ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মচারী গ্রেফতার
ads

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির ঢাকায় হিনাস ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো: রাসেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের বিষয়টি গতকাল শনিবার জানাজানি হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) ও মো: আবদুল মালেক (৫৬)। তাদের মধ্যে ফরহাদুল ইসলামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়, শহিদুল আলম জিসানের বাড়ি নগরের হালিশহরে এবং মো: আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। 
সিআইডির তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর রাসেল জানান, জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল প্রস্তুতের কম্পিউটার বিভাগের তিন কর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। জালিয়াতির সাথে অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করছে সিআইডি।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছিল।