
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম তিন দিন সমানতালে লড়েছিল বাংলাদেশ। ব্যাট হাতে ৪০০ রান, প্রতিপক্ষকে চাপে রাখার সুযোগ, এমনকি ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল।
কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি। ক্যাচ মিস আর নো বলের মাশুল দিয়ে হেরে গেছে বাংলাদেশ। ম্যাচ শেষে তাই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে আত্মবিশ্বাসের পাশাপাশি ছিল গভীর আক্ষেপ।
যদিও ম্যাচশেষে সংবাদ সম্মেলনে বেশ স্বাভাবিকভাবেই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শান্ত। কিন্তু আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশী সংবাদকর্মীর সামনে আর আক্ষেপ চাপা রাখতে পারেননি তিনি। বলে উঠলেন, ‘কী একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল ভাই…!’
একটু সান্ত্বনা দেয়ার চেষ্টা করতেই খুলে গেল তার মনের কথাও। বলছেন, ‘আমরা অনেক সাহস দেখিয়েছি ভাই। দক্ষিণ আফ্রিকায় এসে সিরিজের প্রথম ইনিংসে ব্যাট করতে চায় কয়টা দল? আমরা ব্যাট করেছি। ৪০০ রান করেছি। ম্যাচটা আমাদের হাতে ছিল… আবার যে কবে এমন চান্স আসে!’
বিশ্বের এক নম্বর টেস্ট দলের বিপক্ষে তাদের মাটিতে এমন সুযোগ সব সময় আসে না। বাংলাদেশ সেই সুযোগ তৈরি করেছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। শান্তর আক্ষেপের বড় কারণ, ম্যাচের গতিপথ বদলে দিতে পারত এমন কয়েকটি মুহূর্ত নিজেদের হাতেই নষ্ট করেছে দল।
ম্যাচের আগে দলের বৈঠকে ক্যাচ নেয়ার গুরুত্বের কথা বলেছিলেন অধিনায়ক। তার ধারণা ছিল, ক্যাচগুলো ঠিকঠাক ধরতে পারলে জয়ের সম্ভাবনা তৈরি হবে। আর হাতছাড়া হলে বিপদ বাড়বে। শেষ পর্যন্ত তার আশঙ্কাই সত্যি হয়েছে।
শান্ত বলেন, ‘ম্যাচ শুরুর আগে টিম মিটিংয়ে বলেছিলাম, আমরা যদি ক্যাচগুলো ঠিকঠাক নিতে পারি, তাহলে জিতব। ক্যাচ নিতে না পারলে হারবো। দেখেন, সেটাই হলো…।’
দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন শূন্য রানে জীবন পান। পরে ৫৮ রানেও আরেকটি সুযোগ পেয়ে যান। শেষ পর্যন্ত ১০২ রানের ইনিংস খেলেন তিনি। চতুর্থ দিনের সকালে রিকেলটন ও কাগিসো রাবাদার শতরানের জুটি বাংলাদেশের ম্যাচের সম্ভাবনাকে অনেকটাই দূরে সরিয়ে দেয়। রাবাদাও ৩৮ রানে ক্যাচ দিয়ে বেঁচে যান। পরে করেন ৭২ রান।
ক্যাচগুলো নিতে পারলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারত বলে মনে করেন শান্ত। তার হিসেব, দক্ষিণ আফ্রিকার রান হয়তো চারশর আশপাশেই আটকে থাকত। তখন ম্যাচের সমীকরণও বদলে যেত। এমনকি বাংলাদেশ ২০০ রান করলেও শেষ ইনিংসে দক্ষিণ আফ্রিকার জন্য লক্ষ্যটা কঠিন হতে পারত।
