শিপব্রেকিংকে প্রাধান্য দিতে গিয়ে সামগ্রিক পরিবেশ সুরক্ষা উপেক্ষিত?
ads

বাংলাদেশের অর্থনীতিতে শিপব্রেকিং শিল্পের উল্লেখযোগ্য অবদান রয়েছে। এটি দেশের ইস্পাতশিল্পকে কাঁচামাল সরবরাহ করে, বিপুল কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আমদানি ব্যয় হ্রাসেও ভূমিকা রাখছে; কিন্তু শুধুমাত্র এ শিল্পের সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে সামগ্রিক পরিবেশগত সুরক্ষাকে উপেক্ষা করার অভিযোগ উঠছে। সমুদ্র বিজ্ঞানীরা বলছেনÑ এ শিল্পসহ সামগ্রিক সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় বাসেল কনভেনশন ও হংকং কনভেনশনের মধ্যে কোনটি অনুসরণ করা হবে, সেটি কি কেবল শিল্পের ব্যয় কমানোর প্রশ্ন? উন্নত দেশগুলোর পুরনো জাহাজের বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার দায় কি শেষ পর্যন্ত বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীকে বহন করতে হবে সে প্রশ্নও সামনে আসছে। তাই গবেষকরা ‘বাসেল কনভেনশন’ থেকে সরে এসে তুলনামূলক দুর্বল ‘হংকং কনভেনশন’-এর দিকে ঝুঁকে পড়াকে আত্মঘাতী বলছেন। 
বাসেল কনভেনশন বনাম হংকং কনভেনশন
বাসেল কনভেনশন মূলত বর্জ্যরে আন্তর্জাতিক চলাচল নিয়ন্ত্রণ করে,অন্য দিকে হংকং কনভেনশন জাহাজ ভাঙার প্রক্রিয়া এবং ইয়ার্ডের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে। একটি অন্যটির বিকল্প না হলেও বাসেল কনভেনশনের বিকল্প হিসেবে হংকং কনভেনশনকে সামনে আনা হচ্ছে। 
বাসেল কনভেনশন : অনুচ্ছেদ-৬ অনুযায়ী বিপজ্জনক বর্জ্য এক দেশ থেকে অন্য দেশে পাঠানোর ক্ষেত্রে  নিয়ন্ত্রণ আরোপ করে। বর্জ্য আমদানিকারক দেশকে আগাম অবহিত করতে হয় এবং প্রয়োজনীয় লিখিত সম্মতি নিতে হয়। নির্ধারিত পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত না হলে বর্জ্য ফেরত নেয়ার দায় রফতানিকারক দেশের ওপর আসতে পারে। জাহাজটি কখন বর্জ্য হিসেবে বিবেচিত হবে, সেটিও গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন। 
হংকং কনভেনশন : জাহাজের বিপজ্জনক উপাদানের তালিকা রাখতে হয়। অনুমোদিত জাহাজ পুনর্ব্যবহার কারখানায় জাহাজ কাটার বিধান রয়েছে। শ্রমিকের প্রশিক্ষণ, স্বাস্থ্য, নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবেলার পরিকল্পনা থাকতে হয়। বর্জ্য সংরক্ষণ, ব্যবস্থাপনা ও পরিবেশগত সুরক্ষার ব্যবস্থা রাখতে হয়। 
সংশ্লিষ্টরা বলছেনÑ হংকং কনভেনশন ২০০৯ সালে গৃহীত হলেও বাংলাদেশ ২০২৩ সালে এটি অনুসমর্থন করে। অন্য দিকে বাংলাদেশ ১৯৯৩ সাল থেকে বাসেল কনভেনশনের পক্ষভুক্ত।
সাগরে দীর্ঘদিন ভাসতে থাকা জাহাজ বিতর্ক
এ বিতর্কের ঐতিহাসিক পটভূমিতে রয়েছে ১৯৮৬ সালের পেলিকান নামের একটি জাহাজ। জাহাজটিতে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৪ হাজার টন দূষিত ফাই অ্যাশ নেয়া হয়েছিল। বিপজ্জনক বর্জ্য বহনের কারণে বিভিন্ন দেশ জাহাজটিকে বন্দরে ভিড়তে দিতে অস্বীকৃতি জানায়। প্রায় দুই বছর সমুদ্রে ঘোরার পর ১৯৮৮ সালে জাহাজটির বর্জ্য হাইতির উপকূলে ফেলে দেয়া হয় বলে ঐতিহাসিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এ ঘটনা আন্তর্জাতিকভাবে বিপজ্জনক বর্জ্য দরিদ্র দেশে স্থানান্তরের বিরুদ্ধে প্রতিবাদ সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতেই ১৯৮৯ সালে বাসেল কনভেনশন গৃহীত হয়। 
বাংলাদেশ বাসেল কনভেনশন থেকে সরে যাচ্ছে?
