সুযোগ আছে, সুফল নেই : তরুণদের জীবিকার পথে বড় বাধা অনুপস্থিত মধ্যস্তর : পিপিআরসি
রাজধানীর সিরডাপ মিলনায়তনে পিপিআরসি ও দ্য এশিয়া ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা : নয়া দিগন্ত।
ads

বিশেষ সংবাদদাতা 
বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান ও জীবিকার সঙ্কট কেবল দক্ষতার ঘাটতি কিংবা অর্থনৈতিক সুযোগের অভাবে সীমাবদ্ধ নয়; মূল সমস্যা হলো বিদ্যমান সুযোগগুলো কার্যকর কর্মসংস্থান, টেকসই উদ্যোগ ও মর্যাদাপূর্ণ জীবিকায় রূপ না নেয়া। নীতির সাথে মানুষের বাস্তব জীবনের সংযোগ ঘটানোর দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা ও অকার্যকারিতাই এই অচলাবস্থার প্রধান কারণ।   
গতকাল শনিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও দ্য এশিয়া ফাউন্ডেশন আয়োজিত ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তরুণদের অর্থনৈতিক সুযোগ ও বাস্তবতা’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থাপিত এক গবেষণায় এই চিত্র উঠে এসেছে। 
গবেষণার ফলাফল যৌথভাবে উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এবং সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নামিরা শামীম। ড. হোসেন জিল্লুর রহমান এই প্রাতিষ্ঠানিক শূন্যতাকে ‘অনুপস্থিত মধ্যস্তর’ বা ‘মিসিং মিডল’ হিসেবে চিহ্নিত করেন। তার মতে, এটি হলো সামষ্টিক পর্যায়ের নীতি এবং পরিবার, তরুণ ও উদ্যোক্তাদের নিজস্ব প্রচেষ্টার মাঝখানের গুরুত্বপূর্ণ পরিসর। সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘সুযোগ হয়তো তৈরি  হচ্ছে, কিন্তু সেগুলো বাস্তব ফলাফলে রূপ নিচ্ছে না।’ 
২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বরে স্বল্প সময়ে পরিচালিত এই আঞ্চলিক পর্যালোচনায় রাজশাহী, যশোর ও চট্টগ্রামে তরুণ এবং নিয়োগকর্তাদের সাথে আলাদাভাবে মতবিনিময় করা হয়। এতে ১০০ জন তরুণ এবং ৫৯ জন নিয়োগকর্তা ও উদ্যোক্তা একটি সংক্ষিপ্ত প্রশ্নপত্র পূরণ করেন। পাশাপাশি নওগাঁ, পীরগঞ্জ, যশোর হাই-টেক পার্ক, উপকূলীয় নোয়াখালী এবং বান্দরবানের আদিবাসী জনগোষ্ঠীর সাথে মাঠপর্যায়ে সরাসরি আলোচনা হয়। গবেষকরা জানান, এটি দেশব্যাপী প্রতিনিধিত্বমূলক জরিপ নয়; বরং বাস্তবে অর্থনৈতিক বাধাগুলো কিভাবে কাজ করে এবং হাতের নাগালে থাকা সুযোগও কেন তরুণদের পক্ষে কাজে লাগানো কঠিন হয়ে পড়ে, তা খতিয়ে দেখাই ছিল এর উদ্দেশ্য। 
আঞ্চলিক পর্যালোচনায় দেখা যায়, প্রতিটি অঞ্চলেই উল্লেখযোগ্য অর্থনৈতিক সম্ভাবনা থাকলেও অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন প্রাতিষ্ঠানিক বাধা সেই সম্ভাবনাকে আটকে রাখছে। রাজশাহীতে উদ্যানফসল ও আম উৎপাদন প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিপণনে নতুন সুযোগ তৈরি হলেও সংরক্ষণ, মান-পরীক্ষা ও অর্থায়নের মতো সহায়তা ব্যবস্থা এখনো দুর্বল। যশোরে ডিজিটাল খাত, হালকা প্রকৌশল, ফুল ও পিঠার মতো স্থানীয় খাবার ও সংস্কৃতিনির্ভর নারী-নেতৃত্বাধীন উদ্যোগ এগিয়ে গেলেও প্রাতিষ্ঠানিক সক্ষমতা পিছিয়ে আছে; অব্যবহৃত হাই-টেক পার্ক সরকারি বিনিয়োগ ও তার উৎপাদনশীল ব্যবহারের ফারাককে স্পষ্ট করে। নোয়াখালীতে সয়াবিনের মতো পণ্য অন্য এলাকায় প্রক্রিয়াজাত হওয়ায় মূল্য সংযোজনের সুফল স্থানীয় অর্থনীতিতে থাকছে না, পাশাপাশি মৌসুমি ব্যবসাগুলো অনুপযোগী ঋণব্যবস্থা ও নারীরা ঋণ পেতে নানা বাধার সম্মুখীন হচ্ছেন। চট্টগ্রামে নিয়োগকর্তারা দক্ষ কর্মীর ঘাটতির কথা বললেও তরুণরা প্রথম চাকরির প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন না, যা শিক্ষা থেকে কর্মজীবনে প্রবেশের সেতু ভেঙে পড়ার ইঙ্গিত দেয়। আর বান্দরবানে বাজার, অবকাঠামো ও সেবায় সীমিত প্রবেশাধিকার সুযোগ আটকে রাখলেও স্থানীয় তরুণ ও জনগোষ্ঠী আবাসিক বিদ্যালয়, কারিগরি পেশা এবং আদিবাসী শিশুদের জন্য তরুণদের উদ্যোগে স্টেম শিক্ষার মতো উদ্ভাবনী পথ খুঁজে নিচ্ছে। 
