জেলায় জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি : নয়া দিগন্ত।

 নয়া দিগন্ত ডেস্ক  
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র‌্যালি, শোভাযাত্রা, আলোচনা সভা, পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও পরিচ্ছন্নতা অভিযানসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার (৭ নভেম্বর) বিএনপি ও এর অঙ্গসংগঠন, জেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। 
কুমিল্লা প্রতিনিধি জানান, গতকাল দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।  র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা করে। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মো: আমিন উর রশিদ ইয়াছিন। উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ। 
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সকালে শহরের পুরনো বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, এম কয়ছর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মো: মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো: আব্দুল হকসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা জানান, শনিবার সকালে বগুড়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, সাংবাদিক নেতা রাহাত রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বগরা, মহসিন আলী রাজু, সবুর শাহ লোটাস, আমিনুর রহমান মোহন, আব্দুল ওয়াদুদসহ আরো অনেকে।
নীলফামারী প্রতিনিধি জানান, জেলা বিএনপির উদ্যোগে গতকাল সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে ‘সার্বভৌমত্ব’ শীর্ষক র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজ। 
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ঝন্টু, যুবদল নেতা রাজিব হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাজান খান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম প্রমুখ। 
নাটোর প্রতিনিধি জানান, জেলা প্রশাসন ও জেলা বিএনপির উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টায় জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা: সুমনী আক্তার। বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইফতে খায়ের আলম ও বীর মুক্তিযোদ্ধা শেখ ফরিদ। 
শরীয়তপুর প্রতিনিধি জানান, শনিবার দুপুরে নড়িয়া উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন। এতে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি সামচুল আলম দাদন, সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন পঞ্চায়েতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভা শেষে সংসদ সদস্য শফিকুর রহমান কিরনের নেতৃত্বে একটি র‌্যালি নড়িয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলা বিএনপির উদ্যোগে দুপুরে ‘সার্বভৌমত্ব’ শীর্ষক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে সমাবেশ করে। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিবসহ অঙ্গসংগঠনের নেতারা। 
মেহেরপুর প্রতিনিধি জানান, সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ। 
শাবিপ্রবি প্রতিনিধি জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল সকাল ১০টায় ভিসি অধ্যাপক ড. মো: খায়রুল ইসলামের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ ও র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে মিনি অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম।
গাজীপুর প্রতিনিধি জানান, জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: নুরুল করিম ভূঁইয়া। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সোহেল রানা। বক্তব্য দেন পুলিশ সুপার মো: জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা: মামুনুর রশিদ ও গাজীপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জবিউল্লাহসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা। 
কুষ্টিয়া প্রতিনিধি জানান, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফিক। 
বান্দরবান প্রতিনিধি জানান, জেলার চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে দিবসে কর্মসূচি শুরু হয়। সকালে চিম্বুক-থানচি সড়কের ১২ মাইল এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। এ সময় পার্বত্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। 
ফেনী অফিস জানায়, দিবসটি উপলক্ষে ফেনীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। স্বাগত বক্তব্য দেন জাসাসের জেলা সভাপতি কাজী ইকবাল আহমেদ পরান।

Advertisement