
সিলেট নগরীতে বাসে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুই দিনের ব্যবধানে নগরীর দু’টি এলাকায় ছয়টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
সর্বশেষ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে নগরীর সোবহানীঘাটস্থ চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস চারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সিলেট ল’ কলেজ সংলগ্ন চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা বাস চারটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত বলে জানা গেছে।
ভোরে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাস চারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, কারা এবং কী কারণে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।
তিনি আরো বলেন, ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এজন্য ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
এর আগে, রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থানাধীন বড়শালা এলাকায় দু’টি বাসে আগুন দেয়ার চেষ্টা করা হয়। ওই ঘটনায় বাস দু’টি বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এ ঘটনার ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে জ্যাকেট ও হেলমেট পরা এক ব্যক্তিকে কাগজের মতো একটি বস্তুতে আগুন ধরিয়ে বাস দু’টিতে আগুন দেয়ার চেষ্টা করতে দেখা যায়। দুর্বৃত্তরা বাস দু’টিতে আগুন ধরাতে সক্ষম হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পরপর এসব অগ্নিসংযোগের ঘটনায় নগরীর সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে গভীর রাতে ও ভোরে বিভিন্ন এলাকায় দাঁড়িয়ে থাকা যানবাহন লক্ষ্য করে এমন হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন নগরবাসী।
এসব ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে একের পর এক বাসে আগুন দেয়া হচ্ছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি নগরীর নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








