৫৬ বছরেও নির্মিত হয়নি টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
১২ নভেম্বর পরবর্তী লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভোলার একটি এলাকা : নয়া দিগন্ত।

সাহাদাত শাহিন ভোলা

Advertisement

ভয়াল ১২ নভেম্বর আজ। ১৯৭০ সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় গোর্কি ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল দেশের দণিাঞ্চল। বিশেষ করে দ্বীপজেলা ভোলায় নেমে এসেছিল মৃত্যুর বিভীষিকা। সরকারি হিসাব অনুযায়ী, ওই দুর্যোগে এ জেলায় প্রাণ হারিয়েছিল প্রায় এক লাখ ৭০ হাজার মানুষ। তবে বেসরকারি হিসাব ও স্থানীয়দের দাবি, প্রাণহানির সংখ্যা প্রায় পাঁচ লাখ। নদী-নালা, খাল-বিল ও বিস্তীর্ণ জনপদে ছড়িয়ে-ছিটিয়ে ছিল অসংখ্য মানুষের লাশ। ৫৬ বছর পেরিয়ে গেলেও সেই ভয়াল স্মৃতি আজও তাড়া করে ফেরে উপকূলবাসীকে।
সে দিন ছিল পবিত্র রমজান মাসের বৃহস্পতিবার। ঘণ্টায় প্রায় ২২০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাস ও প্রায় ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস মুহূর্তেই তছনছ করে দেয় উপকূলের বিস্তীর্ণ জনপদ। ভেসে যায় ঘরবাড়ি, গাছপালা, গবাদিপশু ও অসংখ্য মানুষ। 
দৌলতখান উপজেলার তৎকালীন মেদুয়া এলাকার বাসিন্দা আমীরুল ইসলাম সেই ভয়াল রাতের একজন প্রত্যক্ষদর্শী। ওই দুর্যোগে তার মা, দুই ভাই, এক বোনসহ পরিবারের ১৮ জন সদস্য প্রাণ হারান। আমীরুল জানান, ঘটনার দিন লঞ্চ চলাচল বন্ধ থাকায় তিনি ঢাকা থেকে বাড়ি ফিরতে পারেননি। ঝড়পরবর্তী সময়ে তিনি বাড়ি ফিরে দেখেন, তাদের দোতলা বাড়ির কোনো অস্তিত্বই নেই। মা, দুই ভাই, এক বোনসহ পরিবারের ১৮ জন সদস্যকে হারিয়েছেন তিনি। পাশের কয়েকটি বাড়ির শতাধিক মানুষের মধ্যে মাত্র তিনজন বেঁচেছিলেন। পরিবারের অনেক সদস্যের লাশও খুঁজে পাওয়া যায়নি।
তিনি বলেন, তার বাবার বর্ণনা অনুযায়ী, হঠাৎ বিশাল কালো পানির ঢেউ ধেয়ে এসে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। পরদিন ভোরে অনেক দূরে একটি গাছ আঁকড়ে ধরে তার বাবাকে জীবিত পাওয়া যায়।
একই দুর্যোগের স্মৃতিচারণ করেন আবু তাহের। ‘তখন আমি স্কুলে পড়ি। চার দিকে শুধু পানি আর পানি। ঝড়ের পরে একে একে স্বজনদের মৃত্যুর খবর আসতে থাকে। মামাবাড়ির দুই খালা, ভাই-বোনসহ পরিবারের দুইজন ছাড়া সবাই মারা যান।’
ভোলার শতবর্ষী প্রবীণ সাংবাদিক এম আবু তাহের বলেন, সে দিন দৌলতখানের চৌকিঘাটায় সাপ ও মানুষের লাশ একসাথে জড়াজড়ি করে পড়ে থাকতে দেখেছেন। সন্তানকে বুকে জড়িয়ে মৃত মায়ের দৃশ্যও দেখেছেন তিনি। কাফনের কাপড়ের অভাবে কলাপাতা ও ছালার চট দিয়ে লাশ মুড়িয়ে দাফন করা হয়েছে। একটি কবরে একাধিক লাশও সমাহিত করতে হয়েছে। পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল পচা লাশের দুর্গন্ধ। মনপুরার রাজনীতিবিদ কামাল চৌধুরী জানান, ঘূর্ণিঝড়ের পর বেঁচে ছিলেন মাত্র সাড়ে ১১ হাজার। এমন কোনো পরিবার ছিল না, যেখানে প্রাণহানির ঘটনা ঘটেনি। 
এখনো অরক্ষিত উপকূল : ৫৬ বছর পর দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়লেও ভোলার উপকূলীয় মানুষের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হয়নি। ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা ও আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা থাকলেও টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভাবে ঝুঁকি রয়েই গেছে। প্রবল জোয়ারের সময় নিচু বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে।
ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু জানান, এ জেলায় প্রায় ৩৫১ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থাকলেও অধিকাংশ বাঁধই ঝুঁকিপূর্ণ ও প্রয়োজনের তুলনায় নিচু। 
ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর বলেন, ঝুঁকিপূর্ণ বাঁধ চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার, উঁচুকরণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের ভোলা ডিভিশন-১-এর নির্বাহী প্রকৌশলী মো: জিয়া উদ্দীন আরিফ জানান, প্রয়োজনীয় বরাদ্দের অভাবে বিচ্ছিন্ন দ্বীপ ও চরাঞ্চলের সব বাঁধ টেকসই করা সম্ভব হয়ে উঠছে না। 
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ভোলায় মোট বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে ৩৫১ কিলোমিটার। এর মধ্যে স্থায়ী বাঁধের দৈর্ঘ্য মাত্র ৪৯ দশমিক ৬৬ কিলোমিটার। বর্তমানে ৯০ কিলোমিটার বাঁধের পুনর্বাসনকাজ চলমান রয়েছে। এখনো অরক্ষিত রয়েছে ২১১ দশমিক ৩৪ কিলোমিটার বাঁধ। ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, কুকরি-মুকরি, ঢালচর ও চর নিজামের দুর্গম এলাকার মানুষকে উদ্ধারের জন্য চারটি স্পিডবোট বরাদ্দ চাওয়া হয়েছে।
১৯৭০ সালের সেই ভয়াল ঘূর্ণিঝড়ের পুনরাবৃত্তি ঠেকাতে দুর্যোগ প্রস্তুতি ও আশ্রয়কেন্দ্র বাড়ানোর পাশাপাশি স্থায়ী উপকূল সুরক্ষা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বিচ্ছিন্ন চরাঞ্চলে মাটির কিল্লা স্থাপন করতে হবে। ভয়াল সেই রাতের স্মৃতি শুধু শোকের নয়, উপকূলের নিরাপত্তা নিশ্চিত করারও একটি বড় সতর্কবার্তা।