সংক্ষিপ্ত সংবাদ

কিউআর ব্যবহারে সচেতনতামূলক কার্যক্রম

ডিজিটাল লেনদেন জনপ্রিয় ও সহজলভ্য করার লক্ষ্যে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে জেলা শহরের কলেজ মোড়ের পৌর টাউন হল চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক, রংপুরের পরিচালক এ কে এম কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একই কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এস এম আব্দুল বারী। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও ইউএসপির সহযোগিতায় দিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হয়। দুপুরে কলেজ মোড় থেকে কিউআর কোডে লেনদেনের প্রচারে একটি র‌্যালি বের হয়। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। কুড়িগ্রাম প্রতিনিধি।

নদী থেকে জীবিত শিশু উদ্ধার

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীর স্রোতে ভেসে যাওয়া পাঁচ বছরের শিশু আরওয়া মাহমুদকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুলিশ পার্কসংলগ্ন নদী থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকের তাৎক্ষণিক চিকিৎসায় শিশুটি প্রাণে বেঁচে যায়। বর্তমানে সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত রয়েছে। আরওয়া পৌর শহরের পলাশপাড়া এলাকার মাহমুদ হাসান ও ফারহানা বিথী দম্পতির মেয়ে। বিথী একটি স্কুলের শিক্ষিকা। জানা যায়, সকালে নদীর তীরে ঝোপঝাড় পরিষ্কারের সময় শ্রমিকরা শিশুটিকে স্রোতে ভেসে যেতে দেখে। পরে কয়েকজন দ্রুত নদীতে নেমে তাকে উদ্ধার করে। শিশুটির মা জানান, তিনি স্কুলে কাস নেয়ার সময় মেয়েটি কখন ক্যাম্পাস থেকে বের হয়ে নদীর পাড়ে চলে যায়, বুঝতে পারেননি। সদর হাসপাতালের চিকিৎসক ওয়াহেদ মাহমুদ রবিন জানান, তাৎণিক চিকিৎসায় সে এখন শঙ্কামুক্ত। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

ওষুধের দাম বাড়ায় চাপে ক্রেতারা

চাঁদপুরের মতলব উত্তরে বিভিন্ন কোম্পানির ওষুধের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। নিয়মিত ওষুধ কিনতে গিয়ে সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। উপজেলার সুজাতপুরের অটোরিকশাচালক দুলাল মিয়া বলেন, তিনি হৃদরোগী। চিকিৎসকের পরামর্শে সারা জীবন ওষুধ খেতে হবে। কিন্তু ওষুধের দাম বাড়লেও আয় বাড়েনি। ফলে মাছ-সবজি কেনার টাকাও থাকে না। হৃদরোগ, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক ও ব্যথার ওষুধের দামও বেড়েছে। ক্রেতা মাহবুব জানান, আগে এক হাজার টাকার ওষুধ কিনতে এখন এক হাজার ৪০০ টাকা থেকে এক হাজার ৫০০ টাকা লাগছে। ওষুধ ব্যবসায়ী সবুজ কুমার দাস বলেন, দাম বাড়ায় নিম্ন আয়ের রোগীরা বেশি সমস্যায় পড়েছেন। চাঁদপুরের ড্রাগ সুপার মো: গোলাম মোস্তফা জানান, কাঁচামালের দাম বাড়লে ওষুধের দামও বাড়ে। মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা।

অস্ত্র-গুলিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে তিনটি অস্ত্র ও গুলিসহ খালেদ হাসান বিকাশ মোড়ল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে উপজেলার মধ্যবাঘরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বাঘরা এলাকার পরিচিত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ। শ্রীনগর থানার ওসি মো: আতাউর রহমান ও পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিকাশের বাড়িতে অভিযান চালায়। তল্লাশিতে একটি বিদেশী পিস্তল, দু’টি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি দেশীয় পাইপগান, একটি এয়ারগান ও শটগানের চারটি কার্তুজ জব্দ করা হয়। শ্রীনগর ও ঢাকার দোহার থানায় তার বিরুদ্ধে অন্তত ১৪টি মামলা রয়েছে। ওসি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।

খড়ের স্তূপের পাশ থেকে লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে খড়ের স্তূপের পাশ থেকে মো: আলমগীর (৩৬) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর গ্রামের সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। আলমগীর মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর গ্রামের আহাম্মদের ছেলে। জানা যায়, কালিনগর থেকে খাসমহল বালুচর যাওয়ার সংযোগ সড়কের পাশে খড়ের স্তূপের কাছে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। থানার ওসি মো: আলাউদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।

স্বর্ণালঙ্কারের লোভে মাকে হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকারের লোভে মতিফুল বেগম (৫০) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে আশরাফ আলীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করে। নিহত মতিফুল বেগম ওই গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী। গ্রেফতার অন্য দু’জন হলেন একই গ্রামের ময়ান প্রামাণিকের ছেলে আব্দুর রাহিম (২২) ও স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল। সূত্রে জানা যায়, মায়ের গলার স্বর্ণের তাবিজ ও কানের দুলের লোভে আশরাফ সহযোগী আব্দুর রাহিমকে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন। উল্লাপাড়া মডেল থানার এসআই সুমন শেখ জানান, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা।

বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। অভিযোগ অনুযায়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিদায় অনুষ্ঠান আয়োজনের কথা বলে প্রায় ৪০০ শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেয়া হচ্ছে। শিশু থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে আদায় করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, তার মেয়ের কাছে শ্রেণিশিক্ষক বিদায় অনুষ্ঠানের জন্য ১০০ টাকা চেয়েছেন। এর আগে বিদ্যালয়ের ঝাড়ু কেনার নামেও ১৫০ টাকা নেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আরেক অভিভাবক বলেন, এভাবে টাকা আদায় অনুচিত। উপজেলা শিা কর্মকর্তা নাজমুস সিহার জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। দোহার (ঢাকা) সংবাদদাতা।