প্রযুক্তি বিপর্যয়ে গোয়েন্দা তদন্ত দাবি চাক শুমারের

 

যুক্তরাষ্ট্রে বিমান চলাচল, ব্যাংক ও জাতীয় নিরাপত্তা নেটওয়ার্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত করা ব্যাপক প্রযুক্তিগত বিভ্রাটের ঘটনায় গোয়েন্দা তদন্তের দাবি জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে এই তদন্তের জোর দাবি জানান মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। 
সিনেটের অধিবেশনে বক্তব্য দেয়ার সময় শুমার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে কেটনকে প্রশিতি গোয়েন্দা পেশাদারদের সমন্বয়ে একটি বিশেষ ‘রেড টিম’ গঠনের আহ্বান জানান। এই দল তদন্ত করে দেখবে যেসব বিভ্রাট পরস্পরের সাথে যুক্ত কি না অথবা এর পেছনে কোনো বৃহত্তর হুমকি রয়েছে কি না।
শুমার বলেন, এই বিভ্রাট বিমান চলাচল বন্ধ করে দিয়েছে, ব্যাংকিং সেবা ব্যাহত করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সফটওয়্যার বিকল করেছে এবং এমনকি এনএসএর গোপন নেটওয়ার্কও অচল করে দিয়েছে। এসব ঘটনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা করেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘এটিই জীবন। এটি ঠিক আছে।’
এ প্রসঙ্গে শুমার প্রশ্ন তোলেন, ‘তিনি কোন গ্রহে বাস করছেন?’ তিনি যুক্তি দেন, এই বিভ্রাটের বিষয়ে একটি স্পষ্ট ব্যাখ্যা পাওয়ার অধিকার মার্কিন নাগরিকদের রয়েছে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে তদন্ত সম্পন্ন করে কংগ্রেসের কাছে এর প্রতিবেদন জমা দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এই সিনেট নেতা।
প্রশাসন কোনো পদপে নিতে ব্যর্থ হলে ডেমোক্র্যাটরা নিজেরাই তদন্ত চালাবে বলে তিনি সতর্ক করেন। শুমার বলেন, ‘ট্রাম্প যদি উত্তর খুঁজে বের করতে না চান, তবে পরবর্তী কংগ্রেসে ডেমোক্র্যাটরা নিজেরাই তা খুঁজে বের করবে।’
 বিমানবন্দরে যাত্রীরা যখন আটকে ছিলেন, সে সময় দেয়া বক্তব্যের কারণে মার্কিন পরিবহন সচিব শন ডাফির প্রাথমিক প্রতিক্রিয়ারও সমালোচনা করেন ডেমোক্র্যাটিক পার্টির এই শীর্ষ নেতা। শুমার বলেন, ‘বিমানবন্দরে সবাই যখন আটকে ছিলেন, তখন সচিব ডাফির প্রাথমিক সংবাদ সম্মেলন দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করছিলেন এবং ৫০ বিলিয়ন ডলার দাবি করছিলেন, অথচ আমরা যে ১২ বিলিয়ন ডলার দিয়েছিলাম তা-ই তারা এখনো খরচ করতে পারেননি। কী নিদারুণ অযোগ্যতা! আমাদের কোনো রাজনৈতিক দলবাজের প্রয়োজন নেই।’