
রাশিদুল ইসলাম
আরাকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মুজিবুর রহমান বলেছেন মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের গণহত্যার রায় শুধু রোহিঙ্গার পক্ষে নয়, পৃথিবীর জাস্টিসের জন্য জয়। বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা গাম্বিয়ার জন্য মন থেকে দিল থেকে দোয়া করছি। ধন্যবাদ ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসকে, কৃতজ্ঞতা জানাচ্ছি আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশকে। তিনি বলেন, বিশ্বের মানুষের হিউম্যানিটির পক্ষে এ জয়, এখনো যে বিচার বলে কিছু আছে সেই ফরমানের পক্ষে এ জয়।
তিনি নয়া দিগন্তকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এখন এ জয়কে সবাই মিলে কাজে লাগাতে হবে। রোহিঙ্গা ক্যাম্পে লাখ লাখ মানুষ আদালতের এ রায়ে খুশি। তারা খুশিমনে নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চায়। বিশ্বকে রোহিঙ্গাদের পক্ষে কার্যকর কিছু করতে হবে। তা না হলে একদিন আমাদের এ খুশি হারিয়ে যাবে।
প্রশ্ন : এ রায়ে রোহিঙ্গা ক্যাম্পে সবাই খুশি?
মুজিবুর রহমান : ক্যাম্পে সবাই খুশি। আমরা সবাই নিজ দেশে ফিরে যেতে চাই। কবে ফিরে যেতে পারব জানি না। মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের গণহত্যার অভিপ্রায়ের এ রায় আমাদের মনে হতাশার মধ্যেও আশার আলো জাগিয়েছে। আমরা এদেশের মাটি ও মানুষের ক্ষতি হয় এমন কিছু করব না। কিন্তু আমরা রোহিঙ্গা জাতি হিসেবে নিজদেশে ফিরে যেতে চাই। আমাদের ভেতরে যেয়ে সবাইকে এ কাজে সহায়তা করার দাবি জানাচ্ছি।
প্রশ্ন : আপনাদের ভেতরে যেয়ে সহায়তা বলতে কী বুঝাচ্ছেন?
মুজিবুর রহমান : দেখুন নিজদেশ মিয়ানমারে আমাদের নাগরিক স্বীকৃতি নেই। বাংলাদেশে ক্যাম্পে একরকম বন্দিজীবন কাটাতে হচ্ছে। লেখাপড়া শিখে দক্ষ মানুষ হিসেবে আমাদের শিশু তরুণরা কেউ নিজেদের গড়ে তোলার সুযোগ পাচ্ছে না। একদিন না একদিন মিয়ানমারে আমাদের ফিরে যেতেই হবে। তখন নিজদেশে ফিরে যেয়ে কী করব? আমাদের তো তখন কাজ করেই খেতে হবে। আমরা শিক্ষা চাই, কারিগরি প্রশিক্ষণ চাই। এজন্য আমাদের ক্যাম্পে যেয়ে তা শেখাতে হবে। শুধু রিলিফের ওপরে ভরসা করে কোনো রকমে বেঁচে থাকতে চাই না। আমরাও মানুষ, মানুষের মতো বাঁচতে চাই।
প্রশ্ন : আন্তর্জাতিক আদালতে রায়ের পর দেশে ফেরার ব্যাপারে আপনারা কতটা আশাবাদী?
মুজিবুর রহমান : এ রায়ে অন্ধকারে আশার আলো দেখছি। গাম্বিয়ার জন্য, আদালতের জন্য ক্যাম্পে ঘরে ঘরে মা ও বোনেরা দোয়া করছেন। মসজিদে মসজিদে দোয়া হচ্ছে। এ রায়ের পর মনে হচ্ছে বিশ্ববাসী আমাদেরকে মানুষ হিসেবে মর্যাদা দিচ্ছে। আমরা সুস্থভাবে আশার আলো দেখতে পারছি। তবে আদালতের রায় আর মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কিন্তু সেম কনসেপ্ট না। দুটো আলাদা জিনিস। রায় আমাদের জন্য একটু পজিটিভ, এখন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে, ইউএনকে মিয়ানমারে আমাদের প্রত্যাবাসনে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ সরকারের সাথে ঘন ঘন ডায়ালগ, বেশি বেশি কনসালটেশন করে প্রত্যাবাসন প্রসেসটা কিভাবে দ্রুত চালু করা যায় তার পথ বের করে আনতে হবে।
প্রশ্ন : আপনারা এখন আশা করছেন বিশ্বসম্প্রদায় আপনাদের পাশে এসে দাঁড়াবে?
মুজিবুর রহমান : রায়ের জন্য বিশ্বসম্প্রদায় থেকে শুরু করে সবার প্রচেষ্টার জন্য রোহিঙ্গাদের যুব সম্প্রদায়ের পক্ষে ধন্যবাদ জানাই। কিন্তু আদালতের রায়ের পর সবকিছু ভুলে গেলে চলবে না। ইউনাইটেড ন্যাশন, ইউএসএসহ যারা মানুষের জন্য, ইনসানিয়াতের জন্য কাজ করে তাদের সবাইকে রিকোয়েস্ট করব যেভাবে হোক মিয়ানমারে আমাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার জন্য।
প্রশ্ন : আপনাদের সহায়তা তো কমে গেছে?
মুজিবুর রহমান : হিউম্যানিটারিয়ান তহবিল গত ২-১ বছর ধরে কমে গেছে। যুক্তরাষ্ট্র কয়েক দিন আগে তিন শ’ মিলিয়ন ডলারের একটা তহবিলের ঘোষণা দিয়েছে। আমরা আশা করব আন্তর্জাতিক কমিউনিটি আমাদেরকে ভুলে যাবে না। যত দিন আমরা দেশে ফেরত যেতে পারছি না ততদিন তাদের সাহায্য ছাড়া আমরা চলতে পারব না। কারণ আমাদের কাজেরও কোনো সুযোগ নেই।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