গবেষণার একটি বড় পর্যবেক্ষণ হলো তরুণ ও নিয়োগকর্তারা দু’টি আলাদা সমস্যার কথা বলছেন না; দু’পক্ষই অর্থনৈতিক সুযোগের উপস্থিতি, ব্যবহারিক দক্ষতার ঘাটতি এবং ছোট ও তরুণদের নেতৃত্বাধীন উদ্যোগের জন্য অনুপযোগী অর্থায়ন ব্যবস্থার কথা স্বীকার করে। মতভেদ কেবল দায় কার, তা নিয়ে। নিয়োগকর্তারা স্নাতকদের কাজের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুললে তরুণদের প্রশ্ন- প্রথম সুযোগটিই না পেলে তারা অভিজ্ঞতা অর্জন করবেন কিভাবে। তাই এই উত্তরণ কেবল তরুণদের ওপর ছেড়ে না দিয়ে প্রশিক্ষণ প্রতিষ্ঠান, নিয়োগকর্তা, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার সমন্বিত ভূমিকা জরুরি বলে মনে করে পিপিআরসি।
ড. হোসেন জিল্লুর রহমান সমাপনী বক্তব্যে সাতটি প্রধান অগ্রাধিকার তুলে ধরেন : সংস্কারের কেন্দ্রে মেসো-অর্থনীতিকে (মেসো-অর্থনীতি হলো অর্থনীতির এমন একটি শাখা যা ব্যস্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যবত্তীকে নির্দেশ করে) রাখা; স্থানীয় সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আঞ্চলিক রূপান্তরের চালিকাশক্তি হিসেবে ভাবা; সনদের বদলে ব্যবহারিক সক্ষমতা, মেন্টরিং, স্বশিক্ষা ও ঘুরে দাঁড়ানোর সামর্থ্যে জোর দেয়া; উদ্যোক্তাদের মাঝপথে ঝরে পড়ার উচ্চ হার কমানো; সরকারি সম্পদের উৎপাদনশীল ব্যবহার ও ফলাফলের জবাবদিহি নিশ্চিত করা; আঞ্চলিক পণ্য ও সৃজনশীল অর্থনীতি যুক্ত করে বহুমুখীকরণ বাড়ানো এবং নারী, আদিবাসী জনগোষ্ঠী ও প্রান্তিক গোষ্ঠীর অন্তর্ভুক্তি, মর্যাদা ও মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করা। জুলাই গণ-অভ্যুত্থানের অর্থনৈতিক আকাক্সক্ষা কেবল কর্মসংস্থানের সংখ্যায় সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল ন্যায্যতা, মর্যাদা ও অর্থনৈতিক ন্যায়বিচারের দাবি- উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের সূচনায় দ্য এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ বলেন, উৎপাদনশীল ও অর্থবহ কর্মসংস্থান তরুণদের মধ্যে অংশগ্রহণ, মালিকানাবোধ ও স্থিতিশীলতা গড়ে তোলে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী লিখিত বার্তায় তরুণদের জন্য উৎপাদনশীল কর্মসংস্থান বাড়ানোকে অর্থনৈতিক কর্মসূচির কেন্দ্রে রাখার এবং বাধা দূর করার আহ্বান জানান। বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন স্থানীয় সরকার শক্তিশালীকরণ, প্রকৃত দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ, ঝুঁকি ব্যবস্থাপনা, ক্ষুদ্রঋণের অভিজ্ঞতা এবং মেন্টরশিপ ও শিক্ষানবিশির ওপর গুরুত্ব দেন। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক বলেন, প্রবৃদ্ধিকে কর্মসংস্থানে রূপান্তরের প্রক্রিয়ায় ফাটল দেখা দিয়েছে, যা মোকাবেলায় দক্ষতা, ব্যবসাপ্রতিষ্ঠান, অর্থায়ন ও বেসরকারি বিনিয়োগে নতুন মনোযোগ প্রয়োজন। বক্তারা এআই যুগের প্রস্তুতি, মানসিক স্বাস্থ্য সহায়তা, বাজেট ও ফলাফলের সংযোগ এবং শিল্পের নেতৃত্বে শিক্ষণ ও ইন্টার্নশিপ প্ল্যাটফর্মের প্রস্তাব তুলে ধরেন।