রাজধানীতে রুগ্ণ স্বাস্থ্যকেন্দ্র, অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিন
সম্পাদকীয়।
ads


একটি স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে খবর প্রকাশ পেয়েছে সহযোগী দৈনিকে। কোনো দুর্গম ও প্রত্যন্ত গ্রামের প্রতিষ্ঠান নয়, খোদ রাজধানীর ডেমরায় অবস্থিত কেন্দ্রটিকে ‘অরক্ষিত ধ্বংসস্তূপ’ হিসেবে উল্লেখ করে খবরের প্রশ্নবোধক শিরোনাম হয়েছে, ‘বিদ্যুৎ নেই, পানি নেই এ কেমন স্বাস্থ্যকেন্দ্র?’ 
খবরে বলা হয়, ডেমরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে পানির পাম্প ও বিদ্যুতের তার চুরি হয়ে গেছে। স্বাস্থ্যকেন্দ্রের সাতটি কক্ষে ফ্যান নেই। চুরি হয়ে গেছে জানালার গ্রিল পর্যন্ত। ভবনটি জরাজীর্ণ, বেশির ভাগ জায়গায় ফাটল, খসেছে পলেস্তারা। এর মধ্যেই সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত কার্যক্রম চলছে। ঢাকা দক্ষিণ সিটির ৬৯ ও ৭০ ওয়ার্ডের বাসিন্দারা এখানে স্বাস্থ্যসেবা পান। 
কেন্দ্রে নিয়মমাফিক অভিজ্ঞ মেডিক্যাল অফিসার নেই তিন বছর ধরে। পরিবারকল্যাণ পরিদর্শক ও ফার্মাসিস্টও আছেন ডেপুটেশনে। অফিস সহায়ক পদও শূন্য। দায়িত্বে আছেন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার। ৯ নারী মাঠকর্মী থাকার কথা; আছে ছয়জন। পরিবার পরিকল্পনা পরিদর্শক আছেন একজন। 
একসময় এই কেন্দ্রে প্রতি মাসে নারী-পুরুষদের জন্মনিয়ন্ত্রণ, বন্ধ্যাকরণ ও পরিবার পরিকল্পনাভিত্তিক দু’টি ক্যাম্পিং করা হতো, যা সাধারণ মানুষের জন্য খুবই উপকারী ছিল। পাশাপাশি শিশুদের চিকিৎসাসহ ১০ থেকে ১৯ বছর বয়সী ছেলেমেয়ের বয়ঃসন্ধির প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেয়া হতো। বর্তমানে সাধারণ চিকিৎসা ছাড়া আর কোনো কার্যক্রম নেই। কেন্দ্রের আসবাবপত্র ও যন্ত্রপাতি সচল নেই। কর্মকর্তাদের টেবিল-চেয়ার, আলমারিসহ চিকিৎসা-সংশ্লিষ্ট প্রয়োজনীয় আসবাবও বেশির ভাগ অকেজো। মূল্যবান কাগজ, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম অরক্ষিত পড়ে থাকে। চুরির ভয়ে প্রয়োজনীয় ওষুধ কেন্দ্রে আনাই হয় না। অপারেশন থিয়েটার বন্ধ বহু বছর। এই পরিস্থিতিতে কেমন পরিষেবা পাচ্ছে এলাকাবাসী তা স্পষ্ট।
খবরে বলা হয়েছে, সন্ধ্যা হলেই মাদকসেবী ও কারবারিদের দখলে চলে যায় স্বাস্থ্যকেন্দ্রটি। চুরির বিষয়ে চারবার থানায় অভিযোগ করেও সমাধান হয়নি।  ডেমরা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের ভবন পুনঃনির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হয়েছে। যে দেশে সরকারি হাসপাতালে নষ্ট এক্স-রে মেশিন পাল্টাতে  মাসের পর মাস শুধু নয়, কখনো বছর পেরিয়ে যায়, সে দেশে পুরো ভবন তৈরিতে কত বছর লাগবে কে বলতে পারে?  
সবমিলিয়ে ডেমরার স্বাস্থ্যকেন্দ্র বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আদর্শ দৃষ্টান্ত হতে পারে! কারণ রাজধানীতেই যদি এমন করুণ দুর্দশা থাকতে পারে তাহলে সারা দেশের অবস্থা কতটা ভয়াবহ, অনুমান করা যাবে।
ভবন জরাজীর্ণ বলে পরিষেবা বন্ধ হওয়া কিংবা আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম অচল হওয়ার কথা নয়। দেশে বহু স্কুল-কলেজের ভবন জীর্ণ; কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ হয়নি। পুরো কেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম, জানালার গ্রিল চুরি হয়েছে অথচ থানা পুলিশ নিষ্ক্রিয়, এ ঘটনাও অবিশ্বাস্য। একটি সরকারি প্রতিষ্ঠানের বিষয়ে পুলিশ উদাসীন থাকবে এমনটা অভাবনীয়। 
ডেমরার এই কেন্দ্রে আসলে কী ঘটছে খতিয়ে দেখা দরকার। এখানে স্বাস্থ্য বিভাগের ব্যর্থতা স্পষ্ট। এভাবে জনস্বাস্থ্য নিশ্চিতে সরকারের অঙ্গীকার পূরণ সম্ভব নয়। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।