চিকিৎসকদের দায়িত্বের পাশাপাশি পরিবারকে সময় দেয়াও জরুরি : ডা. শফিক
চিকিৎসকদের দায়িত্বের পাশাপাশি পরিবারকে সময় দেয়াও জরুরি : ডা. শফিক।

 নিজস্ব প্রতিবেদক 

Advertisement

চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পরিবার ও সন্তানদের সময় দেয়া জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল শনিবার পূর্বাচলের সি শেল রিসোর্টে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজিত ‘কিডস ফেস্টিভ্যাল ও ফ্যামিলি গেট টুগেদার সিজন-২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা  বলেন। এ সময় তিনি বলেন, এই ধরনের আয়োজন পারিবারিক বন্ধন ও সামাজিক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখে।
এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি ডা. নুর উদ্দীন তালুকদারের পরিচালনায় দিনব্যাপী অনুষ্ঠানে শিশুদের জন্য বিভিন্ন রাইড ও কিডস জোন, খেলাধুলা, পিঠা উৎসব, নাটিকা, সঙ্গীত এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মো: নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, চিকিৎসকদের পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান আলোচক মুফতি আলী হাসান উসামা বলেন, আদর্শ সমাজ গঠনে আদর্শ পরিবারের বিকল্প নেই। শিশুদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে। সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ার বলেন, চিকিৎসক ও তাদের পরিবারের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে আনন্দময় পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন। অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, কর্মব্যস্ত চিকিৎসকদের মানসিক প্রশান্তি ও পরিবারের সাথে সময় কাটানোর জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত ইতিবাচক।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি ও ডাকসু জিএস এসএম ফরহাদ।