
বিকেলের ব্যস্ত শহর। চারদিকে মানুষের ছুটে চলা, যানবাহনের বিরক্তিকর হর্ন আর কোলাহলে মুখর চারপাশ। সেই ভিড়ের মধ্যেই ফুটপাথ ধরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন তরুণ লেখক- বিক্রম। কোনো খ্যাতিমান লেখক না হলেও দেশের নামকরা জাতীয় দৈনিক পত্রিকায় মাঝেমধ্যেই তার লেখা গল্প, ছড়া-কবিতা প্রকাশিত হয়। সমাজের নানা অসঙ্গতি নিয়ে তিনি লিখতে ভালোবাসেন।
হাঁটতে হাঁটতে তৃষ্ণা পেয়ে গেল তার। রাস্তার পাশের টং দোকান থেকে এক বোতল পানি কিনে পান করলেন। পানি শেষ হতেই অভ্যাসবশত খালি বোতলটি পাশের ড্রেনে ছুড়ে ফেলতে উদ্যত হলেন বিক্রম। ঠিক তখনই যেন কোথা থেকে ভেসে এলো এক অচেনা কণ্ঠ-
-তুমিও বন্ধু, অন্য সবার মতোই?
বিক্রম থমকে দাঁড়ালেন।
-তুমি তো লেখক! তোমার গল্প-কবিতায় দেশ, সমাজ আর মানুষের ভুলগুলো তুলে ধরো। অথচ সেই তুমিই কি না এই বোতলটি ড্রেনে ফেলতে যাচ্ছ? এটা কি তোমাকে মানায়?
তার কথায় অবাক হয়ে গেলেন বিক্রম। চারদিক তাকিয়ে দেখে কাউকে না পেয়ে মনে মনে ভাবে, ‘কোথাও তো কেউ নেই! তাহলে এটা! এটা আমার মনের ভুল হয়তো!’ বিক্রম বোতলটি আর ফেললেন না। নিজের কাঁধের ব্যাগে রেখে দিলেন। তারপর কৌতূহলী হয়ে চারপাশে খুঁজতে লাগলেন আর বললেন- ‘কে কথা বলছে?’
কিছুক্ষণ পর আবার সেই অচেনা কণ্ঠ শোনা গেল। -কবি বন্ধু, আমাকে খুঁজে পাচ্ছো না তুমি? আমি তো তোমার পায়ের নিচেই আছি! বিক্রম বিস্ময়ে নিচের দিকে তাকালেন। কিন্তু, কই কিছুই তার চোখে পড়ছে না! -‘বন্ধু,আমি এই ফুটপাথ।’ বলল, ফুটপাথ। ফুটপাথের কথা শুনে তিনি স্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণের জন্য। এরপর নরম কণ্ঠে বললেন,
-বন্ধু, আমাকে ক্ষমা করে দিও। আর কখনো এমন ভুল হবে না।
ফুটপাথ মৃদু হেসে বলল,
-ক্ষমা চাইতে হবে না তোমাকে। শুধু আমার হয়ে একটা কাজ করে দিলেই হবে।
-কী কাজ?
বিক্রম, বলল।
ফুটপাথ যেন দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলল, -আমাকে দেখার কেউ কি নেই এই শহরে? যেখানে মানুষ নিশ্চিন্তে হাঁটবে, সেখানে আজ নোংরা আবর্জনার স্তূপ। কেউ পলিথিন ফেলে, কেউ প্লাস্টিকের বোতল, কেউ চিপসের খালি প্যাকেট। ড্রেনগুলো আবর্জনায় ভরে গেছে। বৃষ্টির পানি নামতে পারে না। দুর্গন্ধে মানুষ নাক চেপে হাঁটে।
কিছুক্ষণ থেমে আবার বলল,
-এই নোংরা পানিতে জন্ম নেয় মশা, মাছি আর অসংখ্য রোগজীবাণু। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ডায়রিয়াসহ নানা রোগ ছড়িয়ে পড়ে শহরের অলি-গলির ঘরে ঘরে। সবচেয়ে বেশি কষ্ট পায় আমাদের ছোট ছোট শিশুরা। বিক্রম চুপচাপ শুনছিলেন।
ফুটপাথ আবার বলল,
-তুমি তো প্রতিদিন মানুষের জন্য লেখো। এবার আমার কথাও লিখো। এই শহরের পরিবেশের কথা লিখো। পরিচ্ছন্ন শহরের কথা লিখো। নতুন প্রজন্মকে সচেতন করো। যদি তোমার লেখায় মানুষের বিবেক জেগে ওঠে, তবে হয়তো একদিন আমিও আবার হাসতে পারব। প্রাণভরে শ্বাস নিতে পারবে প্রকৃতি ও মানুষ। বিক্রম দৃঢ় কণ্ঠে বললেন,
-বন্ধু, আমি তোমায় কথা দিচ্ছি। তোমার কষ্টের কথা পৃথিবীর সবাইকে জানাব। এবার তাহলে আসি। কোনো এক বিকেলে হয়তো আবার দেখা হবে বন্ধু। বিক্রম বাসায় ফিরে সেদিন রাতে আর ঘুমাতে পারল না। বারবার তার কানে ভেসে আসতে লাগল ফুটপাথের করুণ আর্তনাদের কথা,করুণ আবেদনের কথা । পরদিন থেকেই বিক্রম পরিবেশ দূষণ, পরিচ্ছন্ন শহর এবং নাগরিক দায়িত্ব নিয়ে ধারাবাহিকভাবে গল্প, ছড়া, কবিতা ও প্রবন্ধ লিখতে শুরু করলেন। তার লেখাগুলো পত্রপত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিচ্ছন্ন পরিবেশ গড়ার আন্দোলনে যুক্ত হলো। তারা দেশব্যাপী মানববন্ধন করল, পরিচ্ছন্নতা অভিযান চালাল, গাছ লাগাতে শুরু করল এবং সবাইকে ডাস্টবিন ব্যবহারে উৎসাহিত করল।
একসময় শহরের মানুষও বুঝতে শুরু করল- একটি প্লাস্টিকের বোতল কিংবা একটি পলিথিন যেখানে-সেখানে ফেলে দেয়া শুধু একটি অভ্যাস নয়; এটি পুরো পরিবেশের জন্য হুমকি। দেশ ও জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতি। দিন যেতে লাগল। মানুষজন সচেতন হতে লাগল। দিন দিন ড্রেনের আবর্জনা কমতে শুরু করল। ফুটপাথ পরিষ্কার হতে লাগল দ্রুতগতিতে। পথচারীরা স্বস্তিতে হাঁটতে লাগল নিরাপদে। একদিন বিকেলে সেই পথ দিয়ে হাঁটছিলেন বিক্রম। হঠাৎ যেন বাতাসের ফাঁকে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠ-
-‘ধন্যবাদ বন্ধু। আজ আমি অনেক হালকা। আজ মানুষ আমাকে আবার হাঁটার পথ হিসেবে ব্যবহার করছে, আবর্জনার ভাগাড় হিসেবে নয়। আমি খুব আনন্দিত।’
বিক্রম মুচকি হেসে বললেন,
-‘ধন্যবাদ তোমাকেও, বন্ধু। সেদিন আমাকে তোমার কষ্টের কথা না বললে হয়তো আমিও নিজেকে বদলাতে পারতাম না। ভালো থেকো বন্ধু।’ এই বলে বিক্রম আবার সামনে হাঁটতে শুরু করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








