মাতারবাড়ী বন্দরের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে রাখার আহ্বান
জাতীয় প্রেস ক্লাবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে সিআইপিজি আয়োজিত গোলটেবিল বৈঠকে অতিথিরা : নয়া দিগন্ত।
ads

বিশেষ সংবাদদাতা
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পরিচালনা, নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশের পূর্ণ সার্বভৌম কর্তৃত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। তারা বলেছেন, এই বন্দর দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি করলেও বিদেশী কোনো শক্তির আধিপত্য বিস্তার কিংবা ভূরাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার হতে দেয়া যাবে না। জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সার্বভৌমত্ব অক্ষুণœ রেখেই বিদেশী বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।
গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্সের (সিআইপিজি) উদ্যোগে ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর : উন্নয়নের সম্ভাবনা ও কৌশলগত নিরাপত্তার চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পুরোপুরি নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকতে হবে, যাতে পরবর্তী সময়ে পরিচালনাকারী প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে না যায়।’
তিনি বলেন, সমুদ্রবন্দর একটি জাতির অর্থনীতির জন্য যেমন আশীর্বাদ, তেমনি জাতীয় নিরাপত্তা ও ভূরাজনীতির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জও। জাতীয় নিরাপত্তার স্বার্থ সুরক্ষিত রেখে বঙ্গোপসাগর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কাজে লাগাতে হবে। এই বন্দর ব্যবহার করে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। একই সাথে স্থানীয় জনগণের স্বার্থ ও প্রকল্পের ক্ষতিকর দিকগুলো বিবেচনায় নিতে হবে।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, মাতারবাড়ী সমুদ্রবন্দর প্রকল্প স্থানীয় জনগণের দুর্ভোগের কারণ হয়েছে। যারা বাস্তুচ্যুত হয়েছেন, তাদের অনেকে এখনো ক্ষতিপূরণের জন্য বিভিন্ন দফতরে ঘুরছেন। উন্নয়নের সুফল নিশ্চিত করতে হলে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য পাওনা ও পুনর্বাসনের বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে।
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা, সমুদ্রবিষয়ক গবেষক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (বিমরাড) মহাপরিচালক কমোডর (অব:) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের ভূখণ্ড ও অবকাঠামো ব্যবহার করে অন্য দেশের পণ্য পরিবহন হলে তার নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই থাকতে হবে। বাংলাদেশের নির্ধারিত নিয়ম ও শর্ত অনুসারেই এসব কার্যক্রম পরিচালিত হওয়া উচিত।
তিনি বলেন, শুধু গভীর সমুদ্রবন্দর নির্মাণ করলেই অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে না। এর জন্য অভ্যন্তরীণ যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন আন্তঃসংযোগ নিশ্চিত করতে হবে। বন্দরকে দেশের সড়ক, রেল ও অন্যান্য পরিবহনব্যবস্থার সাথে কার্যকরভাবে যুক্ত করা না গেলে এর সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে না।
সরকারের সাবেক সিনিয়র সচিব শফিউল্লাহ বলেন, বাংলাদেশের নীতি কোনো দেশের বিরুদ্ধে হওয়া উচিত নয়; বরং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করাই হতে হবে নীতিনির্ধারণের মূল লক্ষ্য। আঞ্চলিক ও ভূরাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে হবে।
গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মিজানুর রহমান। তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্যে নতুন গতি সঞ্চার, পরিবহন ব্যয় ও সময় কমানো এবং আঞ্চলিক ট্রান্সশিপমেন্টের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা তৈরি করেছে।
তিনি জানান, বন্দরের চ্যানেলের পরিকল্পিত গভীরতা ১৮ দশমিক ৫ মিটার। প্রায় ১৬ মিটার ড্রাফটের বড় জাহাজ চলাচলের উপযোগী করে এটি গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এর ফলে বড় জাহাজ সরাসরি বন্দরে ভিড়তে পারবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বাড়তে পারে।
তবে তিনি সতর্ক করে বলেন, পর্যাপ্ত পণ্য পরিবহন, আধুনিক বন্দর ব্যবস্থাপনা, কার্যকর যোগাযোগ অবকাঠামো এবং বন্দরকেন্দ্রিক শিল্পায়ন নিশ্চিত করা না গেলে বিপুল বিনিয়োগের প্রত্যাশিত অর্থনৈতিক সুফল পাওয়া কঠিন হবে। বন্দরের দীর্ঘমেয়াদি বাণিজ্যিক কার্যকারিতা ও বিনিয়োগের বিপরীতে সম্ভাব্য আয়ও গুরুত্বের সাথে মূল্যায়ন করতে হবে।
আলোচনায় মাতারবাড়ী বন্দরের অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি প্রকল্পের ক্রমবর্ধমান ব্যয়, ঋণের দায়, পরিচালনাগত সক্ষমতা এবং ভূরাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, কোনো একটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি হলে তা ভবিষ্যতে বাংলাদেশের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে সঙ্কুচিত করতে পারে।
আলোচনা থেকে চারটি সুপারিশ তুলে ধরা হয়। প্রথমত, বন্দরের পরিচালনা, নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তে বাংলাদেশের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করতে হবে। সব দেশের সাথে সমতাভিত্তিক সহযোগিতা বজায় রেখে বিদেশী আধিপত্য ও কোনো একক রাষ্ট্রের ওপর নির্ভরশীলতা পরিহার করতে হবে।
দ্বিতীয়ত, সোনাদিয়া ও মাতারবাড়ী প্রকল্পের তুলনামূলক ব্যয়-সুবিধা মূল্যায়ন করতে হবে। প্রকল্পের ঋণ, ব্যয়, বাণিজ্যিক লাভজনকতা ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সংসদীয় ও প্রাতিষ্ঠানিক নজরদারি জোরদার করতে হবে।
তৃতীয়ত, ভারত, নেপাল ও ভুটানসহ প্রতিবেশী দেশগুলোর সাথে ন্যায্য বন্দর মাশুল, পারস্পরিক বাজার সুবিধা এবং সমতাভিত্তিক ট্রানজিট চুক্তির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ করতে হবে। এর মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি করতে হবে।
চতুর্থত, আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সাথে সমন্বয়, বন্দরকেন্দ্রিক শিল্পায়ন ও কর্মসংস্থান সম্প্রসারণ করতে হবে। একই সাথে উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সিআইপিজির চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সঞ্চালনা করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. খুরশীদ আলম।
বক্তারা বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সাফল্য শুধু অবকাঠামো নির্মাণ কিংবা বিদেশী বিনিয়োগের পরিমাণ দিয়ে বিচার করা যাবে না। এর প্রকৃত সাফল্য নির্ভর করবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যিক সক্ষমতা, স্থানীয় কর্মসংস্থান, জাতীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি সার্বভৌম স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে তার ওপর।
তাদের মতে, বাংলাদেশ সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখবে। তবে কোনো বিদেশী শক্তির কৌশলগত স্বার্থের কাছে জাতীয় অর্থনৈতিক স্বার্থ কিংবা স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের অধিকার সমর্পণ করা যাবে না।