সংসদে তিন অধ্যাদেশ উত্থাপন বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পেশ

সংসদ প্রতিবেদক

Advertisement

সরকারি ক্রয়, মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিল এবং সৌরবিদ্যুৎ স্থাপনের বিষয়ে জারি করা তিনটি অধ্যাদেশ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। গতকাল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান অধ্যাদেশ তিনটি উত্থাপন করেন। একই সাথে উত্তরাঞ্চলের পরিকল্পিত নগরায়ন ও সমন্বিত অবকাঠামো উন্নয়নের জন্য ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ পেশ করা হয়েছে।
অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদের অধিবেশন না থাকা অবস্থায় অধ্যাদেশগুলো জারি করেছিলেন। উত্থাপিত অধ্যাদেশ তিনটি হলো- সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।
সরকারি ক্রয় আইনে পরিবর্তন
গত ২১ সেপ্টেম্বর জারি করা সরকারি ক্রয় অধ্যাদেশে সরকারি ক্রয় কার্যক্রমে ব্যাপক পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। নতুন ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোগ, নারী উদ্যোক্তা এবং পিছিয়ে পড়া দরদাতাদের সরকারি ক্রয়ে অংশগ্রহণের সুযোগ বাড়াতে এই সংশোধনী আনা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, ক্রয়কারী প্রতিষ্ঠানগুলো দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় শর্ত যেমন- দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা বা উচ্চ বার্ষিক লেনদেনের শর্ত আরোপ করতে পারবে না। স্থানীয় শিল্প ও কর্মসংস্থানকে উৎসাহিত করতে সরকার দেশীয় উৎপাদিত পণ্য কেনা বাধ্যতামূলক করতে পারবে। এ ছাড়া উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কারিগরি ও আর্থিক প্রস্তাব আলাদাভাবে জমা নেয়া হবে।
ভ্যাট রিটার্ন জমায় নতুন সময়সীমা
গত ১৩ অক্টোবর জারি করা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশে ২০১২ সালের আইনের ৬৪ ধারায় পরিবর্তন আনা হয়েছে, যা গত ১ অক্টোবর থেকে কার্যকর ধরা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিদের প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। তবে সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা কোম্পানি এবং শূন্য রিটার্ন দাখিলকারীদের জন্য এই সময়সীমা ২০ দিন নির্ধারণ করা হয়েছে। জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন জমার সময় বাড়াতে পারলেও সুদ বা জরিমানা মওকুফ করতে পারবে না।
সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ বিধান
গত ১৯ অক্টোবর জারি করা বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশের মাধ্যমে পাঁচ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের কাঠামো তৈরি করা হয়েছে। সরকারি ও বেসরকারি আবাসিক ভবন, সৌরচালিত সেচপাম্প, হিমাগার, বৈদ্যুতিক যানবাহনের চার্জিং স্টেশন, চা-বাগান এবং কৃষিজমিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রকল্প এর আওতাভুক্ত থাকবে। বিনিয়োগের ক্ষেত্রে অপারেটিং এক্সপেনডিচার (ওপেক্স) এবং ক্যাপিটাল এক্সপেনডিচার (ক্যাপেক্স)- এই দু’টি মডেল রাখা হয়েছে। সৌরবিদ্যুৎ ব্যবস্থার যন্ত্রাংশ চুরি বা স্থাপনা ক্ষতিগ্রস্ত করার অপরাধে সর্বোচ্চ তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপন
এ দিকে বগুড়া শহর ও এর আশপাশের এলাকায় পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি সংসদে পেশ করেন। উত্থাপনের পর বিলটি পরীক্ষা করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। প্রস্তাবিত আইনটি অর্থ বিল হওয়ায় সংসদে উত্থাপনের আগে অর্থ বিভাগের মাধ্যমে রাষ্ট্রপতির সুপারিশ নেয়া হয়েছে। উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই শহরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের ঘনত্ব রয়েছে এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতেই এই স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।