ইতঃপূর্বে গত বছরের নভেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার বাসেল কনভেনশনের আওতায় জাহাজ পুনর্ব্যবহারসংক্রান্ত বিষয়ে উভয় চুক্তির সমন্বিত প্রয়োগের পক্ষে অবস্থান নিয়েছিল; কিন্তু চলতি বছরের জুনের মাঝামাঝি সময়ে শিপব্রেকিং ইয়ার্ড মালিকদের পক্ষ থেকে সরকারের ওই অবস্থান পরিবর্তনের দাবি ওঠে। তাদের দাবির প্রেক্ষিতে গত আগস্টে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক শিপিব্রেকিং শিল্পের আইন, বিধি, নীতিমালা ও এ-সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রীকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেয়। ওই কমিটি গঠনের পর গত সেপ্টেম্বরে এ ক্ষেত্রে বাসেল কনভেনশন থেকে বের হয়ে আসা এবং হংকং কনভেনশন মেনে চলার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।
যদিও বাসেল কনভেনশন আন্তঃরাষ্ট্রীয় (ট্রান্সবাউন্ডারি) বর্জ্য চলাচলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। আর হংকং কনভেনশন মূলত ইয়ার্ডে নিরাপদ জাহাজভাঙাসংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে।
বাসেল কনভেনশনের অনুচ্ছেদ ২৭ অনুযায়ী ‘কোনো পক্ষের ক্ষেত্রে এ কনভেনশন কার্যকর হওয়ার তারিখ থেকে তিন বছর অতিক্রান্ত হওয়ার পর যেকোনো সময়ে, উক্ত পক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত নোটিশ প্রদানের মাধ্যমে এ কনভেনশন থেকে প্রত্যাহার করতে পারবে। উক্ত কর্তৃপক্ষ কর্তৃক নোটিশ প্রাপ্তির এক বছর পর অথবা নোটিশে উল্লিখিত পরবর্তী কোনো তারিখে এ প্রত্যাহার কার্যকর হবে।’
কার স্বার্থে এ পরিবর্তনের উদ্যোগ?
