ব্রি
ড. খোন্দকার মো: ইফতেখারুদ্দৌলা। নয়া দিগন্ত
ads

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পরিচালক (গবেষণা) পদে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ধান প্রজননবিদ ড. খোন্দকার মো: ইফতেখারুদ্দৌলা। 

বুধবার (১৮ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের জারিকৃত এক অফিস আদেশে তাকে এ পদে রুটিন দায়িত্ব প্রদান করা হয়। নতুন এই দায়িত্ব পাওয়ার আগে তিনি ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

১৯৯৮ সালের ২০ আগস্ট ব্রিতে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন ড. ইফতেখারুদ্দৌলা। দীর্ঘ কর্মজীবনে তিনি পর্যায়ক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সালের ৯ ডিসেম্বর থেকে উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন।

শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে কৃষিতে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অধিকার করে বিএসসিএজি (সম্মান) এবং ২০০৩ সালে জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটে (ইরি) গবেষণা করে ২০১০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়া ২০১৯ সালে ধান প্রজনন কার্যক্রমের রূপান্তর বিষয়ে কোলাবোরেটিভ রিসার্চ ফেলোশিপ সম্পন্ন করেন তিনি।

ধান প্রজনন ও প্রতিকূলতা সহনশীল জাত উদ্ভাবনে ড. ইফতেখারুদ্দৌলার অসামান্য অবদান রয়েছে। বিশেষ করে জলমগ্নতা ও আকস্মিক বন্যা সহনশীল পাঁচটি ধানের জাত—ব্রি ধান৫১, ব্রি ধান৫২, ব্রি ধান৭৯, ব্রি ধান১০৯ এবং ব্রি ধান১১০ উদ্ভাবনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে ২৬টি ধানের জাত উদ্ভাবিত হয়েছে। আধুনিক মার্কার-অ্যাসিস্টেড ব্যাকক্রস ব্রিডিং প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে জনপ্রিয় জাত বিআর১১, ব্রি ধান৪৪ এবং ব্রি ধান৪৯-এ ‘Sub1-QTL’ সংযোজনের গবেষণায়ও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিজ্ঞান সাময়িকীতে তার ৭৯টি পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধ এবং ২০টি বই, মনোগ্রাফ ও বুলেটিন প্রকাশিত হয়েছে। গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৪ সালে ‘নার্স-ইরি ফেলোশিপ অ্যাওয়ার্ড’, ২০১৪ সালে ‘ব্রি পুরস্কার’, ২০১১ সালে ‘সিএসআরএল-অক্সফাম ফুড অ্যান্ড এগ্রিকালচার অ্যাওয়ার্ড’, ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড এবং বিএআরসি চেয়ারম্যানস অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা অর্জন করেছেন। এছাড়া তিনি দেশী-বিদেশী ১৩টি গবেষণা প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের সাথে যুক্ত রয়েছেন।

ব্যক্তিগত জীবনে ড. খোন্দকার মো: ইফতেখারুদ্দৌলা ও মোছা: তাকবিরা সুলতানা দম্পতি দুই সন্তানের জনক-জননী। তিনি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পেশাজীবী ও বিজ্ঞান সংগঠনের সক্রিয় সদস্য।