের সাথেই একটি খাল চলে গেছে পশ্চিমে। এবার এই ঘাটে দুইজন মৎস্য শিকারিকে দেখলাম বড়শী দিয়ে বোয়াল মাছ ধরতে। মিঠা পানির বোয়াল মাছ এই নোনা ও মিঠা পানির সংযোগস্থলে ধরা পড়বে এটা আগে ভাবিনি। স্থানীয়রা জানান, বৃষ্টির সময় পানিতে লবণাক্ততা কম হয়। তখন বোয়াল মাছও পাওয়া যায়। একজন মৎস্য শিকারি বড়শি দিয়ে দু’টি বোয়াল মাছ ধরে বিক্রির জন্য ৯০০ টাকা দাম হাঁকালেন। আমাদের লঞ্চের কেউ কেনেননি। আসলে সবাই ইলিশ মাছ নিয়ে ঢাকায় ফিরছিলেন। বোয়াল মাছের প্রতি আগ্রহটা কমই ছিল। ঘাটের উত্তর দিকের নদী পথে যাওয়া যায় গলাচিপা উপজেলায়।
পুরো গইনখালী ঘাট, ঘাটের আশপাশের এলাকা, নদীতে জেগে উঠা নতুন নতুন চরের সৌন্দর্য মুগ্ধ করবে পর্যটকদের। এখন বাংলাদেশ পর্যটন করপোরেশন যদি এই গইনখালী ঘাটের আশে পাশের এলাকায় নজর দেয় তাহলে এই স্থানটি দারুণ এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হতে পারে। জানান গইনখালী ঘাটের দোকানদার আবদুর রশীদ, হেমায়েত উল্লাহরা। মালদ্বীপ তো এমন স্থানকেই অসাধারণ ট্যুরিস্ট স্পটে পরিণত করেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









