
স্মার্টফোনের ক্যামেরায় পাহাড়ের মানুষের জীবন জীবিকা, বৈচিত্র্যময় সংস্কৃতি ও সামাজিক সহনশীলতার গল্প তুলে ধরতে রাঙ্গামাটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী মোবাইল স্টোরিটেলিং কর্মশালা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইউএনডিপি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় তিন পার্বত্য জেলার ৪৫ জন তরুণ অংশ নিচ্ছেন।
রোববার (১৫ নভেম্বর) সকালে রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ‘কমিউনিটি ভয়েসেস-ফ্রম দ্য হিলস : ইয়ুথ মোবাইল স্টোরিটেলিং ওয়ার্কশপ অন কমিউনিটি, চেঞ্জ অ্যান্ড রেজিলিয়েন্স’ শীর্ষক এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো: আবদুল কাবিল খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউএনডিপির প্রতিনিধি বিপ্লব চাকমা এবং বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের প্রভাষক মেহেরুন নাহার ও মো: তানভীর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আয়োজক সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলা থেকে বাছাইকৃত ৪৫ জন তরুণ-তরুণী কর্মশালায় অংশ নিয়েছেন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মোবাইল ফোন ব্যবহার করে পেশাদার উপায়ে গল্প সংগ্রহ, ভিডিও নির্মাণ ও উপস্থাপনার কৌশল শেখানো হবে।
আয়োজকদের প্রত্যাশা, এই প্রশিক্ষণের মাধ্যমে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা, সামাজিক বাস্তবতা, পরিবর্তন এবং সহনশীলতার ইতিবাচক গল্পগুলো নতুন প্রজন্মের হাত ধরে সবার সামনে উঠে আসবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








