চাঁদের বন্ধু : আলিফা তাবাচ্ছুম শিখা
চাঁদের বন্ধু : আলিফা তাবাচ্ছুম শিখা।


একটা ছোট্ট বনে থাকত একটা ছোট্ট চড়ুই, নাম টুপু। টুপু ছিল ভীষণ কৌতূহলী।
একদিন রাতে টুপু দেখল, আকাশের বড় চাঁদটা পুকুরের পানিতে পড়ে আছে!  টুপু ভাবল, আরে! চাঁদটা বুঝি পানিতে পড়ে গেছে, ওকে তুলতে হবে। সে তাড়াতাড়ি তার বন্ধু খরগোশ ছুটুকে ডাকল। ছুটু বলল, চল, আমরা পানি থেকে চাঁদটাকে তুলি। দু’জন মিলে ঠোঁট দিয়ে, হাত দিয়ে পানি নাড়াতে লাগল। আর যেই পানি নাড়ায়, অমনি চাঁদটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়! টুপু কাঁদো কাঁদো হয়ে বলল, হায় হায়, চাঁদ ভেঙে গেল! তখন গাছের উপর থেকে জ্ঞানী প্যাঁচা দাদু হেসে বললেন, বোকা ছানারা! ওটা তো আসল চাঁদ নয়, ওটা চাঁদের ছায়া। আসল চাঁদ তো আকাশেই আছে, দেখো উপরে। টুপু আর ছুটু উপরে তাকিয়ে দেখল, চাঁদটা আকাশে মিটমিট করে হাসছে। প্যাঁচা দাদু বললেন, কোনো কিছু না বুঝে তাড়াহুড়ো করতে নেই। আগে ভালো করে দেখতে হয়। সেদিন থেকে টুপু আর তাড়াহুড়ো করে না। সে আগে দেখে, ভাবে, তারপর কাজ করে। 

Advertisement