
বাংলাদেশে দিন দিন অনলাইন প্রতারণা বাড়ছে। এসবের পেছনে জড়িয়ে আছে ভারতীয়সহ বাইরের দেশ থেকে আসা অপরাধী চক্র। জুয়া, মাদক, স্বর্ণ চোরাচালন ও এটিএম কার্ড জালিয়াতির মতো অপরাধ করছে তারা। অনেক বিদেশী মানবপাচারের সাথে জড়িত। ভুয়া ক্রিপ্টোকারেন্সি কিংবা ‘স্ক্যাম সেন্টার’ গড়ে তোলার চেষ্টাও করছেন অনেকে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য বলছে, গত ২৬ মাসে অবৈধ অনুপ্রবেশ ও নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন দেশের ৬৩৩ জন নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ভারতের- ৩৪৬ জন। গ্রেফতার বিদেশীদের মধ্যে ভারতের পরে আছেন মিয়ানমারের ৬২ জন। এ ছাড়া তাইওয়ান, লাওস, পাকিস্তান, চীন, ভিয়েতনাম, নেপাল, নাইজেরিয়া, সোমালিয়া, থাইল্যান্ডসহ আরো কয়েকটি দেশের নাগরিক রয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের ২২ লাখ ৬৮ হাজার ৬৫ জন বাংলাদেশে এসেছেন। এর মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছেন ১২৬ দেশের সাত হাজার ৮৮ জন। এই পরিসংখ্যানেও সবচেয়ে বেশি ভারতীয় নাগরিকের সংখ্যা- দুই হাজার ১৬৪ জন।
বাংলাদেশে ভারতীয়দের অপরাধপ্রবণতার ক্ষেত্রে মূলত সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গুলি বহন, মাদক ও স্বর্ণ চোরাচালানের মতো বিষয়গুলো সামনে আসছে। বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘ সীমান্ত থাকায় যাতায়াত তুলনামূলক সহজ। ভাষাগত ও সাংস্কৃতিক সাদৃশ্যের কারণে স্থানীয় পরিবেশের সাথে মিশে যাওয়া সহজ হয় অপরাধীদের। তা ছাড়া এখন দেশজুড়ে ‘আগুন সন্ত্রাস’ ও সহিংসতা করা হচ্ছে। এই বিষয়টিকেও বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। একটি সাধারণ সত্য হলো- অপরাধীরা সুযোগ পেলে অপরাধের সীমানা ও জাল বিস্তার করে। ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারী ও জামিনে মুক্ত অপরাধীদের দিয়ে বড় ধরনের রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানো হচ্ছে কি না, সতর্ক থাকতে হবে গোয়েন্দা সংস্থাগুলোকে। সীমান্তজুড়ে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের নজরদারি জোরদার করতে হবে।
অনেক ভারতীয় অবৈধভাবে বাংলাদেশের বেসরকারি খাতে চাকরি করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, অপরাধে জড়িত বিদেশীদের কেউ কেউ গ্রেফতার হওয়ার পর জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়ান। আবার মামলার কারণে দীর্ঘদিন বাংলাদেশে অবস্থানের সুযোগও তৈরি হয়। তাদের নিজ দেশে ফেরত পাঠানোর খরচ বাংলাদেশ সরকারকেই বহন করতে হয়।
আন্তর্জাতিক অপরাধ চক্রের সদস্যরা অন-অ্যারাইভাল ভিসা বা পর্যটন ভিসার সুযোগ নিয়ে বাংলাদেশে আসেন। পরে তাদের অনেকে ওষুধ পাচার করেন। কম্বোডিয়া ও মিয়ামানমারকেন্দ্রিক স্ক্যাম সেন্টারের আদলে বাংলাদেশেও স্ক্যাম সেন্টার গড়ে তোলার চেষ্টা করছে তারা। নানা উপায়ে বাংলাদেশের মানুষকে প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় এই চক্র। এতে দেশের অর্থনৈতিক নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে।
এই পরিস্থিতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। এখন ইমিগ্রেশন ও পুলিশের বিশেষ শাখার মধ্যে তথ্য আদান-প্রদান আরো গতিশীল করা জরুরি হয়ে পড়েছে। এতে মেয়াদোত্তীর্ণ ভিসাধারীরা গাঢাকা দিতে পারবে না। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বিদেশী কর্মী নিয়োগে কাগজপত্র যাচাই ও নজরদারি বাড়াতে হবে। অবৈধ বিদেশী নাগরিকদের অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন করতে হবে। তবে খেয়াল রাখতে হবে, ব্যবসাবাণিজ্যের জন্য আসা বিদেশীরা এবং বিদেশী পর্যটকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









