
দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া
শিখ নেতা গুরপতবন্ত সিং পন্নুনের করা মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। ওয়াশিংটনে ভারতের দূতাবাসে কূটনৈতিক চ্যানেলে এ সমন পাঠানো হয়েছে।
২৮ অক্টোবর নিউ ইয়র্কের একটি আদালতে জমা দেয়া নথিতে মার্কিন পররাষ্ট্র দফতর সমন পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ৯ অক্টোবর ভারতীয় দূতাবাসে এ বিষয়ে একটি কূটনৈতিক নোট পাঠানো হয়। পন্নুন শিখস ফর জাস্টিসের (এসএফজে) আইনি পরামর্শক। তার অভিযোগ, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর মাধ্যমে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে তিনি যুক্তরাষ্ট্রের আদালতে দেওয়ানি মামলা করেছেন। মামলায় অজিত দোভাল ও সামন্ত গোয়েলসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
তবে মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, ভারতীয় দূতাবাসে কূটনৈতিক নোট পাঠানো আদালতের নির্দেশনা অনুযায়ী একটি নিয়মিত প্রক্রিয়া। এর অর্থ এই নয় যে, যুক্তরাষ্ট্র মামলার অভিযোগের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নিয়েছে। ভারত সরকার পন্নুনের অভিযোগকে ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। দেশটি বরাবরই এ ঘটনায় ভারতীয় কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।
পন্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ
পন্নুনকে হত্যার কথিত ষড়যন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তদন্তের পর এ মামলা করা হয়। এ ঘটনায় ভারতের নাগরিক নিখিল গুপ্তকে গ্রেফতার করা হয়েছিল। ২০২৩ সালের জুনে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে গ্রেফতারের পর গুপ্তকে যুক্তরাষ্ট্রে নেয়া হয়। মার্কিন বিচার বিভাগের অভিযোগ, পন্নুনকে হত্যার জন্য একজন ভাড়াটে খুনি নিয়োগের পরিকল্পনা করেছিলেন তিনি। এ কাজে তৎকালীন ‘র’-এর সাথে যুক্ত বলে পরিচয় দেয়া বিকাশ যাদবসহ অন্যরা জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে গুপ্ত তিনটি অভিযোগে দোষ স্বীকার করেন। এর মধ্যে রয়েছে অর্থের বিনিময়ে হত্যার জন্য লোক নিয়োগের ষড়যন্ত্র, হত্যার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্র। চলতি মাসের শেষ দিকে তার সাজা ঘোষণার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর দাবি, পন্নুনকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে বিকাশ যাদব সরাসরি নিখিল গুপ্তের সাথে যোগাযোগ করেছিলেন। যাদব ‘র’-এর সাবেক জুনিয়র কর্মকর্তা। ২০০৮ সালে তিনি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীতে (সিআরপিএফ) যোগ দেন। পরে মন্ত্রিপরিষদ সচিবালয়ের মাধ্যমে তাকে নিয়োগ দেয়া হয়। ২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তার বিরুদ্ধে অভিযোগ আনে। বর্তমানে ভারতে তার বিরুদ্ধে একটি মামলা চলছে। মার্কিন তদন্তের পর এ ঘটনায় উত্থাপিত অভিযোগ ও প্রমাণ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে ভারত সরকার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