সমুদ্র বিজ্ঞানীরা আশঙ্কা করছেনÑ বাংলাদেশের সরে আসার উদ্যোগের পেছনে দেশী-বিদেশী সুবিধাভোগীদের হাত থাকতে পারে। বিশেষ করে, উন্নত দেশগুলো তাদের বিষাক্ত ও মেয়াদোত্তীর্ণ জাহাজগুলো সস্তায় উন্নয়নশীল দেশে পাচার করার পথ তৈরি। বাসেল কনভেনশন বলবৎ থাকলে তাদের জাহাজ ফেরত নেয়ার বা বাড়তি খরচ করার আইনি দায়বদ্ধতা থাকে। বাংলাদেশ সেখান থেকে সরে আসলে এসব বিপজ্জনক বর্জ্য সহজেই বাংলাদেশের উপকূল প্রেরণ করা যাবে। আর শিপব্রেকিং ইয়ার্ডমালিকরাও শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে সে সুযোগকে কাজে লাগাবে। ফলে প্রশ্ন উঠছে, শিল্পের ব্যয় কমানোর জন্য যদি পরিবেশগত দায়বদ্ধতা দুর্বল করা হয়, তাহলে সে ব্যয়ের প্রকৃত বোঝা কে বহন করবে? দূষিত মাটি ও পানি পুনরুদ্ধারের ব্যয়; স্থানীয় মানুষের স্বাস্থ্যঝুঁঁকি; মৎস্যসম্পদের ক্ষতি; দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু বা কর্মক্ষমতা হারানোর সামাজিক মূল্য; ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশগত ক্ষতির দায়তো আর একটি ইয়ার্ড মালিক বহন করবেন না। 
তা ছাড়া এখন প্রশ্ন উঠছেÑ হংকং কনভেনশন কি যথেষ্ট সুরক্ষা দিতে পারবে? হংকং কনভেনশন আন্তর্জাতিকভাবে জাহাজ পুনর্ব্যবহারের নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ কাঠামো; কিন্তু বাসেল কনভেনশন বিপজ্জনক বর্জ্যরে আন্তর্জাতিক চলাচল সরাসরি নিয়ন্ত্রণ করে; কিন্তু সেটি হংকং কনভেনশনের মূল বিষয় নয়।
বিশেষত, হংকং কনভেনশন প্রচলিত বিচিং পদ্ধতিকে সম্পূর্ণ নিষিদ্ধ করে না। ফলে জোয়ারভাটার উপকূলে দূষণ ছড়িয়ে পড়ার ঝুঁঁকি থেকে যায়। তা ছাড়া সীতাকুণ্ডের উপকূলীয় অঞ্চলে জাহাজ কাটার প্রভাব শুধু ইয়ার্ডের সীমানায় সীমাবদ্ধ থাকে না। জোয়ারভাটা, বৃষ্টির পানি, বাতাস ও নদী-খালের মাধ্যমে দূষণ আশপাশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে পারে।
বাংলাদেশের জন্য এ ঘটনা কেন গুরুত্বপূর্ণ?
জীবনচক্র শেষ হওয়া একটি জাহাজে থাকতে পারে : অ্যাসবেস্টস; পিসিবি-যুক্ত উপাদান; সিসা ও পারদের মতো ভারী ধাতু; অবশিষ্ট জ্বালানি ও লুব্রিকেন্ট; রাসায়নিক ও বিষাক্ত স্লাজ; বিপজ্জনক গ্যাস ও অন্যান্য অবশিষ্ট পদার্থ।
কোনো জাহাজকে তার বিপজ্জনক বর্জ্যরে দায়সহ আমদানির সুযোগ দিলে এবং পরে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব এককভাবে বাংলাদেশকে বহন করতে হলে, সেটি আন্তর্জাতিক পরিবেশগত ন্যায়বিচারের প্রশ্ন তৈরি করে।
এ ক্ষেত্রে বাসেল কনভেনশনের গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে, বর্জ্য কোথা থেকে আসছে, কী ধরনের বর্জ্য বহন করছে এবং সেটি কিভাবে নিষ্পত্তি হবেÑ সব বিষয়ে রফতানিকারক দেশকেও দায়বদ্ধ রাখা।
সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি
অ্যাসবেস্টসÑ দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগ ও ক্যানসারের ঝুঁঁকি সৃষ্টি করে; সিসাÑ স্নায়ুতন্ত্র ও কিডনির ক্ষতি করে; পারদÑ স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের বিকাশ ক্ষতিগ্রস্ত করে; পিসিবিÑ রোগ প্রতিরোধ ও হরমোন ব্যবস্থায় বিরূপ প্রভাব ফেলে; বিষাক্ত ধোঁয়াÑ শ্বাসতন্ত্রের সমস্যা সৃষ্টি করে; পানি ও খাদ্যে দূষণের পাশাপাশি দীর্ঘমেয়াদি বিষক্রিয়া ও অন্যান্য স্বাস্থ্যঝুঁঁকি সৃষ্টি হতে পারে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে মেরিন পলিউশন বুলেটিনে প্রকাশিত একটি গবেষণায় সীতাকুণ্ডের জাহাজভাঙ্গা এলাকার পানি পরীক্ষা করে তেল, সিসা, ক্যাডমিয়াম, পারদ, ক্রোমিয়ামসহ বিভিন্ন দূষক পাওয়া গেছে। গবেষণায় অনেক নমুনায় পরিবেশ অধিদফতরেরর মানদণ্ড অতিক্রমের তথ্যও উঠে এসেছে। 
এ ছাড়া পরিবেশ বিজ্ঞানীদের মতে, দীর্ঘমেয়াদে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস; ভারী ধাতু ও বিষাক্ত রাসায়নিক সামুদ্রিক পানিতে জমা হতে পারে; মাছ, কাঁকড়া, শামুক ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর প্রজনন ও বেঁচে থাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে; খাদ্যশৃঙ্খলে বিষাক্ত পদার্থ প্রবেশের আশঙ্কা তৈরি হয়।
উপকূলীয় জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি
সীতাকুণ্ডের উপকূলীয় জলাভূমি, খাল, ছোট নদী ও ম্যানগ্রোভ সংশ্লিষ্ট বাস্তুতন্ত্র দূষণের শিকার হতে পারে। গবেষণায় জোয়ারভাটার মাধ্যমে দূষণ ছড়িয়ে পড়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। তা ছাড়া দূষণের প্রভাব তাৎক্ষণিকভাবে সবসময় দৃশ্যমান হয় না। কিছু বিষাক্ত পদার্থ দীর্ঘ সময় ধরে পরিবেশ ও খাদ্যশৃঙ্খলে অবস্থান করতে পারে।
সামুদ্রিক পরিবেশ নিয়ে কাজ করা একাধিক ব্যক্তি নয়া দিগন্তকে বলেন, আন্তর্জাতিক বর্জ্য ব্যবস্থাপনার সুরক্ষা দুর্বল হলে বাংলাদেশের সামনে কয়েকটি দীর্ঘমেয়াদি ঝুঁঁকি তৈরি হতে পারে। এর মধ্যে অন্যতম হলোÑ উন্নত দেশগুলো তাদের পুরনো জাহাজের বিপজ্জনক বর্জ্যরে দায় থেকে তুলনামূলকভাবে সহজে সরে যেতে পারে। বাংলাদেশকে বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার বড় অংশের অর্থনৈতিক ও পরিবেশগত দায় বহন করতে হবে। সীতাকুণ্ডের উপকূলীয় পরিবেশসহ বঙ্গোপসাগরের মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়তে পারে। সর্বোপরি বহির্বিশ্বে বাংলাদেশের পরিবেশগত ভাবমূর্তি এবং জাহাজ পুনর্ব্যবহার শিল্পের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে।
