
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির প্রচার, বাস্তবায়ন ও কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জে একটি সচেতনতামূলক ও অংশীজন সম্পৃক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সিটি ব্যাংক পিএলসি। সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক অর্থায়নের আওতায় নিয়ে আসা, নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে উৎসাহিত করা এবং তাদের টেকসই উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জের দরবার পার্টি প্যালেসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) পরিচালক শেখ আব্দুল কুদ্দুস। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), প্রধান অর্থনীতিবিদ ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো: আশানুর রহমান, সিটি ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় তরুণ উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, অংশগ্রহণের যোগ্যতা, অর্থায়ন সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির যুগ্ম পরিচালক কর্মসূচিটির বিভিন্ন দিক তুলে ধরে একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশ ব্যাংক সিটি ব্যাংককে দেশের ১২টি উপজেলায়Ñ আলফাডাঙ্গা, গোপালগঞ্জ সদর, ভৈরব, মুন্সীগঞ্জ সদর, সোনারগাঁও, শিবপুর, হাজীগঞ্জ, লাকসাম, সেনবাগ, সিরাজগঞ্জ সদর, বিশ্বনাথ ও দিনাজপুর সদরে উপজেলা লিড ব্যাংক হিসেবে দায়িত্ব প্রদান করেছে। একই সাথে গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার জেলা লিড ব্যাংক হিসেবেও দায়িত্ব পালন করছে সিটি ব্যাংক। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








