খিলগাঁয়ে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
ads

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বাসা থেকে ডেকে নিয়ে মো: মোস্তফা (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে নাগদারপাড়ের একটি ওয়ার্কশপে নিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 
নিহতের বড় বোন জুলেখা বেগম বলেন, তার ভাই মোস্তফা দিনমজুর ছিলেন। এ ছাড়া বাড়ির পাশেই একটি খালে মাছের চাষ করতেন। এ নিয়ে প্রতিবেশী হোসেনের সাথে বিরোধ চলছিল। গত শুক্রবার গভীর রাতে হোসেনসহ কয়েকজন মোস্তফাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। নাগদারপাড় পেট্রল পাম্পের বিপরীত পাশের ওয়ার্কশপে নিয়ে হোসেন, ইউনুসসহ চার-পাঁচজন মিলে মোস্তফাকে পিটিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে  গেলে শনিবার সকাল ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।