পরিবেশ অধিদফতরের চট্টগ্রামের সাবেক পরিচালক জাফর আলম (সাবেক অতিরিক্ত সচিব) নয়া দিগন্তকে বলেন, বাসেল কনভেনশন শিপব্রেকিংকে অ্যাড্রেস করত না। যেকোনো হ্যাজার্ডাস ওয়েস্টের মুভমেন্টের জন্য যেকোনো ট্রান্সবাউন্ডারি মুভমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। সেটাকে একটা গাইডলাইন দিয়ে নিয়ে আসা হয়েছিল শিপব্রেকিং ইয়ার্ডের জন্য। যেহেতু কোনো কনভেনশন ছিল না সেজন্য সেটাকে অ্যাপ্লিকেবিলিটি করা হয়েছিল। ২০০৯ সালে যখন হংকং কনভেনশন হয়; বাংলাদেশ সেটার অন্যতম সিগনেটরি। যেহেতু একই বিষয়ে দুইটা কনভেনশন কাজ করতে পারে না। বাসেল কনভেনশনে শিপব্রেকিংয়ের বিষয়গুলো গাইডলাইনে বলা আছে। তিনি বলেন, গাইডলাইন বাধ্যতামূলকভাবে (মেন্ডেটরি) অনুসরণ করতে হবে এমন কোনো বিষয় না; কিন্তু কনভেনশনের বিষয়গুলো বাধ্যতামূলক। সরকার আমার মনে হয় পুরোপুরি প্রত্যাহার করবে না, যেহেতু হংকং কনভেনশন শিপব্রেকিং ইয়ার্ডকে অ্যাড্রেস করে সেজন্য এ রকম চিন্তা করলে মনে হয় ওয়াইডলি চিন্তা করেই নিয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওশনোগ্রাফি বিভাগের অধ্যাপক ও ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের পরিচালক সমুদ্র বিজ্ঞানী ড. মোসলেম উদ্দিন নয়া দিগন্তকে বলেনÑ জাতিসঙ্ঘের বিপজ্জনক বর্জ্য নিয়ন্ত্রণসংক্রান্ত ‘বাসেল কনভেনশন’ থেকে সরে এসে তুলনামূলক দুর্বল ‘হংকং কনভেনশন’-এর দিকে ঝুঁঁকে একটি আত্মঘাতী সিদ্ধান্ত তথা বঙ্গোপসাগরের জীবন্ত বাস্তুতন্ত্রে বিষাক্ত সঙ্কটাপন্ন করে তোলা।
ভৌত সমুদ্র বিজ্ঞান অনুযায়ী, সমুদ্র কোনো স্থির জলাধার নয়। সীতাকুণ্ড উপকূলের শক্তিশালী জোয়ারভাটা ও উপকূলীয় স্রোত  এখানে ফেলা যেকোনো রাসায়নিক বর্জ্যকে মুহূর্তেই গোটা উত্তর বঙ্গোপসাগরের মৎস্য প্রজনন ক্ষেত্রগুলোতে ছড়িয়ে দেয়। তাই  পুরনো জাহাজের সিসা, পারদ, ক্যাডমিয়াম, অ্যাসবেস্টস ও পিসিবিসংলগ্ন  সমুদ্রের তলদেশীয় বাস্তুতন্ত্র ও প্ল্যাংকটন ধ্বংস করার পাশাপাশি সামুদ্রিক মাছের মাধ্যমে মানবদেহে প্রবেশ করবে (বায়ো একুমুলেশন), যা ক্যানসার, স্নায়ুরোগ ও কিডনি জটিলতার ঝুঁঁকি বাড়াতে পারে। পাশাপাশি বিচিং পদ্ধতির কারণে উপকূলীয় ভূগর্ভস্থ মিষ্টি পানির স্তরও স্থায়ীভাবে বিষাক্ত হয়ে পড়বে। হংকং কনভেনশনে আন্তঃসীমান্ত বিষাক্ত বর্জ্য (ট্রান্সবাউন্ডারি হ্যাজার্ডাস ওয়েস্ট) নিয়ন্ত্রণে বাসেল কনভেনশনের মতো কঠোর সুরক্ষাবলয় নেই। তাই একটিকে বাদ দিয়ে আরেকটি নয়; বরং বাসেল ও হংকং উভয় কনভেনশনকে একসাথে সমন্বয় করে প্রয়োগ করাই বিজ্ঞানসম্মত সমাধান।
কেবল বাণিজ্যিক স্বার্থে বাসেল কনভেনশন থেকে সরে আসা মানে বঙ্গোপসাগরের জীবন্ত প্রাণপ্রবাহ ও আমাদের সুনীল অর্থনীতির ভবিষ্যতে বিষাক্ত কফিন ঠুকে দেয়া।