
শিল্পী মুস্তফা মনোয়ার ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা বিখ্যাত কবি গোলাম মোস্তফা। মাতা জমিলা খাতুন। শিল্পী মুস্তফা মনোয়ার কলকাতার সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে প্রথম স্থান অর্জুন করে স্নাতক সম্পন্ন করেন। ভাষা আন্দোলনে যুক্ত হয়ে তিনি চিত্রাঙ্কনের জন্য কারাবরণও করেছিলেন।
কর্মজীবনে তিনি পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক ছিলেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপমহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ব্যবস্থাপনা পরিচালকসহ বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
উল্লেখযোগ্য সৃষ্টি : বিটিভিতে শিশুদের জন্য তার পাপেট শো ‘মনের কথা’ এবং বাউল ও ষাঁড় (হাম্বা) চরিত্রগুলো আশি ও নব্বইয়ের দশকের পুরো প্রজন্মের শৈশবকে রঙিন করে তুলেছিল। এ ছাড়া জনপ্রিয় শিশুতোষ প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ও টিভি নাটক ‘রক্তকরবী’ নির্মাণে তার অনন্য অবদান রয়েছে।
শহীদ মিনারের নকশা ও সাফ গেমস, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের লালরঙের সূর্যের প্রতিরূপ স্থাপনাসহ দ্বিতীয় সাফ গেমসের অফিসিয়াল মাসকট ‘মিশুক’-এর নির্মাণও তিনি করেছিলেন।
স্বীকৃতি : শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০০৪ সালে তাকে ‘একুশে পদক’ প্রদান করে। এ ছাড়া তিনি ‘সুলতান স্বর্ণপদক’ ও ‘জয়নুল আবেদিন স্বর্ণপদক’ লাভ করেন।
শিল্পী মুস্তফা মনোয়ার বাংলাদেশের একজন বরেণ্য চিত্রশিল্পী পাপেট বিকাশকারী, ভাস্কর ও টিভি নাট্যকার ছিলেন। তিনি বাংলাদেশের নতুন শিল্প আঙ্গিকে পাপেটের অসামান্য বিকাশের কারণে ‘বাংলাদেশের পাপেটম্যান’ হিসেবেও দেশজুড়ে পরিচিত ও নন্দিত ছিলেন।
শিল্পী মুস্তফা মনোয়ারের বড় ভাই মুস্তফা আজিজ ঠেলাগাড়ির ওপর বসে ছবি আঁকতেন। তিনি ক্যাডেট কলেজের অধ্যাপকও ছিলেন। আমি তখন দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার ছিলাম।
দৈনিক সংগ্রামের ‘অভিমত’ বিভাগের পরিচালক জয়নাল আবেদিন আযাদ ভাইয়ের উৎসাহে শিল্পী মুস্তফা মনোয়ারের বাসায় গিয়ে তার সাক্ষাৎকার নিই। তখন ২০০৪ সাল। তিনি বলেছিলেন, একটি দেশের সংস্কৃতি হচ্ছে পাসপোর্ট আর টিভি হচ্ছে ভিসা। এই থেকে টিভির গুরুত্ব বোঝা যায়। শিল্পী মুস্তফা মনোয়ারের বাবা বিখ্যাত কবি গোলাম মোস্তফা। তিনি নিজে সরকারি চাকরি করা সত্ত্বেও তার ছেলে শিল্পী মুস্তফা মনোয়ার গ্রেফতার হন ঐতিহাসিক ভাষা আন্দোলনে।
কবি গোলাম মোস্তফার বিখ্যাত শিশুতোষ কবিতা ‘বনভোজন’-
‘নুরু, পুশি, আয়েশা, শফি সবাই এসেছে,
আম বাগিচার তলায় যেন তারা হেসেছে।’
কবিতার প্রথম দুই লাইন।
শিল্পী মুস্তফা মনোয়ার বৃদ্ধ বয়সে প্রেস ক্লাবে গিয়ে বাবার বই উদ্বোধন করেছিলেন।
২০২৬ সালের ২৯ জুন ঢাকার স্কয়ার হাসপাতপালে চিকিৎসাধীন অবস্থায় ৯০ বছর বয়সে এই গুণী শিল্পগুরু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
লেখক : সিনিয়র সাংবাদিক
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









