কোটা সংস্কারের দাবির পাশাপাশি আন্দোলন হয় হামলার প্রতিবাদে

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

জুলাই গণ-অভ্যুত্থানে কোটা সংস্কারের দাবির পাশাপাশি আন্দোলনকারীদের ওপর হামলা, হতাহত হওয়া এবং নারীদের ওপর সহিংসতার প্রতিবাদেও বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা স্বেচ্ছায় অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন মামলার এক সাক্ষী।
গতকাল সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের একক বেঞ্চে সাক্ষীকে জেরা করেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আইনজীবী লিটন আহমেদ।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষীকে দ্বিতীয় দিনের মতো জেরা করা হয়। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও আসামি। গত ১৯ অক্টোবর সাক্ষ্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তৎকালীন এ সমন্বয়ক। নিরাপত্তার স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। জেরার একপর্যায়ে সাক্ষীর কাছে পড়াশোনা শেষে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান পলকের আইনজীবী লিটন আহমেদ। জবাবে সাক্ষী জানান, পড়াশোনা শেষ করে কী করবেন, তা নিয়ে এখনো কোনো পরিকল্পনা করেননি।
কোটা ব্যবস্থা কখন চালু হয়েছিল, আইনজীবীর এমন প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, তিনি তা বলতে পারবেন না। তবে ২০১৮ সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নিয়োগে কোটাপ্রথা বাতিল করা হয়েছিল। সাক্ষী আরো জানান, ২০২৪ সালের ৫ জুন ওই সিদ্ধান্ত বেআইনি ঘোষণা করে কোটাপ্রথা পুনর্বহালের আদেশ দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে কেউ আপিল করেছিলেন কি না, তা তার মনে নেই। ২১ জুলাই আপিল বিভাগের রায়ে কত শতাংশ কোটা বহাল রাখা হয়েছিল, তা-ও বলতে পারবেন না। তবে ওই সময় আন্দোলন চলছিল।
আন্দোলনকারীদের সাথে শান্তি আলোচনায় বসতে সরকার বারবার আহ্বান জানিয়েছিল কি না, আইনজীবীর এমন প্রশ্নে সাক্ষী বলেন, তার মনে নেই। এ সময় পলকের আইনজীবী লিটন আহমেদ দাবি করেন, আন্দোলন চলাকালে সরকার আন্দোলনকারীদের দাবি পূরণ করেছিল। এরপরও তারা আন্দোলন চালিয়ে গেছেন।
তবে আইনজীবীর এ বক্তব্য অস্বীকার করেন সাক্ষী। তিনি বলেন, কোটা সংস্কারের পাশাপাশি আন্দোলনকারীদের ওপর হামলা, আহত-নিহত হওয়া এবং নারীদের ওপর সহিংসতার প্রতিবাদেও তারা আন্দোলনে যোগ দিয়েছিলেন। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। আন্দোলনের সময়ও তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না।
আন্দোলন কিভাবে সমন্বয় করা হতো, সে বিষয়েও জানতে চান আইনজীবী। জবাবে সাক্ষী বলেন, ইন্টারনেট সচল থাকা সাপেক্ষে তারা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহার করতেন। তবে ইমো, জুম, স্কাইপ ও ইয়োলা ব্যবহার করেননি। আন্দোলনে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানোর জন্য সমন্বয়কদের সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো যোগাযোগ ছিল না বলেও জানান সাক্ষী। তার ভাষ্য, আন্দোলনকারীরা স্বেচ্ছায় অংশ নিয়েছিলেন।
শিবিরের ২ নেতাকে গুলি, পরবর্তী সাক্ষ্যগ্রহণ২৪ নভেম্বর
এ দিকে যশোরের চৌগাছায় গ্রেফতারের পর বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্রশিবিরের দুই নেতাকে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন এসপি আনিসুর রহমানসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে নির্ধারিত সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
গতকাল ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো: মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ দিন ধার্য করেন। এ দিন এ মামলায় চতুর্থ নম্বর সাক্ষীর জবানবন্দী হওয়ার কথা ছিল। কিন্তু প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।
ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম, আবদুস সাত্তার পালোয়ান, মামুনুর রশিদসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন। 
এ মামলায় গ্রেফতার তিনজনের মধ্যে রয়েছেন চৌগাছা থানার তৎকালীন এসআই আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান ও কনস্টেবল জহরুল হক। তাদের গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এসপি আনিসুর রহমানসহ পলাতকরা হলেন চৌগাছা থানার তৎকালীন ওসি মশিউর রহমান, এসআই মোখলেছ, এসআই জামাল ও এসআই মাজেদুল।
এর আগে, ১৬ জুন মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে প্রথম সাক্ষীর জবানবন্দীদ শুরু হয়। 
ওই দিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ভুক্তভোগী মো: ইসরাফিল হোসেন। গত ২০ এপ্রিল আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ৩ আগস্ট চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনকে একটি মিথ্যা মামলায় আটক করে পুলিশ। আদালতে হাজির না করে তাদের টানা দুই রাত নির্যাতন করা হয়। পরে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে অধীনস্থ পুলিশ সদস্যদের মাধ্যমে দুইজনের পায়ে গুলি করানো হয়।
অভিযোগে আরো বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার পর শিবিরের এ দুই নেতার ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে মিথ্যা মামলায় চালান দেয়া হয়। পরবর্তীতে অস্ত্র মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। এ ছাড়া ভুক্তভোগীদের পায়ে বালু ঢোকানোর কারণে পচন ধরে। শেষ পর্যন্ত তাদের পা কেটে ফেলতে হয়েছে।