
চট্টগ্রাম নগরীর ব্যস্ততম সড়কগুলোর একটি আমতল মোড়। প্রতিদিন বিপুলসংখ্যক পথচারী, শিক্ষার্থী, কর্মজীবী ও স্থানীয় বাসিন্দাকে ব্যস্ত সড়ক পার হতে হয়। যানবাহনের চাপ, দ্রুতগতির গাড়ি এবং অনিয়ন্ত্রিতভাবে রাস্তা পারাপারের কারণে এখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ও নারীদের জন্য ঝুঁকিটি আরো বেশি। সড়কের যান চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে আমতল মোড়ে একটি আধুনিক ফুটওভারব্রিজ এখন সময়ের দাবি। শুধু ব্রিজ নির্মাণ করলেই হবে না; এর দুই পাশে পর্যাপ্ত আলো, নিরাপদ সিঁড়ি বা প্রয়োজন অনুযায়ী র্যাম্প, পরিচ্ছন্নতা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, আমতল মোড়ের বাস্তব পরিস্থিতি জরুরি ভিত্তিতে পর্যালোচনা করে ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিন। একটি দুর্ঘটনার পর ব্যবস্থা নেয়ার চেয়ে দুর্ঘটনা প্রতিরোধে আগেই পদক্ষেপ নেয়া অনেক বেশি জরুরি।
মুহিবুল হাসান রাফি, শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









