পাজ কি পাচ্ছেন মেসির ১০ নাম্বার জার্সি
পাজ কি পাচ্ছেন মেসির ১০ নাম্বার জার্সি।
ads

 ক্রীড়া প্রতিবেদক
লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দু’টি ফিফা প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ১-২ গোলে হার। পরের ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের জয়। নিজ মাঠে ওই ম্যাচে তিন ফুটবলার জোড়া গোল করেছেন। এরা হলেন জুলিয়ান আলভারেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো এবং নিকো পাজ। ম্যাচে একটি গোলের অ্যাসিস্টও করেন নিকো পাজ। ইতালিয়ান ক্লাব কোমোতে খেলা এই নিকো পাজকে বলা হচ্ছে আর্জেন্টিনার পরবর্তী মেসি। আর্জেন্টিনার সাবেক অধিনায়কের মতোই তার ড্রিবলিং ক্ষমতা। গোলও করতে পারেন দর্শনীয় কায়দায়। গত দুই ম্যাচে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মেসির ১০নং জার্সি কাউকে দেননি। অর্থাৎ এই ১০ নাম্বার জার্সি ছাড়াই খেলেছে দুই ম্যাচ। তবে আগামীতে নিশ্চিত এই জার্সি একজনের গায়ে উঠবে। আর এই দৌড়ে এগিয়ে নিকো পাজ।
এ দিকে মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি মেসির বিদায়ী ম্যাচে এক আবেগঘন বার্তা পাঠান নিকো পাজকে। সেখানে তিনি লিখেছেন ‘তুমিই আমার ছেলের উত্তরসূরী।’ সম্প্রতি আর্জেন্টিনার রেডিও লা রেদ এ দেয়া সাক্ষাৎকারে নিকো পাজের চাচা ফাবিয়ান পাজ এই কথাটি উল্লেখ করেন। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলেন মেসি। সেই ম্যাচে ছিলেন নিকো পাজও। সে দিনের স্মৃতি সামনে এনে ফাবিয়ান জানান, ম্যাচ শেষে ড্রেসিং রুম থেকে বের হয়ে আসছিলেন পাজ। তখন সেখানে ছিলেন মেসির মা। সেই সময়ে তিনি নিকোকে উদ্দেশ্য করে এই কথা বলেন।
ইউরোপিয়ান ফুটবলের আলোচিত নাম এখন নিকো পাজ। তিনি ইতালিয়ান লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ মাতিয়ে বেড়াচ্ছেন। ২০২২ সালে স্পেনের বিখ্যাত রিয়াল মাদ্রিদের রিজার্ভ যোগ দেন তিনি। ২০২৪ সালে চলে যান ইতালির ক্লাব। তখন কোমোর কোচ স্পেনের সেস্ক ফ্যাব্রিগাস। তার ছোঁয়াতে বদলে যান পাজ। যা তিনি নিজেও উল্লেখ করেছেন পাজ। এরই মধ্যে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলে নিজের প্রতিভা তুলে ধরেন। এরপর যুক্তরাস্ট্র বিশ^কাপে দুই ম্যাচ খেলার অভিজ্ঞতা। কোমোর হয়ে এখন পর্যন্ত ৮৯ ম্যাচে ২৫ গোল করেছেন তিনি।  অ্যাসিস্ট ২৫টি। চলতি মৌসুমে ১৪ ম্যাচে তার ৬টি গোল। আর যোগানদাতা ৮ গোলের। আর আর্জেন্টিনার হয়ে ৫ গোল।
মেসির সাথে পাজের তুলনাটা নানা কারনেই। মেসি ২১ বছর বয়সে বার্সেলোনার হয়ে ২০০৮-০৯ মৌসুমে ২১টি গোল করেন। আর অ্যাসিস্ট ছিল ১১টিতে। অন্য দিকে নিকো পাজ এই ২১ বছর বয়সে কোমোর হয়ে এই ১৮ গোলে অবদান রেখেছেন। নিজে করেছেন ১২ গোল। ৬ গোলের উৎসও তিনি। 
মেসির মতো বাম পায়ের খেলোয়াড়। নিতে পারেন প্রচণ্ড গতির শট। অনেকের মধ্য থেকে বল বের করে নেয়ার দারুন দক্ষতা। সব মিলে মেসির যোগ্য উত্তরসূরিটি এখন আর্জেন্টিনার ১০নং জার্সির অপেক্ষায়।