ব্যাংকে আস্থার সঙ্কট : সঞ্চয়পত্রে ঝুঁকছেন আমানতকারীরা
ads


ব্যাংক খাতের প্রতি আস্থার সঙ্কট, আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং তুলনামূলক বেশি মুনাফার আশায় আবারো সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন সাধারণ আমানতকারীরা। একসময় ব্যাংকে টাকা জমা রাখাকেই নিরাপদ সঞ্চয়ের প্রধান মাধ্যম মনে করতেন মানুষ; কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংক খাতে অনিয়ম, ঋণের নামে বিপুল অর্থ আত্মসাৎ, খেলাপি ঋণের বিস্তার এবং কয়েকটি ব্যাংকের আমানত ফেরত দিতে হিমশিম খাওয়ার ঘটনায় সেই আস্থায় চিড় ধরেছে। এর বিপরীতে সরকারের সঞ্চয়পত্রে বিনিয়োগকে তুলনামূলক নিরাপদ মনে করছেন অনেক গ্রাহক। ফলে বাড়ছে সঞ্চয়পত্রের নিট বিনিয়োগ।
জাতীয় সঞ্চয় অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সঞ্চয়পত্রের নিট বিক্রি দাঁড়িয়েছে দুই হাজার ৪৮৯ কোটি ৪৪ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে নিট বিক্রির পরিমাণ ছিল দুই হাজার ১৮ কোটি ১৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়েছে প্রায় ২৪ দশমিক ৫ শতাংশ।
সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট ২৮ হাজার ৮৮৪ কোটি ৬৯ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। বিপরীতে মেয়াদপূর্তি ও অন্যান্য কারণে গ্রাহকদের ফেরত দেয়া হয়েছে ২৬ হাজার ৩৯৫ কোটি ২৫ লাখ টাকা। বিক্রির অর্থ থেকে মূল টাকা ফেরত বাদ দেয়ার পর অবশিষ্ট অর্থই নিট বিক্রি হিসেবে বিবেচিত হয়। সেই হিসাবে তিন মাসে সরকারের সঞ্চয়পত্র থেকে নিট অর্থ সংগ্রহ হয়েছে দুই হাজার ৪৮৯ কোটি ৪৪ লাখ টাকা।
অন্য দিকে গত অর্থবছরের একই সময়ে সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল ২৪ হাজার ৪৩২ কোটি ৬৫ লাখ টাকার। এর বিপরীতে মূল টাকা ফেরত দেয়া হয়েছিল ২২ হাজার ৪৩২ কোটি ৪৭ লাখ টাকা। ফলে নিট বিক্রি দাঁড়িয়েছিল দুই হাজার ১৮ কোটি ১৮ লাখ টাকা। অর্থাৎ নতুন অর্থবছরের প্রথম প্রান্তিকে সঞ্চয়পত্রে বিনিয়োগের প্রবণতা আগের বছরের তুলনায় বেড়েছে।
ব্যাংকে আস্থার সঙ্কট, বিকল্প সঞ্চয় সঞ্চয়পত্র
গত দেড় দশকে ব্যাংক খাতে ঋণের নামে বিপুল অর্থ অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে। বিভিন্ন সময়ে বড় অঙ্কের ঋণ জালিয়াতি, অর্থপাচার এবং খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি দুর্বল হয়েছে। এর প্রভাব পড়েছে সাধারণ আমানতকারীদের ওপরও। কয়েকটি ব্যাংকে তারল্যসঙ্কট তৈরি হওয়ায় গ্রাহকদের আমানতের টাকা ফেরত পেতে ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেক গ্রাহক নিজেদের জমা অর্থ উত্তোলন করতে গিয়ে দীর্ঘ অপো ও নানা জটিলতার মুখোমুখি হয়েছেন।
এ পরিস্থিতিতে ব্যাংকে টাকা রাখার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তি, ক্ষুদ্র সঞ্চয়কারী এবং নির্দিষ্ট আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলো তাদের সঞ্চয়ের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত। ফলে বিকল্প বিনিয়োগ হিসেবে সরকারি সঞ্চয়পত্রের প্রতি আগ্রহ বাড়ছে।
