
নয়া দিগন্ত ডেস্ক
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের দেশজুড়ে নৈরাজ্য এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ঠেকাতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল ও সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান : গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ফ্যাসিবাদবিরোধী ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ। সমাবেশে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক নেতারা বলেন, সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ পলাতক ফ্যাসিস্টদের পুনর্বাসনের স্বপ্ন দেখছে। তবে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা তাদের সেই স্বপ্ন কস্মিনকালেও বাস্তবায়ন হতে দেবে না। বিক্ষোভ মিছিল ও সমাবেশে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাজাহান খান, সাবেক সাধারণ সম্পাদক মোমিন মালিতা এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান : সকালে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের মনিরামপুরের দলীয় অফিসে সমাবেশে করে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, বিএনপি নেতা আব্দুস ছালাম, এমদাদুল হক নওশাদ, জি এস আলামিন হোসেন, ইয়াছিন আলী, যুবদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদ, স্বেচ্ছাসেবক দল নেতা শাকিক চৌধুরী, মহিলা দল নেত্রী জুঁই আক্তার, আরজু হক লিপি প্রমুখ। বক্তারা বলেন, ডিসেম্বর মাসকে সামনে রেখে আওয়ামী লীগ সারা দেশে যে নৈরাজ্য করে চলেছে। ভবিষ্যতেও যে কোনো ধরনের অপতৎপরতাকেও রুখে দেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









