টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার পথে নিখোঁজ যুবকের মোটরসাইকেল ‍উদ্ধার
আশোকাঠী ফিলিং স্টেশনের নিখোঁজ কর্মচারী মো: মহিউদ্দিন তালুকদার। ছবি সংগৃহীত

বরিশালের গৌরনদী বন্দরের ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে আশোকাঠী ফিলিং স্টেশনের কর্মচারী মো. মহিউদ্দিন তালুকদার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। পরে, আত্মীয়-স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পর উপজেলা পরিষদের দক্ষিণ পাশে সাহা বাড়ি সংলগ্ন জঙ্গলের পাশ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তবে, নিখোঁজের ২৪ ঘণ্টা পারও নিখোঁজ যুবকের কোনো সন্ধান দিতে পারেননি পুলিশ। 

Advertisement

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ মহিউদ্দিন তালুকদারের কোনো খোঁজ পাওয়া যায়নি। এর আগে, সোমবার বিকেল ৩টার কিছু আগে তিনি ব্যাংকের উদ্দেশে রওয়ানা হন, এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। 

স্থানীয়রা জানান, নম্র ও ভদ্র স্বভাবের মহিউদ্দিন তালুকদার আশোকাঠী ফিলিং স্টেশনের একজন দায়িত্বশীল কর্মচারী ছিলেন। হঠাৎ করে তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও সহকর্মীরা উৎকণ্ঠায় আছেন। 

মঙ্গলবার সকালে এ প্রতিবেদকের কথা হয় আশোকাঠী ফিলিং স্টেশনের ম্যানেজার মো: জাহিদ হোসেনের সাথে। ম্যানেজার জাহিদ জানান, সোমবার বেলা তিনটার দিকে প্রতিষ্ঠানের চার লাখ টাকা ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রওয়ানা দেন মহিউদ্দিন তালুকদার। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন। 

গৌরনদী মডেল থানার ওসি মো: তারিক হাসান রাসেল জানান, নিখোঁজ কর্মচারীকে উদ্ধার এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত ও অভিযান চলছে।