সঞ্চয়পত্রের অন্যতম আকর্ষণ হলো তুলনামূলক বেশি মুনাফা এবং সরকারের দায়বদ্ধতা। ব্যাংকের অনেক মেয়াদি আমানতের তুলনায় সঞ্চয়পত্রে মুনাফার হার বেশি হওয়ায় নির্দিষ্ট অঙ্কের অর্থ বিনিয়োগ করে নিয়মিত আয় করতে চান এমন গ্রাহকদের কাছে এটি আকর্ষণীয় হয়ে উঠেছে। পাশাপাশি তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হিসেবে এর গ্রহণযোগ্যতাও রয়েছে।
তবে তিন মাসের সামগ্রিক হিসাবে নিট বিক্রি বাড়লেও মাসভিত্তিক চিত্রে দেখা যাচ্ছে ভিন্ন প্রবণতা। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সঞ্চয়পত্রের নিট বিক্রি ছিল দুই হাজার ৫৯ কোটি ৪৭ লাখ টাকা। ওই মাসে মোট বিক্রি হয়েছিল আট হাজার ৮২২ কোটি ৯৪ লাখ টাকা। বিপরীতে মূল টাকা ফেরত দেয়া হয়েছিল ছয় হাজার ৭৬৩ কোটি ৪৭ লাখ টাকা।
আগস্টে সঞ্চয়পত্র বিক্রি বেড়ে দাঁড়ায় ৯ হাজার ৭৫৩ কোটি ৬২ লাখ টাকা। তবে এ মাসে মূল টাকা ফেরতের পরিমাণও বেড়ে যায়। গ্রাহকদের ফেরত দেয়া হয় ৯ হাজার ৩৪৯ কোটি ৯৭ লাখ টাকা। ফলে নিট বিক্রি কমে দাঁড়ায় ৪০৩ কোটি ৬৫ লাখ টাকায়। সেপ্টেম্বরে এ প্রবণতা আরো স্পষ্ট হয়েছে। এ মাসে ১০ হাজার ৩০৮ কোটি ১৩ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হলেও মূল টাকা ফেরত দিতে হয়েছে ১০ হাজার ২৮১ কোটি ৮১ লাখ টাকা। ফলে নিট বিক্রি দাঁড়িয়েছে মাত্র ২৬ কোটি ৩২ লাখ টাকা। অর্থাৎ জুলাইয়ে যেখানে নিট বিক্রি দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছিল, সেখানে সেপ্টেম্বরে তা প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছে।
সঞ্চয়পত্রের নিট বিক্রি বাড়ায় সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ সংগ্রহের সুযোগ তৈরি হচ্ছে। বাজেটের ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকেও সঞ্চয়পত্রের মাধ্যমে অর্থ সংগ্রহ করে। এ খাতে নিট বিনিয়োগ বাড়লে সরকারের ব্যাংকঋণের ওপর নির্ভরতা কিছুটা কমানোর সুযোগ থাকে।
তবে এর বিপরীতে সরকারের সুদ পরিশোধের দায়ও বাড়ে। সঞ্চয়পত্রে তুলনামূলক বেশি মুনাফা দিতে হওয়ায় এ খাত থেকে বেশি অর্থ সংগ্রহের অর্থ ভবিষ্যতে সরকারের সুদ ব্যয়ের চাপ বৃদ্ধি। ফলে সঞ্চয়পত্রের মাধ্যমে অর্থ সংগ্রহের েেত্র সরকারের জন্য ব্যয় ও ঋণ ব্যবস্থাপনার ভারসাম্য রা গুরুত্বপূর্ণ।
অন্য দিকে সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়লে ব্যাংকের আমানত সংগ্রহেও প্রতিযোগিতা তৈরি হতে পারে। কারণ বেশি মুনাফা ও নিরাপত্তার প্রত্যাশায় কিছু গ্রাহক ব্যাংকে অর্থ জমা রাখার পরিবর্তে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। এতে ব্যাংকগুলোর আমানত সংগ্রহের ব্যয় বাড়ার আশঙ্কাও রয়েছে।
তবে সঞ্চয়পত্রের নিট বিক্রি বৃদ্ধি মানেই ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ চলে যাওয়া নয়। নতুন সঞ্চয়, আগের বিনিয়োগের মেয়াদপূর্তি, পুনর্বিনিয়োগ এবং গ্রাহকদের বিনিয়োগের ধরন পরিবর্তনের মতো বিষয়ও এতে ভূমিকা রাখে। সবমিলিয়ে ব্যাংক খাতের প্রতি আস্থার ঘাটতি এবং তুলনামূলক বেশি মুনাফার প্রত্যাশা সঞ্চয়পত্রের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখছে। তবে সেপ্টেম্বরে নিট বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এই আগ্রহ কতটা স্থায়ী হবে, তা পরবর্তী মাসগুলোর পরিসংখ্যানেই স্পষ্ট হবে। একই সাথে ব্যাংক খাতে সুশাসন, জবাবদিহি ও আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা না গেলে বিকল্প সঞ্চয়মাধ্যমের প্রতি মানুষের নির্ভরতা বাড়তে পারে।