‘ক্যাচগুলো যদি আমরা নিতে পারতাম, তাহলে খুব বেশি হলেও ওদের রান হতো ৪০০ বা এর আশপাশে। এক ইনিংসের খেলা তখন। মাইন্ডসেটই অন্যরকম থাকত। আমরা ২০০ রান করলেও শেষ ইনিংসে ওদের জন্য কঠিন হতো…।’—আক্ষেপের সুরে বললেন বাংলাদেশ অধিনায়ক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনের ঐতিহাসিক জয়ের প্রসঙ্গ টেনে শান্ত বলেন, ‘সেবার প্রতিপক্ষকে সুযোগ দেয়নি বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকাকে সুযোগ দেয়ায় তারা সেটি কাজে লাগিয়েছে। বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে ছোট ভুলের মূল্যও অনেক বড়।’
তিনি আরো বলেন, ‘ডারউইনে ভাই আমরা ওদের কোনো সুযোগ দেইনি। অস্ট্রেলিয়ার মতো দল, এখানে দক্ষিণ আফ্রিকা এক নম্বর দল, ওরা সামান্য সুযোগ পেলেই সেটা কাজে লাগাবে। আমরা সেই সুযোগটি ওদেরকে দিয়েছি এবার।’
তবে ক্যাচ মিসকে খেলার অংশ বলে দায় এড়ানোর সুযোগ নেই। ক্যাচ ধরাও ক্রিকেটের অংশ, আর সেখানেই বাংলাদেশ পিছিয়ে পড়েছে। শান্ত নিজেও স্লিপে ক্যাচ ছেড়েছেন। ফলে ব্যর্থতার দায় শুধু অন্যদের ওপর চাপানোর সুযোগ নেই।
বাংলাদেশ দলের ফিল্ডিং সমস্যার পেছনে বিশেষজ্ঞ কোচ না থাকার বিষয়টিও আলোচনায় এসেছে। জেমস প্যামেন্ট দায়িত্ব ছাড়ার পর স্থায়ী কোনো ফিল্ডিং কোচ নিয়োগ দিতে পারেনি বিসিবি। আশিকুর রহমান মজুমদার কিছুদিন দায়িত্ব পালন করলেও এই সফরে তাকে রাখা হয়নি।
সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা ফিল্ডিংয়ের দায়িত্ব পালন করবেন বলে আলোচনা থাকলেও বিসিবি জানিয়েছে, তিনি মূলত সহকারী কোচের দায়িত্বই পালন করবেন। ফলে ফিল্ডিংয়ের কাজ সামলাতে হচ্ছে দলের সবাইকে মিলেই।
এই ম্যাচে ব্যর্থতার পর অবশ্য শান্ত জানিয়েছেন, ফিল্ডিং কোচ খুঁজছে বোর্ড। আধুনিক ক্রিকেটে বিশেষজ্ঞ কোচের প্রয়োজনীয়তা কতটা, জোহানেসবার্গের ম্যাচ সেটি আবারও সামনে এনেছে।
ক্যাচ মিসের পাশাপাশি নো বলও বড় ভোগান্তির কারণ হয়েছে বাংলাদেশের। প্রথম ইনিংসে তিন পেসার মিলে ১০টি নো বল করেন। তাসকিন আহমেদের নো বলে জীবন পান জুবাইর হামজা। হাসান মাহমুদের নো বলে বোল্ড হয়েও বেঁচে যান ডেন প্যাটারসন।
দ্বিতীয় ইনিংসে ইবাদত হোসেনের নো বলে আউট হওয়া থেকে রক্ষা পান এইডেন মার্করাম। এসব ভুলের মাশুল শেষ পর্যন্ত দিতে হয়েছে দলকে। সাম্প্রতিক সময়ে নো বলের সমস্যা নিয়মিত হয়ে উঠেছে বাংলাদেশের পেস আক্রমণে।
তালহা জুবায়ের পেস বোলিং কোচ হওয়ার পর সাত টেস্টে বাংলাদেশ ২৭টি নো বল করেছে। অবশ্য জোহানেসবার্গের উইকেট ও আউটফিল্ডের উচ্চতার পার্থক্যের কারণে মানিয়ে নিতে সমস্যা হয়েছে বলে জানিয়েছেন পেসাররা। কিন্তু নিয়মিত নো বলের সমস্যা শুধু কন্ডিশন দিয়ে ব্যাখ্যা করা কঠিন।
একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছিল। বিশেষ করে শরিফুল ইসলামকে বাদ দিয়ে ইবাদত হোসেনকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে। শান্তর ব্যাখ্যা, নতুন বলে তাসকিন ও হাসান ভালো বোলিং করেন। শরিফুলও নতুন বলে কার্যকর। তাই পুরোনো বলে বাড়তি গতি ও আক্রমণাত্মক বোলিংয়ের জন্য ইবাদতকে বেছে নেয়া হয়।
‘শরিফুল, তাসকিন, হাসান, সবাই নতুন বলে খুব ভালো বল করে। হাসান তো পুরান বলেও ভালো করছে, তাসকিনও করে। তবে আমাদের যে বোলিং বিভাগ, আমাদের যে পাঁচটা-ছয়টা বোলার আছে, এদেরকে আসলে পর্যায়ক্রমে খেলাতে হয়।’
তিনি আরো বলেন, ‘কখনো কখনো সিদ্ধান্ত নেয়াটাও আমাদের জন্য কঠিন হয়। আমাদের অনেক বোলার আছে, পরপর দুই-তিনটি টেস্ট খেলার মতো অবস্থানে থাকে না। আমাদের ব্যাকআপে অনেক বোলার নেই। ওই ক্ষেত্রে ওই হিসেব করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরোনো বলে ইবাদতকে দিয়ে বাড়তি চাপ তৈরি করতে চেয়েছিল বাংলাদেশ। শান্তর ভাষায়, ‘এখানে কন্ডিশনটা যেরকম ছিল, পুরোনো বলে একজন বোলার দরকার ছিল, যে কি না একটু হুমকি তৈরি করবে। ইবাদত সবসময় এটা করে থাকে। সে দুর্ভাগ্যজনকভাবে সেটা করতে পারেনি। তবে আমার মনে হয়, কম্বিনেশনটা আমরা ভালো পিক করেছিলাম।’
বাঁহাতি পেসার না থাকার বিষয়টিও বিবেচনায় ছিল বলে জানান শান্ত। তবে শেষ পর্যন্ত পুরোনো বলে ইবাদতের কার্যকারিতাকেই বেশি গুরুত্ব দেয়া হয়েছিল। তিন পেসারের সবাই ডানহাতি হওয়ায় বৈচিত্র্যের অভাব নিয়ে প্রশ্ন উঠলেও অধিনায়কের যুক্তি, দলের বোলিং পরিকল্পনা ও কন্ডিশন বিবেচনায় সিদ্ধান্তটি নেয়া হয়েছে।
পরের টেস্টে অবশ্য একাদশে পরিবর্তনের সম্ভাবনা প্রবল। টেনিস এলবোর চোটে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শরিফুলের ফেরার সম্ভাবনা আছে। খালেদ আহমেদও বিবেচনায় আসতে পারেন।
জোহানেসবার্গের হার বাংলাদেশের জন্য হতাশার হলেও পুরো ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজছেন শান্ত। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই পরের টেস্টে ভালো করার আশা অধিনায়কের।
আক্ষেপের কথাগুলো বলার পর বিদায়ের সময় শান্তর কণ্ঠে আবার আশার সুর, ‘অনেক পজিটিভ আছে কিন্তু ভাই। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা আমাদের কাছে এসে অনেক প্রশংসা করেছে। দেখা যাক, সেঞ্চুরিয়নে যদি আরো ভালো কিছু হয়…!’
সেই সেঞ্চুরিয়নেই সোমবার শুরু হবে সিরিজের পরের টেস্ট।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









