
রফিকুল হায়দার ফরহাদ
‘এত অস্থির হওয়ার কোনো দরকার নেই। এখানে যে কয়টি ফুল দেখছেন এর অনেক বেশি ফুল পাবেন আমাদের নারিকেল বাগানে। সেখানে শত শত ফুল।’ ২০২২ সালে চর কুকরি মুকরির চর পাতিলা ডোশে (ডোশ মানে খাল) আমাকে এভাবেই আশ্বস্ত করছিলেন নৌকার মাঝি সেলিম। খালের ধারে গাছে ফুটে থাকা হলুদ ও গোলাপি ফুল দেখে আমি আসলে এতটাই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যে বারবার ছবি না তুলে থামছিলাম না। পরের দিন সকালে যখন নারিকেল বাগানের বলই গাছের বনে এই বলই ফুল দেখলাম তখন আমি আরো বিস্মিত হলাম। সুন্দরবনসহ পুরো উপকূলীয় অঞ্চলে এত সুন্দর বলই ফুল ফোটে!
এক গাছে দুই ধরনের ফুল ফোটে এই বলই ফুল। একটি হলুদ রঙের। অন্যটি গোলাপি। এই বিশেষত্ব ছাড়াও এই ফুল বিখ্যাত হলো মধুর জন্য। উপকূলীয় বনে ফোটা সব ফুলই কিছু না কিছু মধু দেয়। তবে বলই গাছ লাগানোই হয় শুধু মধুর জন্য। আর তা বনের পাখি ও মৌমাছিসহ অন্য কীট পতঙ্গের খাবারের উৎস হিসেবে। এই তথ্য দিয়েছিলেন সোনার চরের বন বিভাগের কর্মকর্তা আবদুর রাজ্জাক।
এটি কোনো লতা নয়। আবার বড় গাছও নয়। ঝোপ জাতীয় গাছ। নদী ও খালের একেবারেই ধারে এর জন্ম। লম্বায় ১০-১২ ফুটের মতো হয়। জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে এই ফুল ফোটে। ভোর বেলায় ফোটে। যখন ফুল ফোটে তখন দেখতে যেমন দারুণ লাগে তেমনি মৌমাছি-ভোমরা এবং পাখিগুলোর মধু সংগ্রহের জন্য এই ফুলের আশপাশে উড়াউড়ি ও মাছির ভন ভন শব্দ গমগম করে বনের পরিবেশকে। তবে এই ফুলে কোনো গন্ধ নেই। রয়েছে একই গাছে গোলাপি ও হলুদ ফুল ফুটে থাকার বাহারি দৃশ্য।
পটুয়াখালীর সোনার চরের সাবেক বন কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, উপকূলীয় বনে পরিকল্পিত বনায়ন হয়। এর মধ্যে বলই গাছ লাগানোই হয় এর ফুল থেকে মধু সংগ্রহের জন্য।
বলই গাছের ফুল যেমন মধুর অন্যতম উৎস তেমনি এই গাছের ডাল জেলেরা নৌকায় ব্যবহার করে ছায়া দানের জন্য। এই গায়ের নরম ডালকে বাঁকা করে নৌকার দুই পাশে লাগানেরা হয়। এরপর এর উপর কাপড় বিছিয়ে দেয়া হয়। রোদের সময় এই ছায়া খুবই স্বস্তি দায়ক জেলে এবং অন্য যাত্রীদের জন্যও। ২০২৩ সালে চর মোন্তাজ ঘাট থেকে সোনার চর ও চর হেয়ার যাওয়ার সময় আমাদের নৌকার মাঝি এই ডাল ব্যবহার করেছিলেন। এরপর এর উপর তিনি কম্বল বিছিয়ে দেন ছাদ হিসেবে।
পাতা হালকা খসখসে। কিছুটা গোলাকৃতির। জানুয়ারি মাসের দিকে বলই গাছে ফুল ফোটা শুরু হয়। উপকূলীয় খালের ধারে যখন এই ফুল ফুটে মুগ্ধতা ছড়াতে থাকে তখন যারাই দেখেন তারাই বিমোহিত হয়ে যান। মার্চ মাস পর্যন্ত এই ফুল দেখা যায়। গত বছর মার্চে উরির চরে যাওয়া সময় চর এলাহী ঘাটে একটি বলই গাছ দেখে ছিলাম দুই রঙের ফুল ওয়ালা। তবে চরের ধুলা ফুলের উপর পড়ায় ফুলের সৌন্দর্য্য মøান হয়ে গিয়েছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









