
পাহাড়ের শেষপ্রান্তে ছোট্ট একটি গ্রাম। গ্রামের এক পাশে মাতামুহুরী নদী, অন্য পাশে সবুজের গহিন অরণ্য। সেই গ্রামেই বাস করত বৃদ্ধ আবদুল করিম। স্ত্রী মারা গেছেন বহু বছর আগে। একমাত্র ছেলে শহরে থাকে। দীর্ঘ সাত বছরেও ছেলের বাড়ি ফেরা হয়নি। প্রতিদিন বিকেলে করিম সাহেব বাড়ির উঠোনে একটি পুরনো চেয়ার পেতে বসেন। পথের দিকে তাকিয়ে থাকেন। ডাকপিয়নের সাইকেলের ঘণ্টা শুনলেই বুকের ভেতর কেমন যেন আলোড়ন ওঠে। মনে হয়, এই বুঝি ছেলের চিঠি এলো! একদিন সত্যিই ডাকপিয়ন একটি খাম দিয়ে গেল। কাঁপা হাতে খাম খুললেন তিনি। চিঠিতে লেখা, ‘বাবা, আমি ভালো আছি। কাজের প্রচণ্ড ব্যস্ততা। এবারো বাড়ি যাওয়া সম্ভব হচ্ছে না। তুমি নিজের যতœ নিও। টাকা পাঠিয়েছি। প্রয়োজন হলে জানিও।’ চিঠিটি পড়ে বৃদ্ধের চোখ ভিজে উঠল। অথচ কান্নার কারণ অভাব নয়, অভিমানও নয়। তার মনে হলো, পৃথিবীতে সন্তানের কাছে বাবার প্রয়োজন বুঝি একদিন ফুরিয়ে যায়! পরদিন গ্রামের এক কিশোরকে ডেকে বললেন, ‘বাবা, আমার জন্য একটা চিঠি লিখে দেবে?’ কিশোর অবাক হয়ে বলল, ‘কাকে লিখবেন দাদু?’ ‘আমার ছেলেকে।’
‘কী লিখবেন?’ বৃদ্ধ কিছুক্ষণ নীরব থেকে বললেন, ‘লিখবে, বাবা, তোমার পাঠানো টাকা পেয়েছি। ওষুধও কিনেছি। তবে জানো, আমার আর বেশি কিছু প্রয়োজন নেই। শুধু একবার তোমার মুখটা দেখতে ইচ্ছে করে।’ কিশোর চিঠি লিখে দিলে বৃদ্ধ সেটি বুকে চেপে ধরলেন। কিন্তু ডাকঘরে পাঠাতে দিলেন না। বললেন, ‘থাক, চিঠিটা থাক। ছেলেটা হয়তো ব্যস্ত। আমার কথা ভেবে তার কাজে ব্যাঘাত ঘটুক, তা চাই না।’ কয়েক দিন পর গভীর রাতে করিম সাহেব অসুস্থ হয়ে পড়লেন। প্রতিবেশীরা হাসপাতালে নেয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। খবর পেয়ে ছেলে ছুটে এলো। বাবার ঘরে ঢুকে টেবিলের ওপর চিঠিটি দেখতে পেল। কাঁপা হাতে খুলে পড়ল। প্রতিটি শব্দ যেন তার বুকের ভেতর বিষণœতার শিলালিপি হয়ে বিঁধতে লাগল। বাবার বালিশের নিচে আরো একটি কাগজ পাওয়া গেল।
সেখানে লেখা ছিল, ‘বাবা, মানুষ মৃত্যুর আগে কত কিছু রেখে যায়। আমি তোমার জন্য রেখে গেলাম অপেক্ষা।’ ছেলেটি সেদিন প্রথম বুঝল, পৃথিবীর সব ঋণ অর্থ দিয়ে শোধ করা যায় না। কিছু ঋণের নাম ভালোবাসা, আর কিছু ঋণের নাম সময়। কিন্তু সময় তখন আর কারো অপেক্ষায় ছিল না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








